ভাঙা সড়কে চলাচলে ভোগান্তি
ফটিকছড়ি পৌরসভার আবদুল খালেক সড়কটি নির্মাণ করা হয় ২০১০ সালে। এরপর এই চার বছরে সড়ক সংস্কারে আর হাত দেয়নি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ কারণে দিনে দিনে বেহাল হয়ে পড়েছে সড়কটি। চলাচলে ভোগান্তি পোহাচ্ছে স্থানীয় লোকজন।
সরেজমিনে দেখা যায়, সড়কের বেশির ভাগ স্থানে পিচ উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভেঙে গেছে দুই পাশ। এতে গাড়ি চলাচল করছে হেলেদুলে। তা ছাড়া রোদে ধুলাবালু আর বৃষ্টিতে কাদাজলে পথ চলতে হচ্ছে স্থানীয় লোকজনকে।
স্থানীয় ধুরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, নির্মাণকাজ শেষ না হতেই সড়ক ও জনপথ বিভাগের রামগড় পুরোনো সড়ক থেকে এক কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কটির দুই পাশ ভাঙতে শুরু করে। ক্রমাগতভাবে বাড়তে থাকে ভাঙন। সংস্কার না হওয়ায় বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
জানা যায়, এই সড়ক দিয়ে সদর উপজেলার সুন্দরপুর, পাঁচ পুকুরিয়া, ধুরুং, দৌলতপুর, বারৈয়ারহাট, নাজিরহাটের লোকজন উপজেলা সদরে সহজে যাতায়াত করে। এ ছাড়া বিকল্প সংযোগ সড়ক হিসেবেও এটি ব্যবহূত হয়। সড়কটি দিয়েই কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য উপজেলার বিভিন্ন বাজারে নিয়ে যান।
ফটিকছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক এ কে এম গোলাম কিবরিয়া বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। যখন গাড়িতে উঠি, তখনই দোয়া-দরুদ পড়া শুরু করি। এক কিলোমিটার পথ যেতে পাঁচ কিলোমিটারের সময় নষ্ট হয়। বেশি সমস্যা পড়তে হয় রোগী নিয়ে যাতায়াত করতে। বিশেষ করে গর্ভবতী নারীদের নিয়ে যাওয়া হয় ঝুঁকি নিয়ে।
স্থানীয় কৃষক আলমীর হোসেন জানান, সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় এলাকার উৎপাদিত শাকসবজি ও কৃষিপণ্য বিভিন্ন বাজারে নিতে গিয়ে উৎপাদন ব্যয় বেড়ে যায়। এ কারণে তাঁরা আর্থিকভাবে লোকসান গুনছেন।
এলজিইডির উপজেলা প্রকৌশলী সচী দুলাল বিশ্বাস বলেন, সড়কটি মেরামতের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে চাহিদাপত্র পাঠানো হবে।
ফটিকছড়ি পৌরসভার চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন বলেন, বিশাল এ পৌর এলাকায় বিভিন্ন সড়কে পাহাড়সম সমস্যা। সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এলাকার লোকজন ভোগান্তিতে পড়েছে। অগ্রাধিকারের ভিত্তিতে এটি সংস্কার করা হবে।