ভাঙা রাস্তায় ধুলাবালুর অত্যাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে উড়ছে ধুলাবালু। সড়কের আশপাশের গাছপালা বিবর্ণ। একেকটা গাড়ি গেলে অন্য গাড়ির যাত্রীদের গায়ে বসে যাচ্ছে ধুলার আস্তরণ। চলাফেরা করতে হচ্ছে মুখে কাপড় গুঁজে। তার ওপর ভাঙা রাস্তার কষ্ট। এ অবস্থায় আরাকান সড়কে প্রতিদিন চলাচল করছে হাজার হাজার মানুষ। আরাকান সড়কের বহদ্দারহাট মোড় থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত গত দুই বছর ধরে বেহাল। কিছুদিন আগেও পানি আর কাদায় গাড়ি আটকে যেত। এখন নতুন যন্ত্রণা ধুলাবালু। শুধু আরকান সড়ক নয়, অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কেও একই অবস্থা। জানা যায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) সড়ক দুটির সংস্কার ও উন্নয়নকাজ পরিচালনা করছে। এ কারণে দুটি সড়কের বেশির ভাগ অংশ জুড়েই চলছে খোঁড়াখুঁড়ি। যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছে। আর ধুলার কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। চউক সূত্র জানায়, আরাকান সড়কের বহদ্দারহাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত সড়কের দৈর্ঘ্য ৬ দশমিক ৩ কিলোমিটার। প্রায় দেড় বছর কোনো ধরনের সংস্কার না হওয়ায় সড়কটি বেহাল হয়ে পড়ে। চট্টগ্রাম সিটি করপোরেশন ও চউকের মধ্যে রশি টানাটানির পর ছয় মাস আগে শুরু হয় সংস্কারকাজ। ২৬ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে। নগর থেকে বোয়ালখালী, কক্সবাজার, রাউজান, রাঙ্গুনিয়া ও কাপ্তাই যাওয়ার অন্যতম প্রধান সড়ক এটি। সংস্কারকাজ শুরুর পর বৃষ্টির কারণে কাজ প্রায় বন্ধই ছিল। বর্ষা মৌসুম শেষ হওয়ার পর আবার কাজ শুরু হয়েছে। দ্রুত সংস্কারের দাবিতে গত আগস্ট ও অক্টোবরে সড়কের গর্তে ধানের চারা রোপণ করে ও কৈ মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ জানায় যাত্রী কল্যাণ সমিতি। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত। সব ধরনের যানবাহন চলাচল করছে হেলেদুলে। ধুলাবালুর চাদরে চারপাশ ঢেকে গেছে। চলাচলে বেশি অসুবিধা হচ্ছে শিশুদের। রাঙ্গুনিয়ার বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ‘আরাকান সড়কের অবস্থা খারাপ হওয়ায় কুয়াইশ সড়ক দিয়ে চলাচল করতাম। এখন এই সড়কের অবস্থাও খারাপ। পরিবারের শিশু ও নারীদের নিয়ে তাই এখন শহরে যাওয়া আসা কমিয়ে দিয়েছি।’ নগরের সেন্টার পয়েন্ট হাসপাতালের চিকিৎসক পুষ্পল দত্ত বলেন, ‘ধুলার কারণে শিশুদের শ্বাসকষ্ট, হাপানি, ডায়রিয়া ও চোখে প্রদাহ হতে পারে। দীর্ঘদিন ধুলাবালুর মধ্য দিয়ে চলাচল করলে চর্ম রোগও হতে পারে।’চউকের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ধুলার প্রভাব কমাতে আমরা সকাল-বিকাল রাস্তায় পানি ছিটাচ্ছি। আগামী জানুয়ারির মধ্যে কার্পেটিং এর কাজ শুরু হবে। আশাকরি তখন এই সমস্যা থাকবে না। ইতিমধ্যে মৌলভী পুকুরপাড় এলাকায় সড়কের কার্পেটিং শুরু হয়েছে।’এদিকে অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কটিরও সমপ্রসারণের কাজ চলছে। সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ ও ৩৮ ফুট প্রস্থের সড়কটি সমপ্রসারণে ব্যয় হবে ৪০ কোটি টাকা। ওয়াসার পাইপ লাইন স্থাপনের কারণে সড়কটির এক লেনের কাজ বন্ধ আছে। ফলে সড়কের পুরো অংশ জুড়েই দিনভর ধুলাবালু ওড়ে। এ প্রসঙ্গে অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কের প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন খালেদ বলেন, ‘পুরোদমে কাজ চলছে। দুই লেনের মধ্যে আগামী জানুয়ারির মধ্যে এক লেনের কার্পেটিং শেষ হবে। রাস্তায় নিয়মিত পানি ছিটানো হচ্ছে। জানুয়ারির পর আর যাত্রীদের ভোগান্তি থাকবে না।’