ভাঙা সড়কে প্রাণ যায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত।্রগাড়ি চলে হেলেদুলে। কোথাও গর্ত এমন যে বৃষ্টি হলে ছোটখাটো পুকুরের মতো দেখায়। যানবাহন চলার সময় কষ্টে প্রাণ যায় অবস্থা। ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার-বিনাজুরী সড়কটির এমনই হাল দীর্ঘদিন ধরে। ফলে এ সড়কে চলাচলকারীদের কষ্টের শেষ নেই।

মাইজভান্ডার গ্রামের বাসিন্দা মো. আলী আকবর বলেন, সড়কটি নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। যত ভোগান্তি চলাচলকারীদের।

জানা যায়, এ সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার লেলাং, নানুপুর, বক্তপুর, ধর্মপুর, আবদুল্লাহপুর, জাফতনগর, রোসাংগিরী, দৌলতপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। ভাঙা সড়কের কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় তাদের। বিশেষ করে বিভিন্ন অফিসগামী ও বিদ্যালয়-কলেজের শিক্ষার্থীরা যাতায়াতে ভোগান্তি বেশি। কারণ পাঁচ মিনিটের পথ যেতে সময় লাগে আধা ঘণ্টার বেশি। আর এ সুযোগে দ্বিগুণ ভাড়া আদায় করেন সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকেরা।্রসরেজমিনে গিয়ে দেখা যায়, মাইজভান্ডার থেকে বিনাজুরী পর্যন্ত এখন সড়কের চিহ্ন নেই। পিচ উঠে গিয়ে ইট-সুরকি পর্যন্ত দেখা যাচ্ছে। যানবাহন চলাচলের সময় সড়কের গর্তে জমা কাদাপানি ছিটকে পড়ে যাতায়াতকারীদের জামাকাপড় নষ্ট হচ্ছে।

নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ফাতেমাতুজ্ জোহরা বলেন, ‘মাইজভান্ডার এলাকায় বাড়ি থেকে কলেজে আসার একমাত্র মাধ্যম সড়কটি। একাবার আসা যাওয়া করলে অসুস্থ হয়ে যাই। তাই কলেজে যাওয়া সপ্তাহে দুই দিন কমিয়ে দিয়েছি।’

বিনাজুরী গ্রামের ব্যবসায়ী মো. আলতাফ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘লিখে লাভ নেই। কোনো কাজ হবে না। আমাদের কপালটাই খারাপ। এমনিতে সড়কে খানাখন্দ তার ওপর এখন যোগ হয়েছে অতিরিক্ত ভাড়ার চাপ।’ সিএনজিচালিত অটোরিকশার চালক মো. আজম বলেন, রাস্তা যেভাবে ভেঙেছে তাতে দিনে দুই থেকে তিন বার আসা-যাওয়া করলে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়। অনেকেই এখন এ সড়কে গাড়ি চালায় না। তারা ভিন্ন সড়ক দিয়ে যাতায়াত করেন।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, মাইজভান্ডার থেকে বিনাজুরী পর্যন্ত ১ দশমিক ১ কিলোমিটার সড়কটির সংস্কার হচ্ছে না গত তিন বছর। ফলে দিনে দিনে সড়কের অবস্থা বেহাল হয়েছে। উপজেলা প্রকৌশলী শচী দুলাল বিশ্বাস বলেন, সড়কটি মেরামতের জন্য ২৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শিগগির দরপত্র আহ্বান করে মেরামতের কাজ শুরু হবে।