ভাঙা সড়কে কষ্টের চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কজুড়ে ছোট-বড় গর্ত। গাড়ি চলে হেলেদুলে। কোথাও কোথাও গর্ত এমনভাবে হাঁ হয়ে আছে, যানবাহন চলার সময় প্রাণ যায় যায় অবস্থা। তার ওপর চলছে সড়ক সম্প্রসারণের কাজ। অলি খাঁ মসজিদ থেকে মুরাদপুর মোড় পর্যন্ত সড়কটি নিয়ে চলাচলকারীদের এখন আর অভিযোগ নেই, দানা বাঁধছে ক্ষোভ। শুলকবহর এলাকার বাসিন্দা ওষুধ ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ‘নগরের একটি গুরুত্বপূর্ণ সড়কের এমন বেহাল অবস্থা, অথচ এ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। যত ভোগান্তি আমাদের। এলাকাবাসীর উচিত, সড়কে গাড়ি চলাচল একেবারে বন্ধ করে দেওয়া। কারণ এত কষ্ট করে গাড়িতে না চড়ে হেঁটে চলাচল করা অনেক ভালো।’জানা যায়, এ সড়ক দিয়ে প্রতিদিন নগরের বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ চলাচল করেন। ভাঙা সড়কের কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে সকাল আটটা থেকে ১১টা পর্যন্ত ভোগান্তি বেশি। এ সময় অফিসগামী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করেন। তখন বাস-টেম্পোতে উঠতে রীতিমতো প্রতিযোগিতা করতে হয়। আর এ সুযোগে দ্বিগুণ-তিন গুণ ভাড়া আদায় করেন সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকেরা।চট্টগ্রাম কলেজের স্নাতকের শিক্ষার্থী রোকসানা আকতার বলেন, ‘হামজারবাগের বাসা থেকে কলেজে আসার জন্য এ সড়কই একমাত্র মাধ্যম। বর্তমানে ভাঙাচোরা সড়কের কারণে রিকশাভাড়া বাড়তি দিতে হয়। অনেক সময় রিকশা আসতেও চায় না। দুর্ভোগের কারণে কলেজে আসা কমিয়ে দিয়েছি।’একটি বেসরকারি ব্যাংকের টেরিবাজার শাখার কর্মকর্তা ওসমান গণি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘লিখে কী হবে? দিনের পর দিন এ অবস্থা। যাদের ব্যাপারটা দেখা দরকার, তারা তো দেখে না। এমনিতে খানাখন্দ, তার ওপর সড়ক সম্প্রসারণ করা হচ্ছে। ফলে মড়ার ওপর এখন খাঁড়ার ঘা।’মুরাদপুর-কোতোয়ালি রুটের টেম্পোচালক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘রাস্তা যেভাবে ভাঙছে তাতে দিনে চার থেকে পাঁচ ট্রিপের বেশি মারতে পারি না। অনেকে এখন মুরাদপুর পর্যন্ত টেম্পো চালানো বন্ধ করে দিয়েছে। তারা গুলজার মোড় থেকে আগ্রাবাদ রুটে গাড়ি চালায়। এ জন্য এ পথে এখন গাড়ি কম।’সরেজমিনে গিয়ে দেখা যায়, অলি খাঁ মসজিদ থেকে পাঁচলাইশ থানার মোড় পর্যন্ত এখন সড়কের চিহ্নই নেই। পিচ উঠে গিয়ে ইট-সুরকি পর্যন্ত নেই।আর সড়ক সম্প্রসারণের জন্য নালার কাজ চলায় মাটি খুঁড়ে ফেলে রাখা হয়েছে সড়কের ওপর। যানবাহন চলার সময় সমানে উড়ছে ধুলাবালি।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) সূত্র জানায়, অলি খাঁ মসজিদ থেকে মুরাদপুর মোড় পর্যন্ত ১ দশমিক ৪৪ কিলোমিটার সড়ক সম্প্রসারণ করা হচ্ছে। এটি ৩২ থেকে ৬০ ফুট প্রশস্ত করা হচ্ছে। কাজ শেষ করার কথা রয়েছে ২০১৩ সালের জুন মাসে।অভিযোগ রয়েছে, চউক সড়ক সম্প্রসারণ কাজ শুরু করার পর থেকে খানাখন্দ ভরাটে কোনো ব্যবস্থা নেয়নি। ফলে সড়কের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে পড়েছে। আর কাজ চলছে ধীরগতিতে। এ প্রসঙ্গে সড়ক সম্প্রসারণ প্রকল্পের পরিচালক চউকের প্রকৌশলী শাহাবুদ্দিন খালেদ প্রথম আলোকে বলেন, ‘সড়কের খানাখন্দ খুব দ্রুত সংস্কার করা হবে।’ সম্প্রসারণ কাজে ধীরগতির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘মির্জারপুলের পাশে ক্রোকারিজের দোকানের সামনে জায়গা অধিগ্রহণ নিয়ে সমস্যা হয়েছিল। অবশ্য তা সমাধান হয়ে গেছে। ইতিমধ্যে নালার কাজ শেষের পথে। বৃষ্টি আর পিডিবির বৈদ্যুতিক খুঁটি সরাতে দেরি হওয়ায় কাজে কিছুটা বিঘ্ন ঘটছে। তবে নির্ধারিত সময়ের অনেক আগেই কাজ শেষ হবে।’