ভাঙা ঘরে বিদ্যার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীঘিনালার দজরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে শিশুরা  প্রথম আলো
দীঘিনালার দজরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে শিশুরা প্রথম আলো

বেড়া আর টিনের চালার বিদ্যালয়ঘর। জোরে বাতাস হলে নড়েচড়ে ওঠে। ছোট্ট শিক্ষার্থীদের বাড়ে আতঙ্ক। বৃষ্টি হলেও রক্ষা নেই। ছাদ চুইয়ে পানি পড়ে ভিজে যায় বই-খাতা। তার পরও পড়ায় শিক্ষার্থীদের আগ্রহের কমতি নেই। শুধুই কী তাই, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকেরা। এত কষ্টে দুর্গম পাহাড়ে বিদ্যার আলো ছড়িয়ে যাচ্ছে খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী ইউনিয়নের দজরপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
সম্প্রতি দুপুরে দরজপাড়ায় গিয়ে দেখা যায়, তিন কক্ষের বিদ্যালয়ঘরে তখন তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস চলছে। এর মধ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বেঞ্চে বসে পাঠ নিলেও অন্য দুই শ্রেণিতে কোনো বেঞ্চ নেই। শিক্ষার্থীরা মাটিতে বসে পাঠ নিচ্ছে। তার পরও তাদের চোখে পড়ার স্বপ্ন। শিক্ষকের সঙ্গে পড়ছে সবাই।
স্থানীয় লোকজনের সঙ্গে আলাপে জানা যায়, দজরপাড়া, নালকাটা ও শিববাড়ী নামের তিনটি গ্রামে ১২০টি আদিবাসী পরিবারের বসবাস। গ্রামে যাতায়াতের কোনো রাস্তাই নেই। পাহাড়ি মেঠোপথ বেয়ে গ্রামবাসীর চলাচল করতে হয়। ২০০৯ সালের আগে তিন গ্রামের শিশুরা পাঁচ কিলোমিটার দূরের কৃপাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করত। গ্রামের শিশুদের শিক্ষার এই কষ্ট লাঘবে ২০০৯ সালে বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি একটি উপানুষ্ঠানিক বিদ্যালয় নির্মাণ করে দেয়। পরবর্তী সময়ে গ্রামবাসী শিশুদের পড়ালেখার সুবিধার্থে এটিকে প্রাথমিক বিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু করে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিংকু চাকমা, কল্পনা চাকমা, চতুর্থ শ্রেণির জুহেলিকা চাকমা, রিক্যান চাকমা এবং তৃতীয় শ্রেণির মিতায়ন চাকমা ও সুবিনা চাকমা জানায়, বৃষ্টি হলে বিদ্যালয়ঘরে পানি পড়ে। বাতাস হলে ঘরটি দোলে। তখন খুব ভয় হয়। ঠিকমতো বসতে পারি না।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি যুবনাশ্য চাকমা বলেন, ‘আগে আমাদের গ্রামের শিশুদের পাঁচ কিলোমিটার দূরে গিয়ে পড়ালেখা করতে হতো। অনেকেই এত দূরে শিশুদের বিদ্যালয়ে পাঠাত না। ফলে শিক্ষার দিক থেকে আমরা অনেক পিছিয়ে ছিলাম। ২০০৯ সালে সবাই মিলে বিদ্যালয়টি চালু করি। বিদ্যালয়ের চারজন শিক্ষকও আন্তরিক। তাঁরা বিনা বেতনে শিশুদের পাঠদান দিচ্ছেন।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কান্তি চাকমা বলেন, ‘আমরা চারজন শিক্ষক ৬০ জন শিক্ষার্থীকে পাঠদান দিয়ে যাচ্ছি। পূজা-পার্বণে গ্রামবাসী চাঁদা তুলে কিছু টাকা সম্মানী দেন। আশায় আছি বিদ্যালয় কখন জাতীয়করণ হবে। বিদ্যালয়ের সব কাগজপত্র শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছি। শুনেছি আমাদের বিদ্যালয়টি জাতীয়করণে তৃতীয় পর্যায়ের তালিকায় রয়েছে। জানি না এ দুঃখ কবে লাঘব হবে।’
জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝরনা চাকমা বলেন, ‘বিদ্যালয়টি পরিদর্শন করে আমারও খারাপ লেগেছে। গ্রামের শিশুরা কষ্ট করে পড়ালেখা করছে। বিদ্যালয়টি জাতীয়করণের তৃতীয় পর্যায়ের তালিকায় রয়েছে। সরকারি অনুমোদন না পাওয়ায় বিদ্যালয় ভবন নির্মাণের জন্য আমরাও কিছু করতে পারছি না।’