ভাতে ভর্তা
ভাত ছাড়া কি বাঙালির চলে! আর ভাতের সঙ্গে যদি থাকে নানা পদের ভর্তা, তবে এর চেয়ে দেশি উপাদেয় খাবার আর কী হতে পারে। নানা রকম ভর্তার পদ দিয়েছেন সাঈদা বেগম বেগুন-টমেটো ভর্তাউপকরণ: বেগুন বড় ১টা, পাকা টমেটো ৪টা, পেঁয়াজ মিহি কুচি আধা কাপা, শুকনা মরিচ ৪টা, ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ, লবণ ৩-৪ চা-চামচ, চিনি আধা চা-চামচ, সরিষার তেল ২ টেবিল-চামচ। প্রণালি: বেগুন ধুয়েমুছে একটু তেল মাখিয়ে আগুনে পুড়ে নিন। এরপর খোসা ছাড়িয়ে নিন। টমেটো ধুয়ে পাঁচ মিনিট গরম পানিতে ছেড়ে সেদ্ধ করে নিন। পানি থেকে নামিয়ে খোসা ছাড়িয়ে নিন। বেগুন ও টমেটো ছোট ছোট টুকরা করে প্যানে চুলায় নেড়েচেড়ে শুকিয়ে নিন। আধা চা-চামচ লবণ ও চিনি দিয়ে শুকাবেন। একটি বাটিতে পেঁয়াজ, মরিচ, ধনেপাতার সঙ্গে স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেখে মজিয়ে নিন। তারপর বেগুন ও টমেটো একসঙ্গে মিশিয়ে মেখে নিন। সরিষার তেল দিয়ে মাখবেন। খুদের ভাতের সঙ্গে ভর্তা পরিবেশন করুন।সাদা তিলের ভর্তাউপকরণ: সাদা তিল আধা কাপ, নারকেল কোরানো সিকি কাপ, পেঁয়াজ দেশি ৮টি, দেশি রসুন ৪টি, শুকনা মরিচ ১২টি, তেল ১ টেবিল-চামচ, লবণ ১ চা-চামচ। প্রণালি: তিল ঝেড়ে-বেছে পাতলা কাপড়ে ছেনে ময়লা পরিষ্কার করে নিতে হবে। শুকনো খোলায় অল্প আঁচে তিল টেলে নিতে হবে, যেন পুড়ে কালো না হয়ে যায়। তিল মচমচে হয়ে সুঘ্রাণ বের হলে নামিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। প্যানে তেল গরম করে শুকনা মরিচ ভেজে তুলে রেখে সেই তেলে পেঁয়াজ, রসুন, লবণ ও কোরানো নারকেল দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ, রসুন সেদ্ধ হলে নামিয়ে ফেলতে হবে। পাটায় প্রথমে ভাজা মরিচ বেটে এর সঙ্গে ভাজা তিল বেটে নিতে হবে। বাটা মরিচ ও তিলের সঙ্গে ভাজা বাকি উপকরণগুলো মসৃণ করে বেটে নিয়ে পরিচ্ছন্ন বাটিতে পরিবেশন করতে হবে। একইভাবে তিসির ভর্তাও করা যায়। ঝাল ও লবণ স্বাদ অনুযায়ী দিতে পারেন। লাউয়ের বিচি ও টাকি মাছের ভর্তাউপকরণ: লাউয়ের বিচি ১ কাপ, টাকি মাছ মাঝারি ১টি, কাঁচা মরিচ ৪টি, পেঁয়াজ, দেশি ৪টি, দেশি রসুন ১টি, ধনেপাতা ২টি গাছ, লবণ আধা চা-চামচ, সরিষার তেল ২ টেবিল-চামচ, সয়াবিন তেল ১ টেবিল-চামচ। প্রণালি: লাউয়ের বিচি ধুয়ে আধা কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। টাকি মাছের মাথা বাদ দিয়ে বাকি অংশ আঁশ ফেলে পেট পরিষ্কার করে ধুয়ে পানি ঝরাতে হবে। গরম তেলে মাছ মাঝারিভাবে ভাজতে হবে। মাছ ভাজা অবশিষ্ট তেলে পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, ধনেপাতা ও লবণ দিয়ে টেলে নিন। চুলা থেকে নামানোর আগে সেদ্ধ লাউয়ের বিচি ও কাঁটা ছাড়ানো মাছ মিশিয়ে একটু ভেজে নামিয়ে নিন। ভাজা উপকরণগুলো একত্রে পাটায় মসৃণ করে বেটে ভর্তা পরিবেশন করুন। চ্যাপা শুঁটকির বাগার ভর্তাউপকরণ: চ্যাপা শুঁটকি ১০টি, দেশি পেঁয়াজ ১০টি, দেশি রসুন ২টি, শুকনা মরিচ ১২টি, সয়াবিন তেল সিকি কাপ, লবণ আধা চা-চামচ। প্রণালি: শুঁটকি ১০-১৫ মিনিট ভিজিয়ে রেখে মাথা ও আঁশ ছাড়িয়ে পেট পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। শুঁটকির পানি নিংড়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পাটায় মসৃণ করে বাটতে হবে। ফ্রাইপ্যানে তেল গরম করে বাটা উপকরণগুলো অল্প আঁচে পাঁচ মিনিট নেড়েচেড়ে ভাজতে হবে। তেল ওপরে এলে ভর্তা চুলা থেকে নামিয়ে বাটিতে পরিচ্ছন্নভাবে পরিবেশন করুন।