সেতু ভেঙে কাত হয়ে আছে এক পাশে। বিপজ্জনক, তার পরও চলাচল করছে লোকজন। কারণ, আর কোনো পথ নেই। এভাবে চলছে ২০ বছর ধরে। পটিয়া উপজেলার খরনা-লালারখীল-রাজঘাটা সড়কের খরনা খালের ওপর সেতুটির এমনই করুণ হাল।
খরনা ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা গেছে, পাকিস্তান আমলে খরনা খালের ওপর পাকা সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়ানে নির্মাণ করা হয়। এরপর আর সংস্কার করা হয়নি। ১৯৯৪ সালে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের তোড়ে সেতুর একাংশে মাটি দেবে গিয়ে এটি মাঝখানে ভেঙে দক্ষিণাংশে কাত হয়ে যায়। এর পর থেকে সেতুটি পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এভাবেই পড়ে আছে।
সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে আছে সেতুর ভাঙা অংশ। এর ওপর দিয়ে চলাচল করছেন গ্রামের লোকজন। সেতুর দুই পাশে রেলিংও নেই। পা পিছলে পড়লে সোজা খালে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তা ছাড়া সেতুটি এখন নড়বড়ে হয়ে গেছে। যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে।
খরনা লালারখীল গ্রামের বাসিন্দা মনির আহমেদ (৩৫) জানান, বর্ষায় খালের পানি বাড়লে দুর্ভোগও বাড়ে। পা পিছলে পড়ে প্রায় সময় হাত-পা ভাঙেন চলাচলকারীরা। অথচ এসব দেখার কেউ নেই।
স্থানীয় লোকজন জানান, সড়কটি দক্ষিণ দিকে চন্দনাইশ ও খরনা রেলস্টেশন এবং উত্তর দিকে কমলমুন্সির হাট ও ভাইয়ারদীঘি হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সঙ্গে যুক্ত হয়েছে। সেতুর আধা কিলোমিটার উত্তরে লালারখীল এলাকা থেকে পটিয়ামুখী উত্তর দিকে টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল থাকলেও দক্ষিণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে, খরনা, লালারখীল ও কুমারপাড়াসহ আট গ্রামের অর্ধলক্ষ মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে। লালারখীল আইডিএল কেজি স্কুল পরিচালনা কমিটির সভাপতি জাফর আলম বলেন, বিভিন্ন গ্রামের শতাধিক শিক্ষার্থীকে বর্ষায় ঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া করতে হয়। এলাকার কৃষকদেরও কষ্টের শেষ নেই। উৎপাদিত ফসল বাজারে নিয়ে যেতে হয় কাঁধে করে। মোজাফ্ফরাবাদ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আমিনুল ইসলাম বলে, ভারী বৃষ্টি হলে খালে পানি বেড়ে ভাঙা সেতু ডুবে যায়। তা ছাড়া সামান্য বৃষ্টি হলে সেতু পিচ্ছিল হয়ে যায়। তখন যাতায়াতে ভয় লাগে।
ইউপির চেয়ারম্যান মফজল আহমেদ চৌধুরী বলেন, সেতুটির কারণে এলাকার প্রায় অর্ধলক্ষ মানুষ কষ্ট পাচ্ছে। এটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনেকবার আবেদন করেও কোনো কাজ হয়নি।
এ প্রসঙ্গে এলজিইডির উপজেলা প্রকৌশলী হাছান আলী বলেন, সেতুটি নির্মাণের জন্য গত চার মাস আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রায় ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে একটি প্রকল্প পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে।