ভাঙা রাস্তায় কষ্টে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বহদ্দারহাটের খাজা সড়কের বেহাল দশার কারণে ওই এলাকার ১০ হাজার বাসিন্দা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সরু এই সড়কের পিচঢালাই উঠে যাওয়ায় স্থানে স্থানে তৈরি হয়েছে ছোটবড় অসংখ্য খানা-খন্দ। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে রিকশা ও অটোরিকশার যাত্রীরা যেমন নাকাল হচ্ছেন, তেমনি বাড়ছে যানজট। পাশাপাশি সামান্য বৃষ্টিতে পানি জমে সড়কে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডে অবস্থিত এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত অটোরিকশা ও রিকশা চলাচল করে। নগরের সবচেয়ে বড় আসবাবপত্রের মার্কেট বলিরহাটে যাতায়াতের জন্যও ব্যবসায়ী ও ক্রেতারা এই রাস্তা ব্যবহার করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির কোথাও পিচঢালাই উঠে ইট ও ইটের খোয়া বেরিয়ে এসেছে। সেই সঙ্গে পানি জমে আছে খানা-খন্দে। রাস্তার পানি নিষ্কাশনের সুবিধা না থাকায় সকাল থেকেই নালার পানি জমে থাকে এখানে। বৃষ্টির সময় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করে। এ নিয়ে ভোগান্তি পোহাতে হয় এ রাস্তা দিয়ে যাতায়াতকারী ব্যক্তিদের।
রাতে এ সড়ক দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বলে জানালেন স্থানীয় একাধিক বাসিন্দা। এঁদের একজন মোহাম্মদ সাঈদ বলেন, আজ প্রায় দু-তিন বছর ধরে এই সড়কে কোনো সংস্কারকাজ করা হয়নি। রাতে চলাচল করতে খুব কষ্ট হয়। হাঁটতে গেলেই হোঁচট খেতে হয়। অটোরিকশার চালক মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘আমরা এ রাস্তা দিয়ে প্রতিদিন বলিরহাটে যাতায়াত করি। ভাঙা রাস্তার কারণে গাড়ি প্রায়ই বিকল হয়ে যায়।’ প্রশাসনের সহায়তা না পেয়ে এ রাস্তায় চলাচলকারী অটোরিকশা চালকেরা বর্ষার সময় সড়কের খানা-খন্দে ইটের খোয়া ফেলে কোনোমতে সড়ক চলাচল উপযোগী রাখেন। তবে স্থায়ী সংস্কার না হওয়ায় তিন বছর ধরে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে খাজা সড়ক এলাকার বাসিন্দাদের।
দোকানদার সাইফুল আলম ক্ষোভের সঙ্গে বলেন, ‘এলাকায় কোনো রিকশা ঢুকতে চায় না। রিকশা-অটোরিকশা এলেও দ্বিগুণ ভাড়া দাবি করে। কাউন্সিলরকে বারবার জানিয়েও কাজের কাজ কিছু হয়নি।’
তবে ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হাসান এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বলেন, ‘রাস্তাটির অবস্থা ছয়-সাত মাস ধরে খারাপ। আমি নিজে গত কোরবানির ঈদের সময় এ রাস্তায় ইটের খোয়া ফেলেছি। সড়কটি আবারও মেরামতের বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কারকাজ শুরু হবে।’