ভাঙা ঘরে পাঠদান

নড়বড়ে বেড়ার ঘর। তাও কিছু কিছু অংশে ভাঙা। চালে ফুটো। কক্ষের কোনোটিতে দরজা, কোনোটিতে জানালা নেই। সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রসুলাবাদ ইসলামিয়া মাদ্রাসার শ্রেণিকক্ষের এমন চিত্র।
সরেজমিনে দেখা গেছে, বেড়ার ঘরের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠাদান চলছে পাশের একটি আধা পাকা ভবনেও। এটিরও বেহাল অবস্থা। দেয়ালে ফাটল ধরেছে। খসে পড়ছে পলেস্তারা। শ্রেণিকক্ষের অভাবে পরিত্যক্ত বেড়ার ঘর ও আধা পাকা ভবনে ঝঁুকি নিয়ে পাঠদান চলছে শিক্ষাপ্রতিষ্ঠানটির। যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা করছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
সপ্তম শ্রেণির তসলিমা আকতার ও দশম শ্রেণির শিক্ষার্থী আমিনুল ইসলাম বলে, ‘মনের মধ্যে একটা ভয় নিয়ে আমরা প্রতিদিন ক্লাসে উপস্থিত হই। কখন চালা ভেঙে আমাদের গায়ের ওপর পড়ে।’
অভিভাবক মোহাম্মদ ইসমাইল বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের মাদ্রাসায় পাঠিয়ে চিন্তিত থাকি। কারণ, মাদ্রাসায় রুম না থাকায় তারা পরিত্যক্ত ঘরে ঝঁুকি নিয়ে ক্লাস করছে।’
মাদ্রাসা সূত্র জানায়, ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় প্রতি বছর শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। এখন ইবতেদায়ি থেকে স্নাতক পর্যন্ত রয়েছে প্রায় ৭০০ জন। প্রতিবছর শিক্ষার্থী বাড়লেও শ্রেণিকক্ষ ও বেঞ্চ বাড়েনি। বর্ষা মৌসুমে বেড়ার ঘর ও আধা পাকা ভবনের টিনের চালার ছিদ্র দিয়ে বৃষ্টির পানি পড়ে ভিজে যায় শিক্ষার্থীদের বই–খাতা ও জামা-কাপড়। দীর্ঘ দেড় যুগ ধরে এ অবস্থা চলে এলেও মাদ্রাসার ভবন মেরামত কিংবা পুনর্নির্মাণের কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাঝেমধ্যে মাদ্রাসা পরিচালনা কমিটি সংস্কার করেছে। তাও পর্যাপ্ত নয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো. ইদ্রিচ চৌধুরী বলেন, ভবনের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগে আবেদন করা হয়েছে। তা ছাড়া বিভিন্ন সংস্থা বা ধনাঢ্য ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে একটি ভবন নির্মাণের চেষ্টা চলছে।
উপাধ্যক্ষ আহমদ রেজা বলেন, শিক্ষার্থীর তুলনায় উপযুক্ত শ্রেণিকক্ষ ও বেঞ্চের অভাব রয়েছে। শ্রেণিকক্ষের অভাবে বাধ্য হয়ে পরিত্যক্ত বেড়ার ঘর ও আধা পাকা ভবনে ক্লাস নিতে হচ্ছে।
এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ বলেন, শ্রেণিকক্ষ সংকটে পরিত্যক্ত ঘরে ঝুঁকি নিয়ে পাঠদানের বিষয়টি জেনেছি। এ ব্যাপারে উপজেলার মাসিক সমন্বয় সভায় আলোচনাও হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, সম্প্রতি মাদ্রাসাটি পরিদর্শনে গিয়েছিলাম। মাদ্রাসা মেরামতের জন্য কিছু অর্থও বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী দিনে ভবন নির্মাণের ব্যাপারে চেষ্টা করা হবে।