ভাঙা সড়কে নিত্য ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কজুড়ে ছোট-বড় গর্ত। কোথাও কোথাও পিচ উঠে গিয়ে ইট-সুরকিও নেই। আবার কিছু স্থানে গর্ত আর গর্ত নেই রূপ নিয়েছে ছোটখাটো জলাশয়ে। এ অবস্থায় চলছে যানবাহন। চন্দনাইশ উপজেলা সদর সড়কে নিত্য ভোগান্তি নিয়ে প্রতিদিন চলাচল করছে হাজারো মানুষ। স্থানীয় লোকজন জানান, এমনিতে চন্দনাইশের অভ্যন্তরীণ সড়কগুলোর সংস্কার নেই দীর্ঘদিন। তার ওপর ভারি বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতায় সবকটি সড়কের এখন বেহাল দশা। হেঁটে চলতে পর্যন্ত কষ্ট হচ্ছে। কিছু স্থানে সড়কের পাশে পুকুর থাকায় পাড় ভেঙে সড়ক পুকুরে তলিয়ে যাচ্ছে। এসব সড়কে যেকোনো মুহূর্তে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর সড়ক, চন্দনাইশ-নয়াহাট, সাতবাড়িয়া-বৈলতলী-বরমা সড়ক, গাছবাড়িয়া-লটএলাহাবাদ সংযোগ সড়ক, বাগিচাহাট-সাতবাড়িয়া সংযোগ সড়ক, দেওয়ানহাট-হাছনদণ্ডী-সাতবাড়িয়া সংযোগ সড়ক, দোহাজারী-চাগাচর সড়ক, দোহাজারী-রেলস্টেশন-জামিজুরী-লালুটিয়া সড়কে অসংখ্য ছোট-বড় গর্ত। চারদিকে কাদাপানিতে একাকার। গর্তে পড়ে অনেক সময় আটকে যাচ্ছে যানবাহন। এদিকে, দেওয়ানহাট-সাতবাড়িয়া-বৈলতলী সংযোগ সড়কের নাজিরহাট এলাকায় পুকুরপাড়ে রক্ষা দেয়াল না থাকায় ভেঙে যাচ্ছে সড়ক।সাতবাড়িয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাহবুবুর রহমান বলে, রাস্তা দিয়ে চলাচল করার সময় কোনো গাড়ি আসলে দ্রুত সরে যেতে হয়। কারণ গর্তে জমে থাকা কাদাপানি গায়ে পড়ে কাপড়চোপড় নষ্ট হয়। আটোরিকশাচালক মোহাম্মদ সোহেল বলেন, চন্দনাইশে অভ্যন্তরীণ সড়কের এ রকম বেহাল অবস্থা আগে হয়নি। প্রায় গর্তে পড়ে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। ছোটখাটো দুর্ঘটনা তো লেগেই আছে। এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, উপজেলার অভ্যন্তরীণ যেসব সড়ক ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, সেগুলোর তালিকা তৈরি করে সদর দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে টেন্ডারের মাধ্যমে মেরামত কাজ করা হবে।