ভাঙা সড়ক সংস্কার হয়নি এক মাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার চালিয়াতলি-মাতারবাড়ি সড়কের আধা কিলোমিটার অংশ এক মাসেও সংস্কার হয়নি। ফলে ভাঙা সড়কে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন মাতারবাড়ি ও ধলঘাট ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ। গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে সৃষ্ট জলোচ্ছ্বাসে সড়কটি ভেঙে যায়।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, চার কিলোমিটারের সড়কের ধারাখাল এলাকায় প্রায় আধা কিলোমিটার অংশে হাঁটার অবস্থাও নেই। স্থানীয় লোকজন সড়কের আধা কিলোমিটার অংশ পার হচ্ছেন পাশের কুহেলিয়া নদীতে নৌকাযোগে। এ ছাড়া আরও এক কিলোমিটার সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, সড়কের ভাঙা অংশে পারাপারের জন্য এলাকাবাসী নিজেদের উদ্যোগে সাঁকো স্থাপন করেছিল। দুই সপ্তাহ আগে সাঁকোটি ভেঙে যায়। এখন ঝুঁকি নিয়ে নৌকাযোগে পারাপার করছে। তিনি জানান, ভাঙা সড়ক সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে আবেদন করেও কোনো কাজ হয়নি।
মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণরাজ ঘাট এলাকার বাসিন্দা রিয়াজ উদ্দিন বলেন, উপজেলা সদরসহ চকরিয়ার বদরখালী যাওয়ার একমাত্র মাধ্যম চালিয়াতলি-মাতারবাড়ি সড়কটি। অথচ এক মাস পার হয়ে গেলেও সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেই।
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী রিয়াদুল কুদ্দুস বলেন, ইতিমধ্যে ভাঙা সড়কটি সংস্কারের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আবেদন করা হয়েছে। কিন্তু বরাদ্দ হাতে না পাওয়ায় সংস্কার করা সম্ভব হচ্ছে না।