ভাঙা সড়ক সংস্কার হলো না চার মাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মাসেও কক্সবাজারের মহেশখালী উপজেলার প্রধান দুই সড়কসহ ১৫টি ভাঙা সড়ক সংস্কার করা হয়নি। গত মে মাসের শুরুতে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে এসব সড়ক ভেঙে যাওয়ার পর যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় জনগণের চরম ভোগান্তি হলেও সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা, ঘটিভাঙ্গা; মাতারবাড়ি ইউনিয়নের হংশ মিয়াজিপাড়া, সাইরার ডেইল; কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি, আঁধারঘোনা, ঝাপুয়া, মিজ্জিরপাড়া, আপজলিয়াপাড়া, চালিয়াতলি, হোয়ানকের পানিরছড়া, টাইমবাজার, বড়ছড়া ও শাপলাপুর ইউনিয়নের সাইটমারা এলাকার ১৫টি সড়কের বিভিন্ন স্থানে ভেঙে যাওয়ায় স্থানীয় লোকজন গাড়ি নিয়ে যাতায়াত করতে পারছে না। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় রিকশাচালক থেকে শুরু করে সিএনজিচালিত অটোরিকশা ও ভ্যানচালকদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে।

মাতারবাড়ি ইউনিয়নের হংস মিয়াজিরপাড়ার রিকশাচালক আবদুল হান্নান জানান, ভারী বর্ষণে মাতাবাড়ি-সাইরার ডেইল সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গেছে। এ কারণে চার মাস ধরে রিকশা চালানো বন্ধ। পরিবার চালাতে তাঁর খুব কষ্ট হচ্ছে।

সাইরার ডেইল এলাকার সাবেক ইউপির সদস্য হামেদ হোসেন বলেন, ধলঘাটার অন্তত ২০ হাজার মানুষ মাতারবাড়ি সড়ক দিয়ে চলাচল করে আসছিল। কিন্তু সড়ক ভেঙে যাওয়ায় তাদের ভোগান্তির শেষ নেই।

মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ভাঙা সড়ক সংস্কারের জন্য মাসিক উন্নয়ন সমন্বয় সভায় অনেকবার উত্থাপন করেও কাজ হচ্ছে না।

কালারমারছড়ার ইউনুছখালীর বাসিন্দা মাস্টার মোহাম্মদ মহিব উল্লাহ বলেন, গোরকঘাটা-জনতাবাজার সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে চার মাস ধরে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। কিন্তু এই ভাঙা সড়কগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কথা স্বীকার করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, সড়কগুলো জরুরি ভিত্তিতে সংস্কার করতে স্থানীয় প্রকৌশল অফিস এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে অবহিত করা হয়েছে।

এ নিয়ে জানতে চাইলে সওজ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গোরকঘাটা-জনতবাজার সড়ক সংস্কারের জন্য ইতিমধ্যে চার কোটি টাকা বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। সামনের শুষ্ক মৌসুমে জরুরি মেরামতের জন্য বরাদ্দকৃত টাকা থেকে ওই সড়ক সংস্কার করে দেওয়া হবে।