ভাঙা সড়কে বেড়েছে যানজটের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের শান্তিরহাট মোড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এসব গর্তে বৃষ্টির পািন জমে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে গাড়ি চলাচল। অনেক সময় গর্তে গাড়ি আটকে লেগে যাচ্ছে যানজট। গত মঙ্গলবার দুপুরের চিত্র l প্রথম আলো
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের শান্তিরহাট মোড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এসব গর্তে বৃষ্টির পািন জমে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে গাড়ি চলাচল। অনেক সময় গর্তে গাড়ি আটকে লেগে যাচ্ছে যানজট। গত মঙ্গলবার দুপুরের চিত্র l প্রথম আলো

সড়কে বিশাল গর্ত। বৃষ্টির পানি জমে গর্ত রূপ নিয়েছে ছোটখাটো পুকুরের। গর্তের গভীরতা কতটুকু, তা বোঝার কোনো উপায় নেই। পানিতে একাকার চারপাশ। অনেকটা অনুমানের ওপর ভর করে চালকেরা গাড়ি নামিয়ে দিচ্ছেন সেই গর্তে। কখনো গাড়ি উল্টে যাওয়ার উপক্রম, কখনো আটকে পড়ে সৃষ্টি হচ্ছে যানজট।
এ চিত্র চট্টগ্রাম-কাপ্তাই সড়কের শান্তিরহাট এলাকার। গত মঙ্গলবার সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। ভাঙা সড়কের যন্ত্রণায় শান্তিরহাট এখন চালক-যাত্রীদের অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু শান্তিরহাট নয়, এই সড়কের আরও আটটি স্থান—কাপ্তাই রাস্তার মাথা, নজুমিয়াহাট, মদুনাঘাট, নোয়াপাড়া, পাহাড়তলী, গোচরা, গোডাউন ও রোয়াজারহাট মোড়ে এখন দুর্ভোগ বেড়েছে। প্রতিটি মোড়েই ভাঙা সড়ক আর যানজট ভোগাচ্ছে যাত্রীদের।
সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ৪৭ কিলোমিটারের সড়কটি উত্তর চট্টগ্রামের হাটহাজারী ও রাউজানের একাংশ এবং রাঙ্গুনিয়া ও কাপ্তাই উপজেলার বাসিন্দাদের শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম। এতে চলাচল করে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক-পিকআপ, সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহন। প্রতিদিন গড়ে যাতায়াত করেন অর্ধ লক্ষাধিক যাত্রী। তবে যাত্রীদের যাতায়াত বেশি কাপ্তাই রাস্তার মাথা থেকে চন্দ্রঘোনা লিচুবাগান পর্যন্ত ৩৭ কিলোমিটারে।
সরেজমিনে দেখা গেছে, নগরের কাপ্তাই রাস্তার মাথা থেকে ভোগান্তির শুরু। ওই মোড়ে রাস্তা ওপর দাঁড়িয়ে কমপক্ষে অর্ধশতাধিক সিএনজিচালিত অটোরিকশা যাত্রী ওঠানামা করছে। ফলে সড়ক সংকুচিত হয়ে সৃষ্টি হচ্ছে যানজট। এদিকে নজুমিয়া হাট ও মদুনাঘাট মোড়ে যানজটের কারণ ভাঙা সড়ক। চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ লাইনের পাইপ বসানোর জন্য কাটা পড়েছে সড়ক। বেশ কিছু স্থানে এখনো খোঁড়াখুঁড়ি চলছে। ফলে দুই লেনের সড়ক হয়ে গেছে এক লেন। এ ছাড়া পাহাড়তলী, গোচরা ও গোডাউন এলাকায়ও ভাঙা সড়কের কারণে গাড়ি চলছে ধীরগতিতে।
চালাক ও যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়ক বেহাল হয়ে পড়েছে। তার ওপর রয়েছে ওয়াসার খোঁড়াখুঁড়ি ও ট্রাফিক অব্যবস্থাপনা।
রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি গ্রাম থেকে চট্টগ্রাম শহরের কর্মস্থলে প্রতিদিন যাতায়াতকারী যাত্রী আলী রেজার কথায় ক্ষোভ ঝরে পড়ে। তিনি রোয়াজারহাট মোড় থেকে গাড়িতে ওঠেন। ওই স্থান থেকে নগরের বহদ্দারহাট বাস টার্মিনালের দূরত্ব ২৫ কিলোমিটার। তিনি বলেন, আগে বিরতিহীন বাসে সর্বোচ্চ ৪৫ মিনিটে শহরে পৌঁছা যেত। কিন্তু এখন দেড় ঘণ্টা লাগছে। প্রায় প্রতিটি মোড়ে যানজটে পড়তে হয়। সড়কের অন্য অংশ মোটামুটি ভালো থাকলেও। বড় মোড়গুলোতে সড়ক ভাঙাচোরা। ফলে গাড়ির গতি কমে যায়।
চট্টগ্রাম-কাপ্তাই বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাসচালক মোহাম্মদ ইউনুস বলেন, যানজটের মূল কারণ সিএনজিচালিত অটোরিকশা। এগুলোর বেশির ভাগ নিবন্ধনবিহীন। এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে যাঁরা থাকেন তাঁরা ব্যস্ত থাকেন টোকেন বাণিজ্য নিয়ে। ঘণ্টার পর ঘণ্টার অটোরিকশা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকলে কারও কোনো মাথাব্যথা নেই। যত ভোগান্তি বাসচালক ও যাত্রীদের।
সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ আবু তাহের বলেন, প্রতিটি মোড়ে সড়ক ভেঙেছে। তারপরও মেরামতের কোনো উদ্যোগ নেই। আর ওয়াসার খোঁড়াখুঁড়ির যেন শেষ হচ্ছে না।
জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম বলেন, ‘এই সড়কের গোডাউন থেকে কাপ্তাই পর্যন্ত ২৭ কিলোমিটারে মেরামতের কাজ করা হয়েছে। আর কাপ্তাই রাস্তার মাথা থেকে গোডাউন পর্যন্ত ২০ কিলোমিটারে কাজ করছে ওয়াসা। এখনো পাইপলাইন বসানোর কাজ চলছে তাদের। কাটা পড়া সড়ক ওয়াসা নিজ খরচে মেরামত করে দেওয়ার কথা। এ ব্যাপারে ওয়াসাকে অনেকবার চিঠি দেওয়া হয়েছে, তারা সাড়া দেয়নি। ওয়াসার প্রকল্প চলমান থাকায় আমাদের কাজ করার সুযোগ নেই।’
চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের পাইপলাইন বসানোর কাজ হয়েছে। এটির মাধ্যমে রাঙ্গুনিয়ার পোমরা এলাকা থেকে নগরে পানি সরবরাহ করা হবে। অন্যদিকে এখন কাজ চলছে চট্টগ্রামের পানি সরবরাহ উন্নীতকরণ ও স্যানিটেশন প্রকল্পের কাজ (প্রকল্পটি পরিচিত মদুনাঘাট পানি সরবরাহ প্রকল্প নামে)। এটির পাইপ বসানোর কাজ চলছে কাপ্তাই রাস্তার মাথা থেকে মদুনাঘাট এলাকা পর্যন্ত।
ওয়াসার উপপ্রকল্প পরিচালক আরিফুল হক বলেন, পাইপলাইন বসানোর জন্য রাস্তা খুঁড়তে হয়েছে। এই মাসেই বসানো পাইপের পরীক্ষা শেষ হবে। এরপর আগামী মাস থেকে স্থায়ীভাবে সড়ক মেরামতের কাজ শুরু হবে।