ভাজা চীনাবাদামে এলার্জি বেশি
চীনাবাদাম খেলে এলার্জি দেখা দিতে পারে। তা আবার কাঁচার চেয়ে ভাজা বাদামে আশঙ্কাটা বেশি। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমনটা দাবি করেছেন তাঁদের গবেষণালব্ধ তথ্যের বরাত দিয়ে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
বিজ্ঞানীদের তথ্যমতে, ভাজা বাদাম খাওয়ার ফলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ে। আর তা ভবিষ্যতে এলার্জিতে আক্রান্ত হওয়ার পথ করে দেয়। তবে কাঁচা না ভাজা বাদাম খাওয়া ভালো, এ ব্যাপারে পুরোপুরি সিদ্ধান্ত নেওয়ার আগে আরও গবেষণামূলক কাজের প্রয়োজন বলে জানান গবেষকেরা।
এ ব্যাপারে জার্নাল অব এলার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজি সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে বলা হয়, ইঁদুরের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে এই এলার্জির বিষয়টি আবিষ্কৃত হয়েছে। গবেষণায় নেতৃত্ব দেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুয়েনটিন স্যাটেনশ। তিনি বলেন, ‘আমাদের জানামতে, এটাই এই প্রথম বাদাম খাওয়ার প্রতিক্রিয়ায় এলার্জি দেখা দেওয়ার সরাসরি ঘটনা।’ তিনি বলেন, তবে এলার্জির বিষয়টি মানুষভেদে ভিন্ন রকম হতে পারে। কারও গায়ে হয়তো হালকা ফুসকুড়ি দেখা দিতে পারে। কারও বেলায় তা হতে পারে আরও বেশি পীড়নকর। সে ক্ষেত্রে মুখবিবর ফুলে যেতে পারে, দেখা দিতে পারে শ্বাসকষ্ট।
কুয়েনটিন বলেন, বাদাম কড়া ভাজা হলে একধরনের রাসায়নিক পরিবর্তন ঘটায়, যা থেকে ওই এলার্জির উপাদান সৃষ্টি হয়।