ভাঙা সড়ক জোড়া লাগবে কবে?

মাঝখান থেকে সড়কের ১০ ফুটের মতো বিলীন। তাতে গাছ ফেলে সংযুক্ত করা হয়েছে দুই প্রান্ত। আরও কিছু দূর এগিয়ে দেখা যায় সড়কের অর্ধেক অংশ নেই। এক পাশ দিয়ে কোনো রকমে চলাচল করছেন লোকজন। এই চিত্র কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়ার আজম সড়কের। এটি এই উপজেলার প্রধান সড়ক।
গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে সৃষ্ট জলোচ্ছ্বাসে এই ইউনিয়নের অন্তত ১০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে প্রায় ছয় হাজার ঘরবাড়ি বিলীন হয়েছে। সেই সঙ্গে ভেঙে গেছে আজম সড়কটির বিভিন্ন অংশ। আকবরবলীপাড়া জেটিঘাট থেকে উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় সাত কিলোমিটারে এখন যানবাহন চলাচল বন্ধ।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন থাকায় লোকজনকে বাঁশের সাঁকো তৈরি করে পারাপার করছেন। ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে এখনো আজম সড়কসহ হাজারো লোকজনের ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। এ কারণে ক্ষতিগ্রস্ত লোকজন নতুন করে ঘরবাড়ি তৈরি করতে পারছেন না। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় লোকজনের আয়রোজগারও বন্ধ।
আজম সড়কের পাশাপাশি উপজেলার আলীআকবরডেইল ইউনিয়নের এক কিলোমিটারের তাবলেরচর সড়কটিও ভেঙে গেছে। উত্তর ধুরুং ইউনিয়নের ওয়াজ্যারপাড়া সড়কের প্রায় দেড় কিলোমিটার ভেঙে চুরমার। মনোহারখালী বেড়িবাঁধ সড়ক ও আজম কলোনি সড়কের অবস্থা আরও করুণ। বড়ঘোপ থেকে আলীআকবরডেইল সংযোগ সড়কেরও দেড় কিলোমিটার বেহাল। এ ছাড়া লেমশিখালীর মিয়ারাকাটা সড়ক, উত্তর ধুরুং এলাকার মিরাখালী সড়ক ও ধুরুংবাজার সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে।
উত্তর ধুরুং ইউনিয়নের আজম সড়কের দুই পাশে ঝুপড়িঘর তৈরি করে বসবাস করছেন গৃহহীন পাঁচ শতাধিক মানুষ। স্থানীয় লোকজন চেয়ে আছেন প্রশাসনের দিকে, কবে তঁাদের ভাঙা সড়ক জোড়া লাগবে
ঝুপড়িঘরে থাকা ছেনুয়ারা বেগম (৪৫) বলেন, ভাঙা সড়কে জোড়া লাগলে এই গ্রামের হাজারো শ্রমজীবী মানুষের কষ্ট দূর হতো।
উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে এই উপজেলায় ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ২৫-৩০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হয়। আর এখন পঁাচ-ছয় ফুট উঁচু জলোচ্ছ্বাস হলে এই দ্বীপের কাউকে খুঁজে পাওয়া যাবে না। কারণ, এখন দ্বীপের চারদিকে ২০ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহীন তানভীর গাজী বলেন, ভাঙা বেড়িবঁাধ ও সড়ক সংস্কারের জন্য নানা চেষ্টা চলছে। কিন্তু কাজ হচ্ছে না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. মহসিন বলেন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে এই উপজেলার প্রায় ৩২ কিলোমিটার সড়ক ভেঙে গেছে। আজম সড়কসহ অন্তত ২০টি সড়কের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হওয়ায় সরাসরি যানবাহন চলাচল বন্ধ আছে। এতে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভাঙা সড়ক সংস্কারের জন্য প্রায় আট কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। কিন্তু জোয়ারের কারণে সড়কের সংস্কারকাজ শুরু করা যাচ্ছে না। ভাঙা বেড়িবঁাধ সংস্কার না হলে সড়ক সংস্কার করে লাভ নেই।
জানতে চাইলে স্থানীয় কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে কুতুবদিয়াকে চিহ্নিত করা হয়েছে। দ্বীপের লোকজনকে ঝুঁকিমুক্ত করতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি ভাঙা সড়কগুলোও দ্রুত সংস্কার করা হবে।