ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতী সড়কে গাড়ি চলে ঝুঁকি নিয়ে l প্রথম আলো
পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতী সড়কে গাড়ি চলে ঝুঁকি নিয়ে l প্রথম আলো

সড়কজুড়ে ইট এবড়োখেবড়ো হয়ে আছে। কোনো কোনো স্থানে সড়কের অংশবিশেষ পাশের ডলু নদে হারিয়ে গেছে। কিছুদূর পরপর ছোট-বড় অসংখ্য গর্ত। গাড়ি চলে ঝুঁকি নিয়ে।
সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতী সড়ক এখন এমনই বেহাল। এ অবস্থা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। ইট বিছানো প্রায় দুই কিলোমিটারের সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করেন প্রায় দেড় হাজার পরিবারের লোকজন।
২০ ডিসেম্বর সরেজমিনে দেখা গেছে, ডলু নদের পাশ ঘেঁষে ইছামতী সড়কটি নলুয়া ইউনিয়নের হাঙরমুখ বাজার পর্যন্ত বিস্তৃত। সড়কটির শুরুর দিকে প্রায় ১০০ মিটার অংশের ইট উঠে গেছে। কয়েকটি স্থানে ভেঙে সরু হয়ে গেছে সড়ক। এসব স্থানে গাড়ি চলছে ঝুঁকি নিয়ে।
ইছামতী এলাকার বাসিন্দা মো. আবুল কাশেম (৪৮) ও মোহাম্মদ মাঈনুদ্দিন (৪০) বলেন, সড়কটি নিয়ে জনপ্রতিনিধি বা প্রশাসনের কোনো মাথাব্যথা নেই। যত ভোগান্তি এলাকার বাসিন্দাদের। দুর্ভোগ সহ্য করে এলাকার লোকজনকে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে। এ নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। লোকজন সড়ক সংস্কারের জন্য মিটিং-মিছিল করার কথা ভাবছে।
হাঙরমুখ এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক এনামুল হক বলেন, ‘সড়কটি দিয়ে এখন গাড়ি চলাচল কমে গেছে। চালকেরা ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে চান না। তা ছাড়া ওই সড়কে গাড়ি চালাতে গেলে যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি সময়ও লাগে বেশি।
কেরানীহাট জামেউল উলুম ফাজিল মাদ্রাসার আলিম শ্রেণির ছাত্র আমিরুল ইসলাম বলেন, বাড়ি থেকে মাদ্রাসায় যেতে হলে এ সড়কই একমাত্র মাধ্যম। সড়কটি দিয়ে গাড়ি চলাচল দূরে থাক এখন হেঁটে চলাও দায় হয়ে পড়েছে।
পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ বলেন, সড়কটি দিয়ে প্রায় ১০ হাজার মানুষ চলাচল করে। জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়েছে। আশা করছি, আগামী অর্থবছরে সংস্কারে হাত দিতে পারব।’
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সাতকানিয়া উপজেলা কার্যালয়ের প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন বলেন, সড়কটি সংস্কারের জন্য প্রকল্প তৈরি করা হবে। এরপর বরাদ্দ পাওয়া গেলে দরপত্র আহ্বানের মাধ্যমে সংস্কারকাজ শুরু হবে।