ভাঙা সড়কে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেহাল নানুপুর–নাজিরহাট সড়কে ঝুঁকি নিয়ে চলে যানবাহন l প্রথম আলো
বেহাল নানুপুর–নাজিরহাট সড়কে ঝুঁকি নিয়ে চলে যানবাহন l প্রথম আলো

সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত। গাড়ি চলে হেলেদুলে। কিছু স্থানে গাড়ি থেকে নেমে ওই অংশ পার হতে হয় যাত্রীদের। ফটিকছড়ির নানুপুর-নাজিরহাট সড়কের দরবার শরিফ থেকে বিনাজুরী পর্যন্ত এক কিলোমিটার অংশে এমনই বেহাল অবস্থা। এ নিয়ে চলাচলকারীদের আর অভিযোগ নয়, দানা বাঁধছে ক্ষোভের।
সরেজমিনে দেখা যায়, দরবার শরিফ এলাকা থেকে বিনাজুরী পর্যন্ত এখন সড়কের চিহ্ন নেই। পিচ উঠে গিয়ে ইট-সুরকি পর্যন্ত নেই। সমানে উড়ছে ধুলা–বালু। পথচারীরা চলাচল করছে নাকে কাপড় গুঁজে।
দরবার শরিফ এলাকার বাসিন্দা মো. আবু ইউসুফ বলেন, সড়কটি নিয়ে কারও মাথাব্যথা নেই। যত ভোগান্তি চলাচলকারীদের। সড়ক সংস্কারে এখন আন্দোলনে নামতে হবে। এ ছাড়া আর কোনো উপায় নেই।
জনপ্রিতনিধিদের সঙ্গে আলাপে জানা যায়, নানুপুর থেকে নাজিরহাট পর্যন্ত সাত কিলোমিটারের এই সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার নানুপুর, বক্তপুর, ধর্মপুর, আবদুল্লাহপুর, জাফতনগর, রোসাংগিরী, দৌলতপুর, সমিতিরহাট, লেলাং ইউনিয়নসহ বিভিন্ন এলাকার দুই লাখ মানুষ যাতায়াত করেন। ভাঙা সড়কের কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় তাদের। বিশেষ করে বিভিন্ন অফিসগামী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াতে ভোগান্তি বেশি। কারণ, পাঁচ মিনিটের পথ যেতে সময় লাগে আধা ঘণ্টা।
নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মুহাম্মদ মারুফ বলেন, দরবার এলাকায় বাড়ি থেকে কলেজে আসার জন্য এ সড়কই একমাত্র মাধ্যম। ভাঙাচোরা সড়কের কারণে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় ৫ থেকে ১০ টাকা বাড়তি ভাড়া দিতে হয়।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, নানুপুর-নাজিরহাট সড়কটির চার বছর ধরে সংস্কার হয়নি। সর্বশেষ সংস্কার করা হয় ২০১০ সালে। ফলে সড়ক খানাখন্দে ভরে গেছে।
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী শচী দুলাল বিশ্বাস বলেন, ‘সড়কটি উন্নয়নে চলতি বছর ২৮ লাখ টাকা বরাদ্দ চেয়ে প্রতিবেদন দিয়েছি। বরাদ্দ পেলে সংস্কারকাজ শুরু হবে।’