
মুজফফরনগরে রাত কাটাব ঠিক করেই দিল্লি থেকে বেরিয়েছিলাম। উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলের এই জেলা আখের চাষ ও চিনির কলের জন্য যতটা বিখ্যাত, তার চেয়েও তত দিনে কুখ্যাত হিন্দু-মুসলমানের দাঙ্গার কারণে। লোকসভা ভোটের মাস কয়েক আগে সেই যে শুরু, তার যেন শেষ আর নেই। সাম্প্রদায়িক হানাহানি ওই তল্লাটে রাবণের চিতা। জ্বলছে তো জ্বলছেই।
ভোটের আগে রাজনৈতিক চর্চাটা ছিল এই রকম, নরেন্দ্র মোদি ও অমিত শাহ উত্তর প্রদেশে সাম্প্রদায়িকতায় সুড়সুড়ি দিচ্ছেন যাতে রাজ্যের মুসলমানদের রুখতে হিন্দু-ভোট জাতপাতের গণ্ডি পেরিয়ে জোট বাঁধে। রাজ্যে বিজেপির টার্গেট অন্তত পঞ্চাশ আসন।
গাজিয়াবাদ, বাগপত, মিরাট হয়ে মুজফফরনগর। চলতে চলতে থামা। থামতে থামতে চলা। শহর-গ্রামের নানা ধরনের নানা পেশার মানুষের সঙ্গে কথা বলে ভোটের হাওয়া বোঝার চেষ্টা। বহু বছর আগে পশ্চিমবঙ্গের ভোট-চিত্রের একটা কাহিনি হঠাৎ মনে পড়ে গেল। এক সাংবাদিক গাড়ি থামিয়ে মাঠে নেমে বয়স্ক চাষিকে জিজ্ঞেস করেছিলেন, ‘চাচা, হাওয়া কোন দিকে?’ চাচা কাজ থামিয়ে গামছা দিয়ে মুখ-ঘাড়-গলা মুছে জবাব দিয়েছিল, ‘হাওয়া চতুর্দিকে।’ কথাটা বলে ফোকলা মুখে হাসি ফুটিয়ে চাচা তাকিয়ে ছিল। ভাবখানা এমন, যা বোঝার বুঝে নাও।
গাজিয়াবাদ, বাগপত, মিরাট অথবা এই পশ্চিম তল্লাটে বিজেপি যে ভালো জায়গায় রয়েছে তা বোঝা যাচ্ছিল। কিন্তু তাই বলে মায়াবতী বা মুলায়ম এবং অবশ্যই অজিত সিংয়ের লোকদল যে পাল্টা দান না চেলেই পিঠটান দেবে, তা বুঝিনি। প্রথম বুঝলাম মুজফফরনগরে, তারপর লক্ষ্ণৌ, সুলতানপুর ও বারানসিতে।
তখনো ‘লাভ জিহাদ’ কিন্তু মাথা তোলেনি। তাতে কী? মুজফফরনগর তখন গুমরোচ্ছে আর ফুঁসছে। মুসলমানরা বুঝতে চাইছে মায়াবতী, মুলায়ম না অজিত সিং কার প্রার্থী তাগড়া, কে বিজেপিকে বেগ দেওয়ার মতো জায়গায় রয়েছে, আর হিন্দুরা চোখ বুেজ মোদির নামে ছাপ দেওয়ার জন্য মুখিয়ে। তল্লাটের জাট ও রাজপুতদের একটা বয়স্ক জটলা গাছের ছায়ায় খাটিয়ায় বসে গড়গড়া টানছিল। আলস্য এই মহল্লার পুরুষদের নিত্যসঙ্গী। তাঁরা একটা গল্প শোনালেন। জাটেরা লোকদলের প্রাণপুরুষ কৃষক নেতা চৌধুরী চরণ সিং ছাড়া কখনো অন্য কোনো দলকে ভোট দেয়নি। চরণ সিং মারা যাওয়ার পর তাঁর ছেলে অজিতকে তাঁরা চিনলেন। এখন অজিতের সঙ্গে তাঁর ছেলে জয়ন্তও তাঁদের নেতা। ফি বার ভোটের আগে চরণ সিং নাকি তাঁদের স্বপ্নে আসেন। বলেন, ‘হ্যাঁ রে, আমি নেই বলে কি আমার ছেলেটাকে দেখবি না?’ ব্যস, ওই এক স্বপ্নেই নাকি জাটেরা সব মান-অভিমান ভুলে লোক দলের প্রার্থীর নামে ভোট দিয়ে আসে। গড়গড়ায় টান দিয়ে জাটেরা বললেন, এবার তাঁরা চৌধুরী সাবের কাছে ক্ষমা চেয়ে নেবেন। বলবেন, এবার ধর্ম রক্ষার সওয়াল। তিনি যেন মাফ করেন। বোঝা গেল, হ্যামিলিনের নতুন বাঁশিওয়ালা পশ্চিম–উত্তর প্রদেশে জাতপাতের বেড়া ভেঙে দিয়েছেন।
লক্ষ্ণৌয়ে বাবরি মসজিদ অ্যাকশন কমিটির নেতা ও মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য সৈয়দ আলি শাহ গিলানি মুলায়মের সমাজবাদী পার্টির কট্টর সমর্থক হলেও চমকে দিয়ে বললেন, বিজেপি পঞ্চাশের বেশি আসন পাবে না। আমি অবাক হয়ে তাকালাম। বলেন কী? উনিই যদি পঞ্চাশটা আসন দেন তাহলে বিজেপি তো ষাট পেরিয়ে যাবে? খটকাটা কাটিয়ে দিলেন সুলতানপুরের একমাত্র মুসলমান প্রার্থীর বড় ভাই। ‘ক্যান্ডিডেট হিসেবে যদি দেখেন, আমার ভাই বেস্ট। ও লোকাল ছেলে, শিক্ষিত, মাফিয়া নয়, পরোপকারী এবং তরুণ। কিন্তু জিতবে বরুণ গান্ধী। কেন? মানুষ মোদিকে পছন্দ করছে।’
শেষ ভাতটা টিপলাম বারানসিতে। বেনারসি শাড়ির বিশাল কারবারি দানিশ ভাইয়েরা জানালেন, কাশীবাসী আপাতত মোদিতে মোহিত। কেন? কারণ, মোদির অতীত প্রশ্নবিদ্ধ বলে তাঁর কাছে নিজেকে প্রমাণের একটা অদম্য তাগিদ রয়েছে। মানুষ সেই সুযোগটা তাঁকে দিতে চায়।
ভাত টিপেই হাওয়া বুঝতে হয়। কিন্তু কবুল করছি, ৮০-র মধ্যে ৭৩টা আসন মোদি উত্তর প্রদেশ থেকে কাঁচিয়ে নেবেন ভাবিনি। তবে এটা লিখেছিলাম, লড়াইটা মোদি বনাম অবশিষ্ট ভারতের। ইদানীং দেখছি সবাই এই কথাটা ঘুরিয়ে-ফিরিয়ে লিখে চলেছে।
সৌম্য বন্দ্যোপাধ্যায়: নয়াদিল্লি প্রতিনিধি