ভাঙাচোরা ঘরে পাঠদান
খাগড়াছড়ির দীঘিনালার অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয় যেন নিজেই অনাথ। টিনের ছাউনি ও বেড়া খসে পড়ায় পাশের রাস্তা থেকে শ্রেণীকক্ষের সবকিছু দেখা যায়। অথচ উপজেলা সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এই বিদ্যালয়ের অবস্থান। সম্প্রতি অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ভাঙাচোরা টিনের একটি শ্রেণীকক্ষে দশম শ্রেণীর বাংলা পাঠদান চলছে। প্রায় ১৫০ জন শিক্ষার্থী গাদাগাদি করে বসেছিল শ্রেণীকক্ষে। পাঁচজনের একেকটি বেঞ্চে সাত-আটজন শিক্ষার্থীকে বসতে হয়েছিল। পাঠদানকারী শিক্ষক মো. ইউসুফ জানালেন, এটাই বিদ্যালয়ের নিত্যদিনের চিত্র। সংস্কার না হওয়ায় ভাঙাচোরা ঘরেই শিক্ষার্থীদের ক্লাস করতে হয়। দশম শ্রেণীর শিক্ষার্থী হামিদুল ইসলাম, সঞ্জীব ত্রিপুরা ও রোজিনা আক্তার বলে, ‘আমাদের বিদ্যালয়ে দুর্দশার চিত্রটি কারও নজরে পড়ে না। একটি বেঞ্চে সাত থেকে আটজনকে বসতে হয়। টিনের ভাঙা বেড়ার ফাঁক দিয়ে পথচারীরা আমাদের দেখেন।’ শিক্ষর্থীরা জানায়, বর্ষাকালে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়। বৃষ্টি হলে টিনের ছাদ চুইয়ে পানি পড়ে। বই-খাতা সব ভিজে যায়। নলকূপ না থাকায় তৃষ্ণা পেলে বিদ্যালয় থেকে দূরে গিয়ে পাহাড়ের নিচের নলকূপ থেকে পানি পান করতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, ১৯৭৬ সালে চট্টগ্রামের জ্ঞানশ্রী মহাস্থবির অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তখন অনাথ ও এতিম শিশুদের লালন-পালন করে বিদ্যালয়ে পাঠদান করা হতো। ১৯৮০ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। তবে ১৯৮৬ সালে পার্বত্য চট্টগ্রামের বিরাজমান পরিস্থিতির কারণে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। ১৯৯২ সালে বিদ্যালয়টি পুনরায় চালু করা হয়। ১৯৯৩ সালের জুন মাসে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এমপিওভুক্ত করা হয়। বিদ্যালয়ে বর্তমানে ৭০০-এর বেশি শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ে শ্রেণীকক্ষ-সংকট ছাড়াও আসবাব ও বিজ্ঞানাগার-সংকট রয়েছে। বিশুদ্ধ পানির ব্যবস্থাও নেই। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জসিম বলেন, ‘বিদ্যালয়টির যেমন দুরবস্থা, তাতে নতুন করে অবকাঠামো তৈরি করতে হবে। কিন্তু বিদ্যালয়ের নিজস্ব তহবিলের সামান্য টাকায় বড় উন্নয়ন করা সম্ভব নয়, তাই সরকারের কাছে সাহায্যের আবেদন করেছি।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ বলেন, অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ ও শ্রেণীকক্ষ সংস্কারের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।