ভাড়া বাসায় পুলিশ ফাঁড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ছোট কক্ষকে বানানো হয়েছে অস্ত্রাগার, হাজতখানা ও কার্যালয়। কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙাচোরা। গাদাগাদি করে বসেন পুলিশ সদস্যরা। ভাড়া বাসায় রাস্তার ধারে ঝুঁকি নিয়ে রাত কাটান তাঁরা।
এ চিত্র ফটিকছড়ি উপজেলার নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির। নাজিরহাট পৌরসভার আজম রোডসংলগ্ন ভাড়া বাসায় একাধিক কক্ষে জোড়াতালি দিয়ে চলছে এই ফাঁড়ির কার্যক্রম।
২০০৭ সালে এই ফাঁড়িকে কুমিল্লা (পূর্বাঞ্চল) জোনে স্থানান্তর করে মহাসড়কের অপরাধ দমনের দায়িত্ব দেওয়া হয়। তবে অপরাধ দমনের জন্য নেই পর্যাপ্ত যানবাহন ও আধুনিক যন্ত্রপাতি। ২৩ জন জনবলকাঠামোর মধ্যে বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছেন একজন উপপরিদর্শক (এসআই), একজন নায়েক, একজন হাবিলদার ও ১১ জন সিপাহি। সহকারী উপপরিদর্শক ও সার্জেন্টের একটি করে পদ এবং সিপাহির পাঁচটি পদ শূন্য রয়েছে। অত্যাধুনিক বেতারযন্ত্র থাকলেও নেই পরিচালক। গাড়িচালকের একটি পদও খালি।
ফলে মহাসড়কে চলাচলরত যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না ফাঁড়িতে কর্তব্যরত পুলিশ সদস্যরা। ব্যাহত হচ্ছে দুর্ঘটনাকবলিত যানবাহনের তাৎক্ষণিক অপসারণ, আহতদের হাসপাতালে পাঠানো, জানমালের নিরাপত্তা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ কাজ। মহাসড়কে যানজট দূর করা, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিহত করাসহ নানা কর্তব্য পালনেও হিমশিম খাচ্ছেন তাঁরা।
নাজিরহাট পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মকর্তারা জানান, ১৯৯৭ সালের ১৯ অক্টোবর উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের পাশে পরিত্যক্ত দাতব্য চিকিৎসালয়ে চট্টগ্রামের তৎকালীন পুলিশ সুপার মো. আবদুর রউফ পুলিশ ফাঁড়ির কার্যক্রম উদ্বোধন করেন। এরপর দুই বছর আগে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশে আজম রোডসংলগ্ন তিন কক্ষবিশিষ্ট দ্বিতল ভাড়া বাসায় ফাঁড়িটি স্থানান্তরিত হয়। ফাঁড়ির ভাড়া বাবদ প্রতি মাসে হাইওয়ে পুলিশকে ১৮ হাজার টাকা পরিশোধ করতে হয়।
নিজস্ব ভবন নির্মাণের জন্য নাজিরহাট ঝংকার এলাকার দক্ষিণ পাশে জায়গা বাছাই করা হলেও প্রকল্প অনুমোদন হয়নি। এ কারণে প্রতিষ্ঠার ১৮ বছর পরও ফাঁড়িটির নিজস্ব ভবন হয়নি।
ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, অবকাঠামোগত সুবিধা না থাকায় টেনেটুনে কাজ চলছে। ১৮ হাজার টাকার ভাড়া বাসায় থাকতে হচ্ছে। ভবন তৈরির জন্য জায়গা নির্ধারিত হলেও এখনো কাজ শুরু হয়নি।
তিনি আরও বলেন, ‘রাস্তার ধারে ফাঁড়ির অবস্থান। কোনো সীমানাপ্রাচীর নেই। কক্ষস্বল্পতার কারণে অস্ত্র ও গোলাবারুদ অরক্ষিত থাকে। একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল দীর্ঘদিন ধরে নষ্ট। নিয়মিত টহলের জন্য গাড়ি ভাড়া কিংবা রিকুইজিশন করতে হয়।’
হাইওয়ে পুলিশ সুপার (পূর্বাঞ্চল, কুমিল্লা) মো. রেজাউল করিম বলেন, ‘নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির নতুন ভবন তৈরি, যানবাহনব্যবস্থা ও লোকবল বাড়ানোর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।’
উপজেলার সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘পুলিশি কার্যক্রম জোরদারের জন্য নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভবন তৈরির ও নানা সুবিধা বাড়ানোর প্রক্রিয়া চলছে।’