ভাতা তুলতে ভোগান্তি বৃদ্ধদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানছড়িতে বয়স্করা বয়স্কভাতা তুলতে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১০ ডিসেম্বর পানছড়ি সোনালী ব্যাংকে গিয়ে দেখা গেছে চেংগী ইউনিয়নের দুর্গম জগপাড়া গ্রাম থেকে বয়স্কভাতা নিতে এসেছেন জয় চাকমা (৭৫)। ভোর সাড়ে ছয়টায় বাসা থেকে বেরিয়েছেন। দুপুর তিনটায়ও তিনি ভাতা পাননি। তীব্র শীতের মধ্যে পানছড়ি উপজেলা পরিষদ মাঠে বয়স্কভাতা পাওয়ার আশায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে দেখা গেছে বৃদ্ধদের। ৮৫ বছরের বৃদ্ধ পূণ্য চন্দ্র চাকমা বলেন, ‘ব্যাংকের লোকেরা প্রত্যেক ইউনিয়ন পরিষদে গিয়ে বিতরণ করলে আমাদের জন্য ভালো হতো। এতে একদিকে আমাদের ভোগান্তি কমবে আর অন্য দিকে আমাদের গাড়ি ভাড়া বাঁচবে। আমাদের এলাকায় যানবাহন না চলায় বিকেলে ভাতা পাওয়ার পর বাসায় ফিরতে প্রতিবার অনেক রাত হয়ে যায়। গত ১০ ও ১১ ডিসেম্বর পানছড়ি উপজেলা সোনালী ব্যাংক শাখায় বৃদ্ধদের ভাতা দেওয়ার তারিখ ছিল। ভাতা তোলার সময় ব্যাংকের অবহেলার কারণে তাদের কষ্টের অন্ত থাকে না। পানছড়ি সোনালী ব্যাংকের ব্যবস্থাপক রূপায়ন চাকমা গত ১০ ডিসেম্বর দুপুর আড়াইটায় প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন ঝামেলার কারণে দিতে দেরি হয়েছে। দুপুরে খাওয়ার পর দেওয়া হবে।’ এ সময় তাঁকে দূর থেকে আসা অনেক বৃদ্ধের সকাল থেকে না খেয়ে অপেক্ষার বিষয়টি স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, ‘কি করব বলেন, এটা ছাড়া উপায় নেই।’ পানছড়ি উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, পানছড়ি উপজেলার চারটি ইউনিয়নের এক হাজার ৫৪৯ জন বৃদ্ধকে বয়স্কভাতা দেওয়া হচ্ছে। এর মধ্যে লোগাং ইউনিয়ন পরিষদ থেকে ৩৫৩ জন, চেংগী ইউনিয়ন পরিষদ থেকে ৩২৩ জন, পানছড়ি ইউনিয়ন পরিষদ থেকে ৪৫৭ জন, লতিবান থেকে ৪১৬ জন।পানছড়ি সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসনা দেবী চাকমা বলেন, ‘প্রতিটি ইউনিয়নে গিয়ে বিতরণ করা হলে বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য ভালো হবে। ব্যাংকের লোকেরা সম্মত হলে এ ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই।’ চেংগী ইউনিয়নের চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা বলেন, ‘আমার ইউনিয়নের অধিকাংশ গ্রাম দুর্গম ও প্রত্যন্ত এলাকায়। সেখান থেকে বয়স্ক ব্যক্তিরা ভাতা তুলতে এসে খুবই কষ্ট পাচ্ছে। প্রতিটি ইউনিয়নে গিয়ে বিতরণ করা হলে বৃদ্ধ-বৃদ্ধাদের দুর্ভোগ কমবে।’ এ প্রসঙ্গে পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, ‘প্রতিটি ইউনিয়নে গিয়ে বয়স্কভাতা বিতরণ করতে পানছড়ি সোনালী ব্যাংকের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে।’