ভাঙা সড়ক সংস্কারে গরজ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে শাপলাপুর সড়ক   প্রতিনিধি
সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে শাপলাপুর সড়ক প্রতিনিধি

দেড় বছর আগে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয় কক্সবাজারের মহেশখালী উপজেলার দুটি সড়কের ২২ কিলোমিটার অংশ। কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয় বড় বড় গর্ত। কিন্তু সড়ক দুটি সংস্কারে এখনো উদ্যোগ নিতে পারেনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এ কারণে দিনে দিনে গর্ত প্রায় জলাশয়ের রূপ নিয়েছে। সড়কে চলাচল করাই এখন দায় হয়ে পড়েছে।
স্থানীয় লোকজন ও পরিবহনশ্রমিকেরা জানান, ২০১২ সালের জুন মাসে পাহাড়ি ঢলে গোরকঘাটা-জনতাবাজার সড়কের ১৩ ও শাপলাপুর সড়কের নয় কিলোমিটার অংশ ভেঙে যায়। এরপর ভাঙা সড়ক সংস্কারের জন্য এলাকাবাসী ও পরিবহনশ্রমিকদের পক্ষ থেকে সরকারি দপ্তরে বারবার ধরনা দিয়েও কোনো কাজ হয়নি।
গত ২৯ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, গোরকঘাটা-জনতাবাজার সড়কের হোয়ানকের রাজুয়ারঘোনা, পুঁইছড়া, ছনখোলাপাড়া, টাইমবাজার ও ডেইল্যাঘোনা এবং কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা, নোনাছড়ি, বাজারের উত্তর পাশ, চিকনিপাড়া, ঝাপুয়া, ইউনুছখালীর মাইজপাড়া, উত্তর নলবিলা ও চালিয়াতলী এলাকায় ইট-সুরকি উঠে সড়কের চিহ্নই নেই। একই অবস্থা শাপলাপুর সড়কের ষাইটমারা, মিঠাছড়ি, জেমঘাট, কায়দাবাদ ও ছাদেকেরকাটা এলাকায়। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। খানাখন্দে ভরা সড়কের ওপর দিয়ে গাড়ি চলছে হেলেদুলে। কখনো কখেনো গর্তে আটকে যাচ্ছে গাড়ি।
কালারমারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মির কাসেম চৌধুরী বলেন, গোরকঘাটা-জনতাবাজার সড়কের বেশির ভাগ অংশই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এ সড়ক দিয়ে উপজেলা সদরে যাতায়াত করছে।
ইউনুছখালী এলাকার বাসিন্দা জহিরুল আলম বলেন, একসময় উপজেলা সদরে যেতে সময় লাগত ৩০ মিনিট, কিন্তু এখন সময় লাগছে দুই ঘণ্টার বেশি।
শাপলাপুর ইউপি চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী জানান, ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কারের ব্যাপারটি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় কয়েকবার উত্থাপন করেও কাজ হচ্ছে না। দুটি সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করলেও দেখার কেউ নেই।
মহেশখালী পরিবহন শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, সড়ক সংস্কারের ব্যাপারে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট দপ্তরে কয়েকবার স্মারকলিপি দিলেও কোনো কাজ হচ্ছে না।
সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ার কথা স্বীকার করে উপজেলা প্রকৌশল কার্যালয়ের সহকারী প্রকৌশলী গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস বলেন, ২২ কিলোমিটার ভাঙা সড়ক সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রায় সাড়ে আট কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে সড়ক সংস্কার করা হবে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী কে এম নুর-ই-আলম বলেন, সড়ক সংস্কারের বিষয়টি চট্টগ্রামের বিভাগীয় সভায় উত্থাপন করা হয়েছে। আগামী বর্ষার আগেই ভাঙা সড়কগুলো সংস্কার করার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।