রাঙ্গুনিয়া উপজেলা সদর ডাকঘরের পুরোনো ভবন ভাঙার চার মাস পরও নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়নি। এখন প্রতিদিনের কাজকর্ম চলছে ভাঙা ভবনের একটি কক্ষে। ফলে ডাকঘরে নানা কাজে আসা লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন।ডাকঘরের পিয়ন জাকির হোসেন জানান, ১৯৬০ সালে নির্মিত ডাকঘর ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে আরও প্রায় ২০ বছর আগে। ফলে ডাকবিভাগ নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়। ডাকবিভাগের নিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠান গত মার্চ মাসের শুরুর দিকে পুরোনো ভবনটির বেশির ভাগ অংশ ভেঙে ফেলে। কিন্তু পুরোনো ভবনটি ভাঙার চার মাস পার হলেও ঠিকাদার নতুন ভবন নির্মাণের কাজ শুরু করেননি। ফলে ভোগান্তি পোহাচ্ছেন সেবা নিতে আসা গ্রাহকেরা।ডাকঘরে ব্যক্তিগত সঞ্চয়ের টাকা জমা দিতে আসা শিক্ষিকা মাধবী রানী (৩৪) বলেন, ‘ভবন ভেঙে ফেলার কারণে এখন পাঁচ মিনিটের কাজ আধা ঘণ্টায়ও সারতে পারি না। অন্য গ্রাহকদের সঙ্গে ধাক্কাধাক্কি করে কাজ শেষ করতে হয়। ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীরা যে কক্ষে কাজ করেন সেখানেও খারাপ অবস্থা। তাঁদের বসতে হয় ঠাসাঠাসি করে।’ডাকঘরের জ্যেষ্ঠ পোস্টাল অপারেটর রত্না বড়ুয়া জানান, বৃষ্টি শুরু হলেই পানি কক্ষের মধ্যে গড়িয়ে পড়ে। ফলে বৃষ্টির পানিতে ভিজে গুরুত্বপূর্ণ বহু কাগজপত্র ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। লেনদেন করতে এসে কষ্ট পেয়ে অনেক গ্রাহক কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। এ ব্যাপারে ডাকবিভাগ রাঙামাটি জেলা সুপারের বরাবরে চিঠি পাঠানো হয়েছে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডাকবিভাগ রাঙামাটি জেলা সুপারের সহকারী (অপারেটর) বিজয় চৌধুরী বলেন, ‘রাঙ্গুনিয়া উপজেলা ডাকঘর ভবনটির নির্মাণকাজ ও কাজের ঠিকাদার সম্পর্কে আমাদের কিছুই জানা নেই। দরপত্র আহ্বান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে ঢাকার ডাকভািগের প্রধান কার্যালয় থেকে। ভবন ভাঙার চার মাস পার হলেও নতুন ভবন নির্মাণকাজ শুরু না হওয়ার ব্যাপারে ডাকবিভাগের প্রধান কার্যালয়ে আমরাও চিঠি পাঠিয়েছি।’ এ প্রসঙ্গে ডাকবিভাগের প্রধান কার্যালয়ের ঢাকা অঞ্চলের সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন মুঠোফোনে বলেন, তাজ কনস্ট্রাকশন নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রাঙ্গুনিয়া উপজেলা ডাকঘরের নতুন ভবন নির্মাণের কাজ করছেন। তবে ঠিকাদারের নাম ও ফোন নম্বর চাইলে তিনি তা এড়িয়ে যান। এমনকি ভবন নির্মাণের ব্যয় সম্পর্কে জানতে চাইলেও তিনি কিছুই জানেন না বলে জানান। এক পর্যায়ে এক সপ্তাহের মধ্যে ভবনটির নির্মাণকাজ শুরু করা হবে বলে জানান তিনি।