ভাটিয়ারিতে নিত্য যানজট, ভোগান্তি
বেসরকারি সংস্থার কর্মকর্তা সাইফুল মাহমুদকে সীতাকুণ্ডের ছলিমপুর ফকিরহাট থেকে ভাটিয়ারিতে এসে নিয়মিত অফিস করতে হয়। কিন্তু ভাটিয়ারি বাজার এলাকায় যানজটের কারণে প্রায়ই তাঁকে অনেক দূরে গাড়ি থেকে নেমে হেঁটে অফিসে যেতে হয়।
শুধু সাইফুল মাহমুদ নন, চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীদেরও নিয়মিত ভাটিয়ারিতে যানজটে পড়তে হচ্ছে। যাত্রীদের অভিযোগ, ভাটিয়ারি বাজারে দূরপাল্লার গাড়ির টিকিট কাউন্টার ও অবৈধ লেগুনা স্ট্যান্ডের কারণে এমন যানজট হচ্ছে। এ ছাড়া লোকাল বাসসহ সব ধরনের বাস মহাসড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে যানজট তীব্র আকার ধারণ করছে।
গত ২৬ জানুয়ারি দুপুরে সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ভাটিয়ারি বাজার এলাকায় ঢাকামুখী লেনে অর্ধেকের বেশি অংশ দখল করে আছে যাত্রীবাহী ১০টি লেগুনা। চালকের সহকারীরা যাত্রী ডেকে গাড়িতে ওঠানোর চেষ্টা করছেন। দূরপাল্লার কয়েকটি বাসকেও মহাসড়কে দঁাড়িয়ে যাত্রী তুলতে দেখা গেছে। এই সময় হাইওয়ে পুলিশ কিংবা ট্রাফিক পুলিশের কোনো সদস্যকে সেখানে দেখা যায়নি।
ভাটিয়ারি বাজারের দোকানদার মো. তারেকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাস আর লেগুনা মহাসড়কে পার্কিং করায় যানজট হচ্ছে। লেগুনার চালক ও সহকারীরা সড়কে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তোলেন। এ ছাড়া দূরপাল্লার বাসগুলোর টিকিট কাউন্টারও সড়কের পাশে। ফলে বাসগুলো কাউন্টারের পাশে মহাসড়কে দাঁড়িয়ে থাকে। বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে একাধিকবার যানবাহন চালকদের এ বিষয়ে বলেও কোনো লাভ হয়নি।
যানজট নিরসনে ট্রাফিক পুলিশ বা হাইওয়ে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট এলাকার বাসিন্দা ও যাত্রীরা। ভাটিয়ারি বাজার এলাকার স্থানীয় বাসিন্দা নন্দন রায় বলেন, ‘হাইওয়ে পুলিশকে মাঝেমধ্যে ওই এলাকায় দেখা গেলেও যানজট কমে না। যানজটের কারণে আমাদের নিত্য ভোগান্তি সহ্য করতে হয়।’
সড়কে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তোলার বিষয়ে জানতে চাইলে লেগুনাচালক সাইফুল ইসলাম বলেন, কিছু কিছু লেগুনা সড়কে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠায়। তবে সব লেগুনা এমনটা করে না।
বাসচালক আবদুর রহিম বলেন, যাত্রীরা অপেক্ষা করে টিকিট কাউন্টারে। কাউন্টার থেকে দূরে গাড়ি রাখলে যাত্রীরা ক্ষিপ্ত হন। এই কারণে টিকিট কাউন্টারের সামনে মহাসড়কে গাড়ি দাঁড় করাতে হয়।
তবে মহাসড়কে যানজট হচ্ছে না বলে দাবি করেছেন বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহম্মদ পাঠান। প্রথম আলোকে তিনি বলেন, দুপুরের পর ঢাকামুখী গাড়ির চাপ বেড়ে যায়। ফলে গাড়ি একটু ধীরে চলে। তবে সেটাকে যানজট বলা ঠিক হবে না।
ওসি বলেন, ভাটিয়ারিতে মহাসড়ক যানজটমুক্ত রাখতে তাঁদের একজন কনস্টেবল নিয়মিত দায়িত্ব পালন করেন। এ ছাড়া ফৌজদারহাট ফাঁড়ির একজন ট্রাফিক পুলিশও সেখানে দায়িত্ব পালন করেন। ওই সড়কে গাড়ি দাঁড়াতে দেওয়ার কথা নয়। তারপরও তিনি বিষয়টি দেখবেন বলে জানান।