ভাঙা রাস্তায় হাঁটাও দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গর্ত ও খানাখন্দের কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে আনোয়ারা-রুস্তমহাট সড়ক
গর্ত ও খানাখন্দের কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে আনোয়ারা-রুস্তমহাট সড়ক

গর্ত তো নয়, যেন ডোবা। তার ওপর জমে আছে পানি। গর্তে পড়ে প্রায় সময় বিকল হচ্ছে গাড়ি। অবস্থা এমন যে হেঁটে চলাও দায়। আনোয়ারা-রুস্তমহাট সড়কটিতে এমনই কষ্ট সয়ে চলাচল করছেন প্রতিদিন চার ইউনিয়নের হাজারো মানুষ।
স্থানীয় লোকজন জানান, আনোয়ারা সদর ও চট্টগ্রাম শহরের সঙ্গে বটতলী, রায়পুর, জুঁইদণ্ডী এবং বারশত ইউনিয়নে বেশির ভাগ মানুষের যাতায়াতের একমাত্র পথ আনোয়ারা-রুস্তমহাট সড়ক। কিন্তু গত এক বছর ধরে এ পাঁচ কিলোমিটার সড়কটির বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে খানাখন্দ।
সরেজমিনে দেখা গেছে, সড়কের পাইরগা পুকুরের পাড় থেকে মনু মিয়ার দীঘির পাড় পর্যন্ত দুই কিলোমিটার অংশ একেবারেই নাজুক হয়ে পড়ায় গাড়ি চলাচল করছে পাশের ঝিওরি-বারখাইন সড়কের মাজার গেট হয়ে। ওই অংশেও সৃষ্টি হওয়া গর্তে পানি জমে থাকে।
এদিকে সড়কের নরক যন্ত্রণার কারণে ওই চার ইউনিয়নের অনেক মানুষ আট কিলোমিটার দূরের পথ ঘুরে সিইউএফএল সড়ক দিয়ে চাতরী চৌমুহনী হয়ে আনোয়ারা সদরে যাচ্ছেন। বিশেষ করে আনোয়ারা কলেজগামী শিক্ষার্থীদের বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে। এতে করে একদিকে অর্থ অন্যদিকে সময়ের অপচয় ঘটছে যাত্রীদের। এ নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয় লোকজনের মধ্যে।
পূর্ব বটতলী গ্রামের বাসিন্দা আবদুল জব্বার (৪৩) বলেন, ‘এক সময় বাস-ট্রাক চলতো এই সড়ক দিয়ে। কিন্তু বর্তমানে ট্যাক্সি পাওয়াও কষ্টসাধ্য হয়ে পড়েছে। আর এসব দেখার যেন কেউ নেই।’
বটতলীর সিএনজিচালিত অটোরিকশা চালক জমির উদ্দিন (২৮) বলেন, সড়কজুড়ে গর্ত। এসব গর্তে পড়ে প্রায় নষ্ট হচ্ছে গাড়ি। ফলে মেরামত ব্যয় বেড়ে গেছে।
আনোয়ারা উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগ একটি সড়ক সংস্কারের চার বছরের মধ্যে পুনরায় সংস্কার করা হয় না। আনোয়ারা-রুস্তমহাট সড়কটি দুই বছর আগে সংস্কার হওয়ায় এটি আপাতত সংস্কার করা হবে না।
উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী তাসলিমা জাহান সড়কটির জীর্ণদশার কথা স্বীকার করে বলেন, ‘সড়কটি বছর খানেক আগে সংস্কার করা হয়েছে। তাই এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে না।