ভাঙা সাঁকোয় ২৫ বছর পার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দনাইশ পৌর এলাকার মধ্যম গাছবাড়িয়ায় বরুমতি খালের ওপর ভাঙা এই কাঠের সাঁকো দিয়ে প্রতিদিন শত শত মানুষ ঝুঁকি নিয়ে পার হয় l প্রথম আলো
চন্দনাইশ পৌর এলাকার মধ্যম গাছবাড়িয়ায় বরুমতি খালের ওপর ভাঙা এই কাঠের সাঁকো দিয়ে প্রতিদিন শত শত মানুষ ঝুঁকি নিয়ে পার হয় l প্রথম আলো

গাছের খুঁটির ওপর প্রায় ৪২ ফুট দীর্ঘ নড়বড়ে কাঠের সাঁকো। মানুষ উঠলেই কাঁপতে থাকে। সাঁকোর কয়েকটি পাটাতন নড়বড়ে হয়ে যাওয়ায় সেখানে টিন দিয়ে জোড়াতালি দেওয়া হয়েছে। সাঁকোর এক পাশের খুঁটি ভেঙে বেশ কিছু অংশ দেবে গেছে। তবু গ্রামবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম এই নড়বড়ে কাঠের সাঁকো।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মধ্যম গাছবাড়িয়া কলঘর সড়কের চন্দনাইশ পৌরসভার বরুমতি খালের ওপর এই সাঁকো অবস্থিত। ২৫ বছর আগে খাল পারাপারের জন্য গ্রামবাসীর চাঁদায় সাঁকোটি নির্মিত হয়েছিল। তবে প্রতি বর্ষায় সাঁকোটি খালের পানির তোড়ে ভেসে যায়। তাই বর্ষার পর আবার সাঁকোটি নতুন করে মেরামত করতে হয়। চন্দনাইশ পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সীমানায় অবস্থিত এ ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে তালুকদারপাড়া, সৈয়দ মোহাম্মদপাড়া, জান মোহাম্মদপাড়াসহ পাঁচ গ্রামের ১০ হাজারের বেশি বাসিন্দা এই সাঁকো নিয়ে যাতায়াত করেন। খালের ওপর এই সাঁকোর স্থলে একটি পাকা সেতু নির্মাণ এখন এই এলাকার মানুষের দাবি।
২৪ মার্চ মধ্যম গাছবাড়িয়া এলাকায় গিয়ে দেখা গেছে, নারী, শিশু, শিক্ষার্থীসহ সব বয়সের গ্রামবাসী ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার করছে। সাঁকো পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে তাঁরা জানান। সাঁকো দিয়ে চলাচল করা গ্রামের বাসিন্দারা জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সাঁকো নিয়ে নিয়মিত যাতায়াত করে। এ ছাড়া চাষিরা পণ্য নিয়ে এই পথে বাজারে যান। সবাই খুব ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার করেন। সেতুর পূর্ব দিকের এলাকার কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে মহাসড়ক ঘুরে তবে তাঁকে হাসপাতালে নিতে হয়।
মধ্যম গাছবাড়িয়া তালুকদারপাড়া গ্রামের শিক্ষার্থী ইয়াছিন ফরহাদ (১২) বলে, ‘এ সেতু পার হয়ে প্রতিদিন খালের পশ্চিম পাশের মাদ্রাসায় পড়তে যেতে হয়। সেতুতে উঠলেই সেটি দুলতে থাকে। প্রতিবারই মনে হয় খালে পড়ে যাব।’
চাকরিজীবী মনিরুজ্জামান বলেন, যাতায়াতের সুবিধার জন্য এলাকাবাসী চাঁদা তুলে খালের ওপর কাঠের সেতুটি নির্মাণ করে। কিন্তু বর্ষা এলে সেটি পানির স্রোতে ভেঙে নড়বড়ে হয়ে যায়। তাই প্রতিবছর আবার নতুনভাবে তৈরি করতে হয়। তিনি বলেন, এ ব্যাপারে এলাকার সাংসদ ও জনপ্রতিনিধিদেরও গ্রামবাসীর পক্ষ থেকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম বলেন, ‘সেতুটির কারণে আমাদের এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। দুই বছর আগেও পৌরসভার প্রকৌশলী সরেজমিনে দেখে এসে প্রকল্প তৈরি করেছেন। কিন্তু বরাদ্দের অভাবে পাকা সেতু নির্মাণ করা যাচ্ছে না।’
চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম বলেন, ‘এটি পৌর এলাকার খুবই গুরুত্বপূর্ণ সেতু। এ সেতু দিয়ে পৌরসভা ছাড়াও বিভিন্ন এলাকার লোকজন যাতায়াত করে। আমি ১৫ দিন আগে সেতুটি দেখে এসেছি। এতে পাকা সেতু নির্মাণের জন্য প্রকল্প তৈরি করছি।’