ভাঙা সড়ক, চলাচলে ভোগান্তি

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় লোহাগাড়া উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়ক সাত-আট বছরেও সংস্কার হয়নি। বেশির ভাগ সড়কের কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার বাসিন্দারা।
ভুক্তভোগী লোকজন এবং জনপ্রতিনিদের অভিযোগ, অতিরিক্ত ইট, বালু ও কাঠবোঝাই বিভিন্ন ধরনের গাড়ি চলাচলের কারণে সড়কগুলো তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া প্রতিরোধকব্যবস্থা না থাকায় খালের পাড়সংলগ্ন সড়কগুলোর মাটি ধসে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, উপজেলা সদরের ছয় কিলোমিটার দীর্ঘ দরবেশহাট-উজিরভিটা সড়কের বেশির ভাগ অংশের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দরবেশহাট ডিসি সড়ক, শাহপীর সড়ক, রামপুর ডিসি সড়ক, আলুরঘাট সড়ক, জঙ্গলপদুয়া সড়ক, আধুনগর হরিণা সড়ক ও চুনতি ফারাঙ্গা সড়কের অবস্থাও বেহাল।
দরবেশহাট এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর অভিযোগ করেন, অতিরিক্ত বালু ও ইটবোঝাই ট্রাক চলাচলের কারণে সড়কটিতে এসব খানাখন্দের সৃষ্টি হয়েছে। চুনতির বাসিন্দা শিক্ষক মাহবুবুর রহমান জানান, চুনতি-ফারাঙ্গা সড়কটি উপজেলা সদরে যাতায়াতের প্রধান অবলম্বন। দীর্ঘদিন ধরে এটি সংস্কার না হওয়ায় এই সড়ক দিয়ে যাতায়াতে এলাকার মানুষ বিশেষ করে রোগীদের সীমাহীন কষ্ট হয়।
উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বলেন, ‘উপজেলা সদর ও ইউনিয়ন পর্যায়ের অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক সড়ক সাত-আট বছরেও সংস্কার হয়নি। সড়কগুলোতে ভারী যান চলাচল নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন।’
উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, লোহাগাড়ায় মোট ২১৬ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এর মধ্যে প্রায় ১০০ কিলোমিটার
সড়ক চলাচলের অনুপযোগী। গত বছর ৭৫ লাখ টাকা ব্যয়ে তিন কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে। বাকি সড়কের তালিকা এ বছর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।