দুঃখের বিষয়, সময়ের অভাবে আমি প্রথম আলোর শপথ-ব্যানারে আমার শপথবাক্য লিপিবদ্ধ করতে পারিনি। আমাকে অফিসে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সময় দিতে হতো। আমার আশপাশ দিয়ে শপথের ব্যানার ঘোরাঘুরি করলেও আমি এর কাছে যেতে পারিনি। এরপর নিজের মনের মধ্যে তৈরি করলাম একটি ধবধবে সাদা ব্যানার। এখানেই লিখব আমার শপথবাণী। হাতে নিলাম কালো কালির মোটা একটি কলম। লিখে ফেললাম আমার শপথবাণী।‘আমি প্রতিদিন একজন অভুক্ত পথশিশুকে একবেলা পেট পুরে খাওয়াব। প্রতিদিন সিগারেটের পেছনে যে অর্থ অপচয় করি, তা আর করব না’।এ শপথ নেওয়ার পেছনে কারণ হলো, আমাকেও একসময় না খেয়ে উপোস থাকতে হতো। কখনো থাকতে হতো শুধু রুটি খেয়ে অথবা গমের ভাত খেয়ে অথবা কচুসেদ্ধ খেয়ে। ভাতের কষ্ট যে কী, সেটা আমি হাড়ে হাড়ে বুঝি। অনেক সময় আমাকে না খেয়ে স্কুলে যেতে হতো। ফেরার পথে মনে মনে ভাবতাম, হয়তো বাড়িতে গিয়ে ভাত পাব; কিন্তু এ আশা পরিণত হতো দ্বিগুণ বেদনায়। যেদিন পেট পুরে খাবার পেতাম, সেদিনকে মনে হতো ঈদের দিন। আর এ অভিজ্ঞতা থেকেই আমি আমার শপথ নিই। ঢাকা শহরে অভুক্ত পথশিশু পাওয়া কোনো কষ্টকর ব্যাপার নয়। হাজারো শিশু জীর্ণ বস্ত্র, মলিন মুখ, ভাবলেশহীন চাহনি নিয়ে অভুক্ত অবস্থায় পথে পথে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সমস্যা হলো, আমি খাওয়াব কীভাবে? দুপুরবেলা আমার এক ঘণ্টা ৩০ মিনিট কাজের বিরতি। এ সময় বাসায় যাই। বাসায় যাওয়া-আসায় আমার সময় ব্যয় হয় ১০ মিনিটের মতো। প্রথম দিন একজনকে নিয়ে গেলাম হোটেলে। খুব আয়েশি ভঙ্গিতে সে খাওয়া সারল। কিছু আলাপচারিতাও হলো। এভাবে চলল ২২-২৩ দিনের মতো। মাঝেমধ্যে খুঁজে পেতেও কষ্ট হয়। লোক খুঁজে না পেয়ে মাত্র একজনকে খাইয়েছি তিন দিন, আর প্রতি ক্ষেত্রে ছিল ভিন্নজন। পরে দেখলাম, এভাবে খাওয়ালে আমাকে আবার না খেয়ে থাকতে হবে। নিজেই বিপদে পড়ে যাব। কিন্তু আমি যে শপথ নিয়েছি। কী করি? শেষে মেসে আমার সঙ্গে খাওয়াব বলে সিদ্ধান্ত নিলাম। বুয়াকে বলি প্রতি দুপুরে একজনের রান্না বেশি দিতে। চলল কিছুদিন। মেসের কেউ কেউ আমাকে স্বাগত জানাল, আবার কারও কারও ব্যাপারটা ঠিক পছন্দ হলো না। যে যা-ই মনে করুক, আমাকে তো আমার শপথ রক্ষা করতে হবে। আমি চালিয়ে যেতে চেষ্টা করলাম। আমি হলাম চিরদিনের দুর্ভাগা। হুট কর একদিন চলে গেল আমার চাকরি। নিজের খরচ চালানোই হয়ে পড়ল কষ্টসাধ্য। বারবার মনে পড়তে থাকল আমার শপথের কথা। মনের সাদা ব্যানারে কালো কালির কাটাকুটি দাগ। আমি কি শপথখেলাপি হয়ে যাব? এরপর প্রতিদিন কোনো পথশিশুকে ১৫-২০ টাকা হাতে ধরিয়ে দিয়ে বলি, কিছু কিনে খেয়ে নিস। চলল কিছুদিন। তারপর আমার আবার নতুন চাকরি হলো। নতুন চাকরির সুবাদে এখন আমাকে থাকতে হচ্ছে খুলনা শহরে। এখানে আমার থাকা-খাওয়া চলে অফিসের অধীনে। ঢাকার মতো পথশিশুদেরও চোখে পড়ে না। আমি পড়ে গেলাম মহাচিন্তায়। সত্যিই ভেঙে গেল আমার শপথ।এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, প্রতিদিন কিছু টাকা পথশিশুদের জন্য জমিয়ে রাখব। বছর শেষে এ টাকা একজন পথশিশুকে দেব, যেন এই টাকা দিয়ে সে একটা কিছু করে নিজের খাবার নিজেই কিনে খেতে পারে।মো. গোলজার হোসেনধনবাড়ী, টাঙ্গাইল।