সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল-মহানগর সড়কটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টি হলেই পানি জমে যায়। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার নাম শুনলে যেতে চান না রিকশাচালকেরাও। আর কেউ যেতে চাইলেও ভাড়া হাঁকেন নির্ধারিত ভাড়ার তিন গুণ।ওই এলাকার বাসিন্দা আবুল খায়ের বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ছয়টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে সীমাহীন ভোগান্তিতে পড়েন।এলাকাবাসী জানায়, এই সড়কে মীর সিরাজুল ইসলাম উচ্চবিদ্যালয়, মহানগর মাদ্রাসা, পশ্চিম বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরিবারকল্যাণকেন্দ্রসহ বেশ কয়েকটি বিপণিকেন্দ্র অবস্থিত। এ সড়কপথে মহানগর, টেরিয়াইল, বহরপুর, বগাচতর, পশ্চিম লালানগর ও হাসুপাড়া গ্রামের বাসিন্দারা চলাচল করেন। সড়কটির তিন কিলোমিটার এলাকা ভাঙাচোরা হওয়ায় চলাচলকারীদের দুর্ভোগের অন্ত নেই।সরেজমিনে দেখা গেছে, সড়কটিতে খোয়া, ইট বা পাথরের অস্তিত্ব নেই। রাস্তাজুড়ে বড় বড় অসংখ্য গর্ত। প্রতিরোধক দেয়াল না থাকায় সড়কের দুইপাশ ভেঙে যাচ্ছে। বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গত দুই বছরের বর্ষায় সড়কটির প্রায় ৮০ শতাংশ ক্ষতি হয়েছে। দু-তিন ঘণ্টা বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। মহানগর এলাকার বাসিন্দা মীর সিরাজুল ইসলাম বলেন, সাত বছর আগে রাস্তাটি কার্পেটিং করা হয়েছিল। নিম্নমানের বিটুমিন ব্যবহারের ফলে বছর না যেতেই সড়কের কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছিল।সড়কের অবস্থা এতটাই খারাপ যে স্থানীয় রিকশাচালক জানে আলম জানান, রাস্তা ভাঙা থাকার কারণে লোকজন রিকশায় উঠতে চায় না। এ রাস্তায় চললে রিকশার ক্ষতি হয়। চাকা ভেঙে যাত্রীদের আহত হওয়ার ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। পশ্চিম বহরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক জানান, ‘সড়কের অবস্থা দেখে বোঝাই যায় না, এটি একসময় পাকা ছিল। ফয়সাল আলম, রিপন চৌধুরী, সাফায়াত উল্লাসহ মহানগর মীর সিরাজুল ইসলাম উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বর্ষা শুরু হলেই রাস্তা ময়লা-আবর্জনাযুক্ত পানিতে তলিয়ে যায়। এ রাস্তা দিয়ে বিদ্যালয়ে যেতে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের। বারৈয়াঢালা ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল হক জানান, সড়কটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হওয়ায় আমার করার কিছু ছিল না। বারৈয়াঢালা ইউনিয়নের চেয়ারম্যান রেহানউদ্দিন জানান, প্রতিরোধক দেয়াল না হলে সড়কটি স্থায়িত্ব পাবে না। এ ছাড়া তিন কিলোমিটারের মধ্যে দুইটি কালভার্ট নির্মাণ করা প্রয়োজন।স্থানীয় সরকার ও প্রকৌশল কর্মকর্তা মাসুম আল মামুন প্রথম আলোকে জানান, ‘সড়কটি সংস্কারের দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী জুনের দিকে সড়কটির কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।’