ভাঙা সড়ক, হাঁটাও দায়

সড়কের ক্ষতবিক্ষত চেহারা। বিছানো ইট ভেঙে খানখান। এখন মাটিও সরে যাচ্ছে। যানবাহন চলাচল বন্ধ পাঁচ মাস ধরে। ফলে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে এলাকার প্রায় ১৫ হাজার মানুষ। এই করুণ হাল পেকুয়ার রাজাখালী ইউনিয়নের দরবার সড়কের।
গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, সড়কটিতে হাঁটাও দায় হয়ে পড়েছে। হাঁটতে গেলে ইটের খোয়ার সঙ্গে লেগে হোঁচট খেয়ে পড়ছে অনেকে। এ ছাড়া কিছু অংশ ডুবে আছে পানিতে।
রাজাখালী এয়ার আলী খান উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তানজিমুল ইসলাম জানায়, ‘এক বছর আগেই সড়কটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল। ওই বছরের অক্টোবরে শিক্ষার্থী ও গ্রামবাসী মিলে স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করে রিকশা চলাচলের উপযোগী করা হয়। তবে সাম্প্রতিক সময়ের বন্যায় সড়কটি ক্ষতবিক্ষত হওয়ার পর থেকে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। এতে দুর্ভোগ বেড়েছে।’
সুন্দরীপাড়ার বাসিন্দা মনসুর আলম বলেন, ‘সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দিন দিন নাজুক হয়ে পড়েছে। এখন তো হাঁটাও দায় হয়ে পড়েছে।’
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কুতুবদিয়ার হজরত আবদুল মালেক শাহ দরবারে যাতায়াতের জন্য লোকজন দরবার সড়কটি ব্যবহার করেন। এ ছাড়া দরবার সড়ক দিয়ে রাজাখালী ইউনিয়নের দক্ষিণ পশ্চিমাংশের (বকশিয়াঘোনা, নতুনঘোনা, নতুনপাড়া, সুন্দরীপাড়া, বদিউদ্দিনপাড়া ও চঁরিপাড়া) ১৫ হাজার মানুষ চলাচল করে এই সড়ক দিয়ে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সড়কটিতে ইট বিছানো হয়। এরপর আর উন্নয়নের ছোঁয়া লাগেনি।
রাজাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার বলেন, একটু বৃষ্টি হলেই সড়কটি ডুবে যায়। তখন নৌকা নিয়ে চলাচল করতে হয়। এখন সড়কের দুই পাশ থেকে মাটি পাশের লবণ মাঠে ও চিংড়ি ঘেরে ধসে পড়ছে। এতে সড়কের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ ব্যাপারে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের পেকুয়া উপজেলার উপসহকারী প্রকৌশলী হারু কুমার পাল বলেন, ‘টৈটং এলাকা থেকে বকশিয়াঘোনা পর্যন্ত (দরবার সড়কের তিন কিলোমিটারসহ) ১৪ কিলোমিটার সড়কের সংস্কারের জন্য ২০১৩ সালে চাহিদাপত্র পাঠানো হয়েছিল। কিন্তু বরাদ্দ পাওয়া যায়নি।’