ভাঙা রাস্তায় হেঁটে চলাও দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ভেঙে যাওয়া মহেশখালীর ধলঘাটা মাতারবাড়ি সড়ক এখনো সংস্কার হয়নি  প্রথম আলো
প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ভেঙে যাওয়া মহেশখালীর ধলঘাটা মাতারবাড়ি সড়ক এখনো সংস্কার হয়নি প্রথম আলো

প্রাকৃতিক দুর্যোগ ও জোয়ার-ভাটার কবলে পড়ে কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা-মাতারবাড়ি সড়কের ১৩ কিলোমিটারের মধ্যে প্রায় ১০ কিলোমিটার ভেঙে গেছে। বর্তমানে ওই সড়ক দিয়ে যান চলাচল তো দূরের কথা, হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে পড়েছে।
এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা জানান, বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ধলঘাটা-মাতারবাড়ি সড়কটি ক্রমান্বয়ে ভেঙে পড়ছে। ১৩ কিলোমিটার দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের সড়কটির প্রায় ১০ কিলোমিটার অংশের প্রস্থ এখন এক-দেড় ফুটে দাঁড়িয়েছে। সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ প্রায় দেড় বছর ধরে। এ অবস্থায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে উঠলেও এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই।
সাপমারার ডেইল এলাকার বাসিন্দা আমির হোসেন ও নাসির উদ্দিন বলেন, প্রতিবার অতিবৃষ্টি, বন্যা কিংবা জলোচ্ছ্বাসের সময় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তিন বছর আগে সংস্কারের পর এ সড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো সার্ভিস শুরু হলে এলাকাবাসী কিছুটা স্বস্তিবোধ করেন। কিন্তু গত বছর বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে ঢোকা জোয়ারের পানির আঘাতে সড়কটি প্রায় বিলীন হয়ে যায়।
মুহুরীঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন জানান, আগে এ সড়ক দিয়ে গাড়ি নিয়ে ধলঘাটায় আসা যেত। এখন হেঁটে যাতায়াতও কষ্টকর হয়ে পড়েছে। এলাকার ভাঙা বেড়িবাঁধ সংস্কার না হওয়া পর্যন্ত টেকসই সড়ক যোগাযোগ গড়ে তোলা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
ধলঘাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের অতিরিক্ত উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ইয়াকুব আলী প্রথম আলোকে বলেন, আগে মোটরসাইকেল নিয়ে ধলঘাটায় যাওয়া যেত। এখন নৌকাযোগে ধলঘাটায় আসা-যাওয়া করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ধলঘাটা-মাতারবাড়ি সড়কটি এলাকার মানুষের প্রধান যোগাযোগমাধ্যম। প্রাকৃতিক দুর্যোগ ও অমাবস্যার জোয়ারের আঘাতে সড়কটি ভেঙে গিয়ে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এটি সংস্কারের জন্য ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধায়ক মফিজুল ইসলাম বলেন, আগে মোটরসাইকেল করে ধলঘাটায় গিয়ে সহজেই উন্নয়নকাজ তদারক করা সম্ভব হতো। সড়ক ভেঙে যাওয়ায় তা সম্ভব হচ্ছে না। বর্তমানে নৌকাযোগে ধলঘাটায় গিয়ে বিভিন্ন উন্নয়নপ্রকল্প তদারক করতে হচ্ছে। এতে সময়ের অপচয় হচ্ছে।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ওই এলাকার চারপাশে বেড়িবাঁধ অরক্ষিত থাকায় সড়কটি সংস্কার করেও সুফল মিলছে না। তাই সড়কটি সংস্কারের আগে বেড়িবাঁধ সংস্কার করা প্রয়োজন।