ভান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় মা আমাকে খুব মারতেন। মনে আছে, একবার আমি স্কুল ফাঁকি দিয়ে পাড়ার মাঠে ক্রিকেট খেলা দেখছিলাম, বইয়ের ব্যাগ ঝোপে লুকিয়ে রেখে। কিন্তু মন্দ কপাল। সম্পর্কে এক দাদা বইয়ের ব্যাগ নিয়ে মায়ের কাছে দিলেন। আমি খেলা দেখা শেষে গিয়ে দেখি আমার ব্যাগ নেই, মনটা খুব খারাপ হলো। মাকে গিয়ে কী বলব। বাড়িতে আসার পর মা প্রতিদিনের মতো বললেন, বাবা, এসেছ? হাতমুখ ধুয়ে ভাত খেতে এসো। আমি খুব ভয়ে ভয়ে ভাত খেলাম। খাওয়ার পর এল বিপদ। মা আমাকে চুলার লাকড়ি দিয়ে পেটালেন। আমি সহ্য করতে না পেরে পাগলামির ভাব ধরলাম। ভান করলাম আমার মাথা ঘুরছে। আবোলতাবোল বকাবকি শুরু করলাম। মা ভাবলেন, সত্যি সত্যি আমি পাগল হয়ে গেছি। আমাদের বাড়ির পাশেই নানাবাড়ি। নানার কাছে খবর গেল। আমার নানি কাঁদতে কাঁদতে নানাকে গিয়ে বললেন, ‘তোমার মেয়ে আমাদের নাতিকে মারতে মারতে পাগল করে ফেলেছে।’ নানাও খবর শুনে কাঁদতে কাঁদতে ছুটে এলেন। বাড়ির সবাই জমায়েত হয়ে গেছে ততক্ষণে। নানা এসেই মাকে দিলেন এক থাপ্পড়। ‘তুই কী পেয়েছিস, আমার নাতিকে যেভাবে ইচ্ছা মারবি?’ কাণ্ড দেখে আমার বেদম হাসি পেয়ে গেল। পাগলের নয়, সত্যিকারের হাসি। দেখলাম সবাই খুব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। পরে সবাই জানতে পারে, আমি মারের হাত থেকে বাঁচার জন্য ভান ধরেছি। তখন বুঝতে পারিনি মা কী জিনিস। কিন্তু এখন বুঝতে পারছি, মায়ের মতো আপন পৃথিবীতে আর নেই। ও হ্যাঁ, এর পর থেকে মা আমাকে আর কোনো দিন মারেননি।মহসিন আহমেদশাহজালাল উপশহরসিলেট।