
পিচঢালাই উঠে গেছে। ছোট-বড় গর্তে ভরা সড়ক। কালভার্টের অবস্থা আরও করুণ। ধসে পড়তে পারে যেকোনো মুহূর্তে। গাছের খুঁটি দিয়ে কোনো রকমে ঠেকিয়ে রাখা হয়েছে কালভার্টটি। এই চিত্র বাঁশখালী পৌরসভার সিকদারপাড়া সড়কের। শুধু সিকদারপাড়া সড়ক নয়, এই বেহাল অবস্থা পৌরসভাজুড়ে।
বাসিন্দাদের অভিযোগ, প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মান বলতে কিছুই নেই। উন্নয়নের ছোঁয়া লাগেনি। সড়ক ও ড্রেনেজ–ব্যবস্থা নাজুক। সবখানে সড়কবাতিও নেই।
২৮ দশমিক ৪২ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভার বাসিন্দা প্রায় ৫০ হাজার। ২০০২ সালের ২২ ডিসেম্বর উত্তর জলদী, দক্ষিণ জলদী ও জঙ্গল জলদী এলাকা নিয়ে বাঁশখালী পৌরসভা গঠন করা হয়।
পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বাহারউল্লাহপাড়া গ্রামের বড়ুয়াপাড়া সড়ক খানাখন্দে ভরা। পর্যাপ্ত সড়কবাতি নেই। চূড়ামণি থেকে কৃষ্ণ মহাজনপাড়া সড়কটির দুটি কালভার্ট জরাজীর্ণ। বাদশাহী সড়কেও পিচঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে গর্ত। আস্করিয়াপাড়া সড়কটির চেহারা ক্ষতবিক্ষত। আস্করিয়াপাড়া থেকে বড়ুয়াপাড়ার সংযোগ সড়কেও যানবাহন চলাচল করে হেলেদুলে।
২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তেজপ্রিয় বড়ুয়া বলেন, পৌরসভা হওয়ার পর একবার ইট বিছানো হয়েছিল বড়ুয়াপাড়া সড়কে। এরপর আর সংস্কার হয়নি। বর্ষার সময় রাস্তায় চলাচল করা দায় হয়ে পড়ে।
৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নির্মল দাশ বলেন, কৃষ্ণ মহাজনপাড়া সড়ক পাঁচ বছরেও সংস্কার করা হয়নি। দুটি কালভার্টের মেয়াদ শেষ হয়ে গেছে।
এদিকে ড্রেনেজ–ব্যবস্থাও নাজুক। পানিনিষ্কাশনের জন্য প্রাকৃতিক খাল ও ছড়াই ভরসা। এ ছাড়া যত্রতত্র পড়ে আছে ময়লা-আবর্জনা।
পৌরসভার বাহারউল্লাহপাড়ার বাসিন্দা আলমগীর হোসেন ও ফোরকান মিয়া বলেন, প্রতিষ্ঠার ১৩ বছর পরও পর্যাপ্ত নালা-নর্দমা নির্মাণ করা হয়নি। পানিনিষ্কাশনের পথ না থাকায় বৃষ্টির পানি জমে থাকে।
পৌরসভার সেবার মান নিয়ে সন্তুষ্ট নন আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীও। দুজনই নির্বাচনী প্রচারণায় এলাকার উন্নয়নকে গুরুত্ব দিচ্ছেন। তাঁরা পৌরসভার সেবার বেহালের জন্য দায়ী করছেন বর্তমান মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরীকে।
পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিমুল হক চৌধুরী বলেন, ‘পৌরসভা দ্বিতীয় থেকে প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে। কিন্তু তার তুলনায় এলাকার উন্নয়ন বলতে গেলে কিছুই হয়নি। এখন এলাকার রাস্তাঘাটের কথা বলতে নিজেরই লজ্জা লাগে। বিভিন্ন সড়কের ওপর থাকা কালভার্টগুলোর অবস্থা ভঙ্গুর। নালা-নর্দমা বলতে কিছুই নেই।’ সেলিমুল হক চৌধুরী বলেন, ‘বর্তমান মেয়র রাস্তাঘাটের কাজ তেমন করেননি। এ জন্য আমার কষ্ট হচ্ছে। না হলে জয়ের জন্য নির্বাচনী প্রচারণা চালাতে হতো না।’
পৌরসভার সাবেক মেয়র ও এবারের নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ কামরুল ইসলাম হোসাইনী বলেন, ‘পাঁচ বছর আগে পৌরসভাকে যে অবস্থায় রেখে এসেছি, এখনো তেমন আছে। বরং অনেক জায়গার বেহাল। বর্তমান মেয়রের পাঁচ বছরে নতুন করে এক ইঞ্চি ইট লাগানো হয়নি রাস্তাঘাটে। এলাকার যা উন্নয়ন হয়েছে, সব আমার আমলেই।’
এ ব্যাপারে পৌরসভার মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী বলেন, ‘এলাকার রাস্তাঘাট ও নালা-নর্দমা নির্মাণে অনেক টেকসই উন্নয়ন করেছি। পৌরসভার উন্নয়নে গত পাঁচ বছরে প্রায় আট কোটি টাকা খরচ করা হয়েছে। আরও অনেক কিছু করার চিন্তাভাবনা ছিল। কিন্তু সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সহযোগিতা না পাওয়ায় তা সম্ভব হয়নি। কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারিনি বলে নিজের মধ্যে আফসোস আছে।’
কারা সহযোগিতা করেননি জানতে চাইলে নাম বলতে রাজি হননি শেখ ফখরুদ্দিন চৌধুরী। তিনি জানান, তাঁর আমলেই পৌরসভা দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে। এ ছাড়া এলাকার রাস্তাঘাট সংস্কার ও উন্নয়নে দরপত্র আহ্বান করা হয়েছে। এসব কাজ সম্পন্ন হলে এলাকার চেহারা পাল্টে যাবে।