ভাঙা বেড়িবাঁধের কষ্টে পাঁচ লাখ জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিলীন হওয়ার পথে পেকুয়ার উজানটিলার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র l প্রথম আলো
বিলীন হওয়ার পথে পেকুয়ার উজানটিলার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র l প্রথম আলো

বঙ্গোপসাগর আর মাতামুহুরি নদীর তীরবর্তী ১৩৯ দশমিক ৬৮ বর্গকিলোমিটার আয়তনের পেকুয়া উপজেলার লোকসংখ্যা প্রায় তিন লাখ। এর মধ্যে দেড় লাখ মানুষই এখন পানিবন্দী। ৯০ শতাংশ ভূমি পানিতে তলিয়ে গেছে। তবে সাম্প্রতিক ভারী বর্ষণ আর ঘূর্ণিঝড় কোমেন নয়, এমন পরিস্থিতির জন্য এখানকার মানুষজন দুষছেন ভাঙা বেড়িবাঁধকে।
কক্সবাজার জেলার পেকুয়ার মতো একই রকম দুর্ভোগের শিকার চকরিয়ার, কুতুবদিয়া, মহেশখালী আর টেকনাফের আরও সাড়ে তিন লাখ বাসিন্দা। ভাঙা বেড়িবাঁধ দিয়ে ঢুকে পড়া জোয়ারের পানি বিস্তীর্ণ এলাকা প্লাবিত করায় এখন পানিবন্দী জীবন কাটাচ্ছে এসব মানুষ।
কক্সবাজারের বেশির ভাগ উপজেলার উপকূলবর্তী এলাকাগুলো সারা বছরই জোয়ারের সময় প্লাবিত হয়। ভাঙা বেড়িবাঁধের কারণে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। এর সঙ্গে টানা বৃষ্টি আর ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেক এলাকার বেড়িবাঁধ ধসে গেছে।
১ আগস্ট পেকুয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়ন ঘুরে বেড়িবাঁধে ভাঙন চোখে পড়েছে। এই দুই ইউনিয়নের পাশাপাশি শিলখালী ইউনিয়নের কয়েক কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়েছে। ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে শত শত ঘরবাড়ি প্লাবিত করেছে। উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া, মৌলভিপাড়া, মালেকপাড়ার ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করে বলাও সম্ভব নয়। এখানকার শতাধিক ঘর রাতারাতি বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

ক্ষতবিক্ষত মগনামা এলাকার বেড়িবাঁধ
ক্ষতবিক্ষত মগনামা এলাকার বেড়িবাঁধ

বন্যাকবলিত মালেকপাড়া এলাকায় ঘুরতে ঘুরতে দেখা হয় লবণচাষি কেফায়ত উল্লাহর (৫৫) সঙ্গে। তিনি আক্ষেপ করে বলেন, বেড়িবাঁধ না থাকায় ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে এই গ্রামের দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এখন ঘূর্ণিঝড় আঘাত হানলে মগনামা ও উজানটিয়া ইউনিয়নের প্রায় ৮০ হাজার মানুষকে খুঁজেও পাওয়া যাবে না।
বেড়িবাঁধের ভেতরে অবস্থিত চিংড়িঘের, লবণের মাঠ ও ফসলের খেত এখন পানির নিচে। এসব খেতখামারের মালিকদের অনেকেই নিঃস্ব হয়েছেন। পাশাপাশি এখানে কর্মরত কৃষিশ্রমিকেরাও হারিয়েছেন জীবিকার সংস্থান। সব মিলিয়ে এলাকার ৯০ ভাগ মানুষের রুটি-রুজিতে টান পড়েছে বলে জানায় দুর্গত লোকজন।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান জানান, জরুরি ভিত্তিতে ভাঙা বেড়িবাঁধ সংস্কার করে দিতে বলা হয়েছে পাউবো কর্মকর্তাদের। না–হয় এলাকার লোকজনকে নিয়ে বাঁধ সংস্কারে তিনি মাঠে নামবেন বলে জানান।
এদিকে পূর্ণিমার জোয়ারে কুতুবদিয়া উপজেলার কয়েক কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে ৪৫টি গ্রাম প্লাবিত হয়েছে। কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মমিনুর রশীদ জানান, ভাঙা বেড়িবাঁধ দ্রুত সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের বলা হয়েছে।
কক্সবাজার সদর উপজেলার কিছু এলাকায়ও বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে খুরুশকুল, চৌফলদন্ডি ও পিএমখালী।
টেকনাফের শাহপরীর দ্বীপের মানুষ এক যুগ ধরে বেড়িবাঁধ সমস্যায় রয়েছে। এলাকার পশ্চিম পাশে দুই কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ সংস্কারের জন্য এ পর্যন্ত শত কোটি টাকা খরচ করা হয়েছে। কিন্তু ভাঙা বাঁধ জোড়া লাগেনি। এর মধ্যে জোয়ারের পানিতে পাঁচ হাজার একরের বেশি ফসলি জমি, সাত শতাধিক ঘরবাড়ি সমুদ্রে তলিয়ে গেছে। দ্বীপের মানুষকে নৌকা নিয়ে টেকনাফ সদরে আসা–যাওয়া করতে হচ্ছে।
মহেশখালীর মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। ধলঘাটা ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ জানান, এই ইউনিয়নের তিন দিকের ১৫ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙা। জোয়ারের পানি ঢুকে শতাধিক ঘরবাড়ি বিলীন হচ্ছে।
পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান জানান, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে জেলার ৫৯৫ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় ২৭ কিলোমিটার সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে। সবচেয়ে বেশি ভেঙেছে পেকুয়া, কুতুবদিয়া, চকরিয়া উপজেলায়। ভাঙা বেড়িবাঁধ সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে।