‘পাকা জেটি থাকতেও ভাটার সময় নৌকা থেকে কূলে উঠতে হয় বাঁশের সাঁকো পেরিয়ে। পা পিছলে একবার পড়লে সোজা কাদার মধ্যে। তাই ভয়ে ভয়ে সাঁকো পাড়ি দিতে হয়। তা-ও আবার বাঁশের সাঁকো পুরোপুরি নয়। কিছু স্থানে পাইপ বিছানো। এর ওপর দিয়েই চলাচল করতে হচ্ছে প্রতিদিন।’ কথাগুলো বলছিলেন ধলঘাটার সাপমারার ডেইল এলাকার বাসিন্দা মোহাম্মদ গিয়াস উদ্দিন।মহেশখালী উপজেলার ধলঘাটা জেটিঘাটটি এখন প্রায় ২০ হাজার মানুষের দুর্ভোগের অন্যতম কারণ। ঘাটের আশপাশ ভরাট হয়ে যাওয়ায় ভাটার সময় মূল জেটিতে নৌকা ভিড়তে পারে না। ফলে যাত্রীদের কূলে উঠতে পাড়ি দিতে হয় বাঁশের সাঁকো ও পাইপ।জানা গেছে, ধলঘাটা ইউনিয়নের লোকজনের নৌকাযোগে মহেশখালীসহ বিভিন্ন এলাকায় পারাপারের জন্য ১৯৯৫ সালে সাপমারার ডেইল এলাকায় এ জেটি নির্মাণ করা হয়। এর পর থেকে প্রতিবছর নিলামের মাধ্যমে জেটি ইজারা দেয় উপজেলা প্রশাসন। দুর্যোগের কবলে পড়ার পাশাপাশি নানা সময় মাছ ধরার নৌকার ধাক্কা খেয়ে জেটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।সরেজমিনে দেখা যায়, কূল থেকে জেটির দূরত্ব কমপক্ষে ২০০ গজ। জেটি সম্প্রসারিত না হওয়ায় ভাটার সময় বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে লোকজন। সাঁকোও পুরোপুরি নেই। কিছু স্থানে আছে পাইপ বিছানো। এসব পাইপের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীরা। ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ‘জেটিটি আরও সম্প্রসারণের জন্য মাসিক সমন্বয় সভায় কয়েকবার উত্থাপন করেছি। কিন্তু কাজ হয়নি।’জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, জেটিটি সংস্কারের পাশাপাশি আরও সম্প্রসারণের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে।