ভাটায় অচল মহেশখালী জেটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাটার সময় জলযান ভিড়তে পারে না মহেশখালী ফেরিঘাটে। কাদা মাড়িয়ে নৌকা-স্পিডবোটে ওঠা-নামা করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা। এতে অনেকেই দুর্ঘটনার কবলে পড়ছে।জানা গেছে, মহেশখালী উপজেলার গোরকঘাটার কাছে ১৯৮৮ সালে প্রায় এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে সংযোগ সড়কসহ একটি জেটি নির্মাণ করা হয়। ৫০০ মিটার দীর্ঘ এবং ৩ দশমিক ৩ মিটার চওড়া এ জেটি নির্মাণের পর পলি জমায় গত ২০০০ সালে প্রায় এক কোটি টাকা ব্যয়ে ১০০ মিটার জেটি সম্প্রসারণ করা হয়। এরপর আবারও জেটির আশপাশে পলি জমায় চলতি বছরের জানুয়ারিতে ৩০০ মিটার দীর্ঘ একটি কাঠের জেটি নির্মাণ করা হয়। কিন্তু বর্তমানে ভাটার সময় জেটির সামনে প্রায় ২০০ মিটার এলাকায় পলি জমে যায়। ফলে এই দীর্ঘ পথ হাঁটুসমান কাদা মাড়িয়ে নৌকায় উঠতে হয় যাত্রীদের।গোরকঘাটার স্থানীয় নেছার আহমদ, কলিম উল্লাহ ও আহমদ কবির বলেন, ‘ভাটার সময় সাগরের পানি নেমে যায়, ফলে ফেরি পারাপারে আমাদের অসুবিধা হচ্ছে।’ এ সমস্যা নিরসনে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, জেটি সম্প্রসারণ না হওয়ায় ভাটার সময় হাঁটু পরিমাণ কাদামাটি পাড়ি দিয়ে বোটে ওঠা-নামা করতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছে যাত্রীরা। অন্তত আরও ৫০০ মিটার জেটি সম্প্রসারণ করা জরুরি।এ প্রসঙ্গে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া বলেন, ইতিমধ্যে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জেটির দুই পাশের রেলিংসহ জেটিসংলগ্ন সংযোগ সড়ক সংস্কার করা হয়েছে। প্রয়োজনে জেটি সম্প্রসারণও করা হবে।