ভাঙা বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে ফুলগাজীর কৃষকেরা
বারবারই বন্য হানা দিচ্ছে, তলিয়ে যাচ্ছে ফসলের মাঠ। তবু ত্রাণ চান না ফুলগাজীর কৃষকেরা। তাঁদের দাবি বেড়িবাঁধ মেরামত করে দেওয়া হোক। ফেনীর ফুলগাজীর উপজেলার দুটি ইউনিয়নের আট গ্রামের বাসিন্দারা মুহুরি ও কহুয়া নদীর পানির সঙ্গে লড়ছেন। ভাঙা বেড়িবাঁধ দিয়ে কখন ঢুকবে ঢলের পানি সে আতঙ্কে থাকতে হয় তাঁদের।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহিদুর রহমান জানান, অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে গত ২৫ ও ২৬ জুলাই ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন ও দরবারপুর ইউনিয়নের মুহুরি নদী ও কহুয়া নদীর বেড়িবাঁধের পাঁচটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়। এতে ওই দুই ইউনিয়নের আটটি গ্রামে আমনের বীজতলা পানিতে তলিয়ে যায়। ভেসে যায় পুকুর ও খামারের মাছ, কাঁচা-পাকা সড়ক। এ ছাড়া ফুলগাজী বাজারের কয়েক শ দোকানে বন্যার পানি ঢুকেছে।
ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কৃষক মো. ছাদেক মিয়া জানান, তিনি রোপা আমনের জন্য ৬০ শতক জমিতে বীজতলা তৈরি করেছিলেন। বীজতলায় চারাও গজিয়েছিল। কিন্তু বেড়িবাঁধ ভেঙে বন্যর পানি ঢুকে বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আশপাশের সব কৃষকেরই তাঁর মতো মাথায় হাত পড়েছে। তিনি নতুন করে অন্য কোথাও রোপা আমন লাগানোর সাহস করছেন না। কারণ, ভাঙা বেড়িবাঁধ মেরামত না হলে যেকোনো সময় আবারও পানি ঢুকে ফসল নষ্ট হয়ে যেতে পারে।
জেলা কৃষি সম্প্রসারণ ফেনীর উপপরিচালক মো. জহিরুল ইসলাম জানান, সাম্প্রতিক সময় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানির চাপে মুহুরি নদী ও কহুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে উপজেলার আট গ্রামের ৯০ হেক্টর জমির রোপা আমনের চারা তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রমজান আলী প্রামাণিক জানান, মুহুরি নদী ও কহুয়া নদীর পাঁচটি স্থানে অন্তত ২৫০ মিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এসব স্থান দিয়ে এখনো পানি ঢুকছে। বাঁধ মেরামতের জন্য কম করে হলেও এক কোটি টাকা প্রয়োজন। ক্ষয়ক্ষতির বিষয়টি জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই বাঁধ মেরামত করা হবে।