ভাত নাকি পান্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল নববর্ষের উৎসবে মজে উঠতে একবেলা পান্তা যেন খাওয়া চাই সবার। শহুরে অঞ্চলে পান্তা খাওয়ার চল খুব একটা না থাকলেও গ্রামে এখনো দিব্যি টিকে আছে সকালবেলা ঘুম থেকে উঠে পান্তা খাওয়ার রেওয়াজ। পান্তার সঙ্গে লবণ, পোড়া মরিচ আর আলুভর্তায় স্বাদের পূর্ণতা পায় তাঁদের, যাঁরা এখনো গ্রাম অঞ্চলে পান্তা খাওয়ার চলন টিকিয়ে রেখেছেন। কিন্তু হুট করে বছরে এক দিন পান্তা খাওয়ার সঙ্গে অনেকে মানিয়ে নিতে পারেন না। অনেকে এ জন্য ভাতই বেছে নেন। এ প্রসঙ্গে বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ বলেন, যাঁরা নিয়মিত পান্তা খান, তাঁদের জন্য কোনো সমস্যা নয়। কিন্তু যাঁদের খাওয়ার অভ্যাস নেই, তাঁরা হঠাৎ খেলে হজমের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
শামসুন্নাহার নাহিদ জানান, পুষ্টির দিক থেকে ভাত আর পান্তার মধ্যে তেমন তফাত নেই। দুটোতেই শর্করা আছে। পান্তার পরিবেশনের ওপর নির্ভর করে এর পুষ্টি টিকে থাকা।
পয়লা বৈশাখের দিন যাঁরা বাইরে পান্তা খান, তাঁদের প্রতি এই পুষ্টিবিদের পরামর্শ, বাইরে পান্তা খাওয়ার চেয়ে ঘরে নিজেরাই বিশুদ্ধ পানিতে পান্তা পরিবেশন করে খান। বাইরে যে পান্তা পাওয়া যায়, তা সাধারণত আগের দিন রান্না করা ভাতে পানি দিয়ে থাকে বলে বিভিন্ন গাজনকারী ব্যাকটেরিয়া থাকে। আর এ সময়টাতে গরমের আধিক্য থাকায় অনেক সময় পান্তা নষ্টও হয়ে যায়। এর ফলে বমি, ডায়রিয়া হওয়ার আশঙ্কা রয়েছে। আর যাঁদের অ্যাসিডিটি আছে, তাঁদেরও সমস্যা দেখা দিতে পারে।
বৈজ্ঞানিক পরীক্ষায় পাওয়া তথ্য অনুযায়ী ১০০ গ্রাম পান্তায় (১২ ঘণ্টা পর) ৭৩ দশমিক ৯১ মিলিগ্রাম আয়রন থাকে, গরম ভাতে সেখানে মাত্র ৩ দশমিক ৪ মিলিগ্রাম। এ ছাড়া ১০০ গ্রাম পান্তায় ৩০৩ মিলিগ্রাম সোডিয়াম, ৮৩৯ মিলিগ্রাম পটাশিয়াম এবং ৮৫০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। গরম ভাতে ক্যালসিয়াম মাত্র ২১ মিলিগ্রাম। প্রায় ১২ ঘণ্টা জলে ভিজে থাকায় স্বল্প অ্যালকোহলের উপস্থিতির জন্য পান্তা খেয়ে বেশ ঝিমুনি ভাব আসে। সবচেয়ে বড় কথা পান্তা শরীর ঠান্ডা রাখে এই গরমে।

গুণাগুণের দিক থেকে ভাত ও পান্তার মধ্যে তফাত

ভাত
ভাত

ভাত
* দেহে শক্তি জোগায়, মাংসপেশিকে বলিষ্ঠ করে।
* রোগ-জীবাণুর সঙ্গে দূরত্ব বাড়ায়।
* ভিটামিন ‘বি’ বেরিবেরি রোগ প্রতিরোধ করে।
* শরীরের স্নায়ুগুলোকে শক্তিশালী করে তোলে।
* ভাতের শর্করা দেহের প্রতিটি রক্তকণিকাকে করে বেশি কার্যকর।

পান্তা
পান্তা

পান্তা
* মানবদেহের জন্য উপকারী বহু ব্যাকটেরিয়া পান্তার মধ্যে বেড়ে ওঠে।
* পেটের পীড়া ভালো হয় এবং শরীরে তাপের ভারসাম্য বজায় থাকে।
* রক্তচাপ স্বাভাবিক থাকে।
* অঙ্গপ্রত্যঙ্গ সবল হয় এবং মেজাজ ভালো থাকে।
* অ্যালার্জিজনিত সমস্যা প্রশমিত হয় এবং ত্বক ভালো থাকে।
* সব রকম আলসার দূরীভূত হয়।
* শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পায়।