বাঙালিদের কর্মব্যস্ত জীবনে দুপুরে একটু ভাতঘুম না দিলে যেন চলে না। এই ভাত-ঘুম বাঙালিদের চেয়ে অনেক বেশি জনপ্রিয় স্পেনে। অনেকেই হয়তো জানেন, স্প্যানিশদের নামের সঙ্গে তাই একটি শব্দ বেশ অকপটেই চলে আসে, তা হলো সিয়েস্তা! স্প্যানিশদের ঐতিহ্যের সঙ্গে মিলেমিশে আছে এই সিয়েস্তা বা ভাত-ঘুম! কিন্তু আমাদের দেশে? জেনে নিন

ভাতঘুমের ভালো-মন্দ বৃত্তান্ত।
ভাতঘুম বলতে দিবানিদ্রাকেই ইঙ্গিত করা হয়। তবে দিবানিদ্রার অর্থটাকে একটু বদলে তন্দ্রাতে নিয়ে গেলেই কিন্তু যাবতীয় ভুলচুক মিটে গেল। খাওয়াদাওয়ার পর শরীরজুড়ে একটু ঢুলুঢুলু ভাব আসে। বিশেষ করে উষ্ণ জলবায়ুর দেশগুলোতে আবহাওয়াগত কারণে দুপুরের দিকে এ রকম ঝিমুনি আসে। আমাদের মধ্যে অনেকেই হয়তো আছেন, খাওয়ার পর বিছানা যেন তাঁদের আকর্ষণ করতে থাকে। ব্যস, দিয়ে দিলাম দেড়-দুই ঘণ্টার জম্পেশ একটা ঘুম। এটি মোটেই উচিত নয়। তবে উচিত-অনুচিতের ব্যাপারটি নির্ধারণ করার আগে অবশ্যই দুটি বিষয় খতিয়ে দেখতে হবে। বললেন ঢাকার বারডেম হাসপাতালের এন্ডোক্রাইনোলোজি অ্যান্ড মেটাবলিজম বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফিরোজ আমিন। তিনি জানান, সবার আগে খেয়াল করতে হবে মানুষটি স্লিপ অ্যাপনিয়াতে ভুগছেন না তো? নাকি অকারণে কেবল অভ্যাসবশতই প্রতিদিন দুপুরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ছেন? যদি দ্বিতীয়টি হয়ে থাকে, তবে তাঁর জন্য চিকিৎসক ফিরোজের পরামর্শ হচ্ছে, দিনের বেলায় এমন সুখকর নিদ্রা জীবন থেকে ঝেড়ে ফেলুন। বরং খাওয়ার পর ১৫-২০ মিনিট হাঁটাচলা কিংবা অন্যান্য হালকা ধরনের কাজ সেরে তারপর বিশ্রাম নিন, বিশ্রামের সময় ২০-৩০ মিনিটের জন্য তন্দ্রায় আচ্ছন্ন হতে পারেন, তবে অবশ্যই যেন গভীর নিদ্রা না হয়!
স্লিপ অ্যাপনিয়া কী?
আমাদের চারপাশে স্লিপ অ্যাপনিয়া সমস্যায় ভুগছেন, এমন মানুষ হয়তো অহরহ চোখে পড়বে। তাঁদের রাতে ভালো ঘুম হয় না, কিছুক্ষণ পর পর ঘুম ভেঙে যায়। তাঁদের ঘুম হয় হালকা। ঘুমের শেষ ধাপে তাঁদের আর পৌঁছানো হয় না, অর্থাৎ তাঁরা গভীর ঘুমে আচ্ছন্ন হতে পারেন না খুব একটা। তাঁদের এই হালকা মেজাজের ঘুমের মধ্যেই নাক ডাকা বেশ নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে যায়। রাতে ভালো ঘুম না হওয়ার কারণেই তাঁদের দিনের অধিকাংশ সময় ঝিমুনির মধ্য দিয়ে যায়। কর্মক্ষেত্র কিংবা শ্রেণিকক্ষে, ঘরে কিংবা গণপরিবহনে, যেখানে-সেখানে, যখন-তখন তাঁরা ঘুমের ঘোরে চলে যেতে পারেন। তাই তাঁদের জন্য শুধু ভাত-ঘুম কেন, কোনো ঘুমেরই সূত্র খাটে না। তাঁদের উচিত চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়ন্ত্রণের উপায় খোঁজা।
কী হবে, যদি খাওয়ার পরপরই গা এলিয়ে ঘুম দেওয়া হয়?
আপনি যখন খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়ছেন, তখনো কিন্তু আপনার পরিপাকতন্ত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তখন পেটের মধ্যে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় অনেক বেশি, আর শুয়ে থাকার কারণে পর্যায়ক্রমে বুক জ্বালাপোড়া এবং গলা জ্বলার মতো অস্বস্তিকর অবস্থাতে পৌঁছে যেতে পারেন খুব সহজেই। এমনটিই জানালেন চিকিৎসক ফিরোজ। তাই খাওয়া শেষ করার পর মুহূর্তেই না শুয়ে কিছুক্ষণ হাঁটুন কিংবা বসেই থাকুন। তারপর না হয় শুয়ে কিছুক্ষণ বিশ্রাম করলেন। তবে গভীর ঘুম ঘুমানো উচিত নয়, কারণ এতে আপনার শরীরে অতিরিক্ত মেদ যেমন জমবে, তেমনি স্ট্রোকের আশঙ্কাও বাড়িয়ে তুলবে। তা ছাড়া গবেষণায় দেখা গেছে, ওজন কমানোর জন্য খাওয়ার পর স্বাভাবিকভাবেই কিছুক্ষণ হাঁটাহাঁটি বেশ উপকারী!
ভাতঘুম অর্থাৎ ২০-৩০ মিনিটের জন্য তন্দ্রায় আচ্ছন্ন হওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এতে স্মৃতিশক্তি যেমন উন্নত হয়, তেমনি মনমেজাজও বেশ চনমনে হয়! তবে রাতের ঘুম ভালো হওয়া চাই। পূর্ণবয়স্ক মানুষের জন্য রাতে সাত-আট ঘণ্টা আর শিশুদের জন্য ১১-১৩ ঘণ্টা সুস্থ জীবনধারার পেছনে বেশ জরুরি।