
গর্তে ভরা সড়ক। কিছু স্থানে পিচ ঢালাইয়ের অস্তিত্বই নেই। গাড়ি চলার সময় ঝাঁকুনিতে প্রাণ যায় যায় অবস্থা। প্রতিদিনই এমন কষ্ট সয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। এই চিত্র ফটিকছড়ি পৌর সদরের মফজল আহমদ সিকদার সড়কের। সাড়ে তিন কিলোমিটারের সড়কটি নিয়ে চলাচলকারীদের আর অভিযোগ নয়, দানা বাঁধছে ক্ষোভ।
সড়কে চলাচলকারী ছাদেকনগর গ্রামের বাসিন্দা মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়কের এমন বেহাল অবস্থা অথচ এ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। যত ভোগান্তি চলাচলকারীদের। হেঁটে চলাও দায় হয়ে পড়েছে।
স্থানীয় লোকজন বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার সুন্দরপুর, ছাদেকনগর, ছিলোনীয়া, পাইন্দং, আজিমপুরসহ বিভিন্ন এলাকার অর্ধলক্ষাধিক মানুষ যাতায়াত করে। ভাঙা সড়কের কারণে ১৫ মিনিটের পথ যেতে লাগছে আধা ঘণ্টা। আর এ সুযোগে দ্বিগুণ ভাড়া আদায় করেন সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকেরা।
সরেজমিনে দেখা যায়, পৌর সদর রাজঘাট এলাকা থেকে সুন্দরপুর পর্যন্ত সমানে উড়ছে ধুলাবালু। এই অংশ এখন কাঁচা সড়কে রূপ নিয়েছে। পিচ উঠে গিয়ে ইটও নেই।
ফটিকছড়ি ডিগ্রি কলেজের øস্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুন নাহার বলেন, ‘সুন্দরপুর এলাকার বাড়ি থেকে কলেজে যেতে এ সড়কই একমাত্র মাধ্যম। ভাঙাচোরা সড়কে অনেক সময় বাড়তি ভাড়া দিয়েও অটোরিকশা ও রিকশাচালকেরা যেতে চান না। তাই
কলেজে আসা-যাওয়া কমিয়ে দিয়েছি।’
সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল আজম ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যাপারটা যঁাদের দেখা দরকার তঁারা পদক্ষেপ নেন না। এমনিতে সড়কে খানাখন্দ, এতে করে যাতায়াতে সময় লাগছে বেশি, তার ওপর অতিরিক্ত ভাড়ার চাপ।
সড়কের সিএনজিচালিত অটোরিকশাচালক মো. লতিফুজ্জামান বলেন, রাস্তা যেভাবে ভেঙেছে তাতে দিনে দুই থেকে তিনবারের বেশি আসা-যাওয়া করা যায় না। অনেকে এ সড়কে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) ফটিকছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, পৌর সদর রাজঘাট থেকে সুন্দরপুর পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়কটির দীর্ঘদিন উন্নয়ন হয় না। সর্বশেষ সংস্কার হয় ২০১১ সালে। বিশেষ করে দুই বছর ধরে সড়কটির অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।
উপজেলা প্রকৌশলী ম বিল্লাল হোসেন বলেন, সড়কটি উন্নয়নে ইতিপূর্বে কয়েকবার অর্থ চেয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। চলতি বছরও সড়কটি উন্নয়নে অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।
ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন বলেন, এটি উপজেলার সুন্দরপুরবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছর অর্থ বরাদ্দ হলে সড়কটির সংস্কারকাজ শুরু করা হবে।