ভাঙা সড়ক অচল জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহমতগঞ্জের সাব এরিয়ায় যাবেন? ‘রাস্তা ভাঙাচোরা। ওই জায়গায় যামু না।’ খানিকটা বিরক্ত হয়েই জবাব দিলেন রিকশাচালক। নগরের সড়কগুলোয় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। খানাখন্দে ভরে গেছে। কেবল রহমতগঞ্জ নয়, নগরের অনেক এলাকার সড়কই যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েক দিনের টানা বর্ষণে নগরের সড়কগুলোর এখন বেহাল অবস্থা। ১৯৯৫ সালের পর সড়কের এমন অবস্থা দেখেননি নগরবাসী। হাতেগোনা কয়েকটি ছাড়া বেশির ভাগ সড়কের কার্পেটিং উঠে গেছে। বড় বড় গর্তের কারণে গাড়ির গতি কমিয়ে দিতে হচ্ছে। এর ফলে বাড়ছে যানজট।সরেজমিন ঘুরে দেখা গেছে, নগরের প্রধান সড়ক হিসেবে পরিচিত বহাদ্দারহাট-পতেঙ্গা সড়ক, সিরাজদ্দৌলা সড়ক, টাইগারপাস থেকে কোতোয়ালি মোড়, চেরাগি পাহাড় থেকে লাভলেইন, এনায়েত বাজার মোড় থেকে বিআরটিসি, পূর্ব ও পশ্চিম মাদারবাড়ি থেকে আগ্রাবাদসহ নগরের বেশির ভাগ সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় গর্তগুলোতে পানি জমে থাকে। এতে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। নগরের আগ্রাবাদের বাসিন্দা হাফিজুর রহমান ব্যবসায়িক কাজে ব্যক্তিগত গাড়িতে প্রতিদিন নগরের নানা জায়গায় যাতায়াত করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বহদ্দারহাট থেকে পতেঙ্গা পর্যন্ত দীর্ঘ এই সড়কটি দিয়ে বেশির ভাগ গাড়ি চলাচল করে। এবারের বৃষ্টির পর এই সড়কের কিছু কিছু অংশে গর্তের সৃষ্টি হয়েছে। দ্রুত মেরামত না হলে গর্তগুলো বড় হয়ে সড়ককে বিপজ্জনক করে তুলবে।’সম্প্রতি নগরের রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি সড়কে গিয়েও বিস্তীর্ণ অংশজুড়ে গর্ত দেখা গেছে। এ সময় মোটরসাইকেল আরোহী এক যাত্রী সিআরবি সড়ক পার হওয়ার সময় পাশে ছিটকে পড়ে যান। ওই সময় গাড়ি চলাচল কম ছিল বলে বড় ধরনের দুর্ঘটনা থেকে ওই যাত্রী রক্ষা পান।গাড়িচালক ও রিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলন্ত গাড়ি একবার গর্তে পড়লে চাকার ক্ষতি হয়। ইঞ্জিনও আর নিরাপদ থাকে না। এ কারণে গাড়ির যন্ত্রাংশ ক্ষতির হার বেড়ে গেছে। রিকশার চাকার রিংও ভেঙে যাচ্ছে। তাই রাস্তার অবস্থান বুঝে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়ার হারও বাড়িয়ে দিয়েছেন চালকেরা। নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা শহীদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বড় বড় সড়কের অবস্থা যা, তার চেয়ে নগরের গলিপথগুলোর অবস্থা আরও করুণ। বৃষ্টিতে নগরের বেশির ভাগ গলিপথের কার্পেটিং উঠে গেছে। হাঁটার সময় পাশ দিয়ে রিকশা চললে পানি ছিটকে গায়ে এসে পড়ে। গত ১৫ থেকে ১৬ বছর এমন অবস্থা আমরা দেখিনি।’ সিরাজদ্দৌলা সড়ক: আড়াই বছর আগে সিরাজদ্দৌলা সড়কের সম্প্রসারণ ও উন্নয়নকাজ শেষ হয়। এরপর এটির আর মেরামত হয়নি। এবারের বৃষ্টিতে সড়কটি খানাখন্দে ভরে গেছে। ফলে যাত্রী পরিবহনেও দুর্ভোগ বেড়েছে। সড়কের বেশির ভাগ অংশে কার্পেটিং উঠে যাওয়ায় গাড়ি চলাচলের গতি কমে গেছে। এ কারণে সড়কে যানজট বেড়েছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, সিরাজদ্দৌলা সড়কের আন্দরকিল্লার কাছাকাছি সাব-এরিয়ার অংশে যত্রতত্র গর্তের সৃষ্টি হয়েছে। বহদ্দারহাট-পতেঙ্গা সড়ক: বহদ্দারহাট থেকে পতেঙ্গা পর্যন্ত সড়কটি নগরের প্রধান সড়ক হিসেবে বিবেচিত। প্রবল বর্ষণের কারণে সড়কটির কয়েকটি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। তুলনামূলকভাবে এটি অন্য সড়কগুলোর তুলনায় ভালো বলে জানা গেছে। তবে গর্ত ভরাট ও মেরামত না হলে এই সড়কটি যানচলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্ট ব্যক্তিদের।