ভাঙা সড়কে ভাঙছে গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের বিভিন্ন অংশ এখন গর্তে ভরা। প্রায় সময় গর্তে আটকে যাচ্ছে গাড়ি। ছবিটি ১৭ ডিসেম্বর তোলা l প্রথম আলো
বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের বিভিন্ন অংশ এখন গর্তে ভরা। প্রায় সময় গর্তে আটকে যাচ্ছে গাড়ি। ছবিটি ১৭ ডিসেম্বর তোলা l প্রথম আলো

ট্রাক চালিয়ে বাঘাইছড়ি থেকে দীঘিনালা যাচ্ছিলেন চালক মামুনুর রশিদ। কিন্তু পথিমধ্যে ঘটল বিপত্তি। সড়কের গর্তে পড়ে ট্রাকের এক্সেল ভেঙে গেল। চাকা খুলে গিয়ে সড়কের মাঝখানে আটকে যায়। ২৫ ডিসেম্বর সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নে পনছড়ি এলাকায় ট্রাকচালক মামুনুর রশিদকে দুই দিন ধরে পড়ে থাকতে হয়েছে। এ রকম বিপদের মুখোমুখি হরহামেশাই হচ্ছেন বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের গাড়ি চালকেরা।
স্থানীয় অধিবাসীরা বলেন, ২২ কিলোমিটার দীর্ঘ সড়কের বিভিন্ন অংশে গর্ত ও খানাখন্দ। এর মধ্যে পনছড়ি, চারকিলো, অজলচুগ, সেগুনবাগান ও নয়কিলো এলাকায় সড়ক একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব এলাকায় গাড়ি গর্তে পড়ে বিকল হয়ে যাচ্ছে।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, গত বছর তিন ধাপে ৪১ লাখ টাকা ব্যয়ে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ১৪ কিলোমিটার অংশে সংস্কার করা হয়েছে। কিন্তু নিম্নমানের কাজ হওয়ায় ছয় মাস যেতে না–যেতে খোয়া উঠে যায়। গত বর্ষায় ১৪ কিলোমিটার ছাড়াও ২২ কিলোমিটার সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়। এ বছর আরও ৪৫ লাখ টাকার সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। এ ছাড়া জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় বড় আকারে সংস্কার এবং সড়কের দুপাশে ড্রেন মেরামত, জঙ্গল পরিষ্কারসহ ১৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বেইলি ব্রিজ, চারকিলো, পনছড়ির অংশে প্রায় দেড় কিলোমিটারজুড়ে গর্ত ও ভাঙা। এ ছাড়া নয়কিলো এলাকায় আধা কিলোমিটারজুড়ে ভাঙাচোরা। আরেকটি অংশে দেখা গেছে দেড় শ গজ প্রশস্ত ও পৌনে এক হাত গভীর গর্ত।
গাড়িচালক মো. মামুনুর রশিদ ও মো. আবদুল কাদের অভিযোগ করেন, গত দুই মাসে ১৩ ট্রাক ও ১১টি বাস এক্সেল ভেঙে গিয়ে বিকল হয়েছে। গাড়ি নষ্ট হলে এসব গাড়ি নিয়ে রাস্তায় দুই–তিন দিন পড়ে থাকতে হয়। পরে চট্টগ্রামের এক্সেল এনে সড়ক থেকে সরানো হয়। এভাবে গাড়ি নষ্ট হওয়ায় গাড়িচালকেরা আর এই সড়কে আসতে চায় না।
বাঘাইছড়ি পৌরসভার কাউন্সিলর মো. আবদুল শুক্কুর মিয়া প্রথম আলোকে বলেন, বাঘাইছড়ি-দীঘিনালা সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। দ্রুত সংস্কার না হলে উপজেলার সঙ্গে বাইরের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। কারণ, বাইরে যাওয়ার এটিই একমাত্র সড়ক।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মুনিরুজ্জামান বলেন, বাঘাইছড়ি দীঘিনালা সড়কটি সড়ক ও জনপথের। সড়কটির অবস্থা নাজুক। দুপাশে নালার ব্যবস্থা নেই। ঝোপঝাড়ে ঢাকা পড়ে গেছে। ব্যবস্থা না নিলে বর্ষায় ভেঙে পড়তে পারে।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, বাঘাইছড়ি-দীঘিনালা সড়ক সংস্কারের জন্য ৪৫ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে। সেই প্রকল্পটা টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। সড়কের দুপাশে ঝোপঝাড় ও নালাগুলো বন্ধ হওয়ায় বর্ষার সময় সড়ক দিয়ে পানি প্রবাহিত হওয়ায় দ্রুত নষ্ট হচ্ছে। সে জন্য সড়কের দুপাশে নালা সংস্কারসহ ১৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।