ভাবতে হবে পরিবেশ নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাসা থেকে গাড়িতে করে সব জায়গায় যাতায়াত করবেন, গাড়ির কালো ধোঁয়ায় পরিবেশের ক্ষতি করবেন, সেই সঙ্গে নিজের স্বাস্থ্যের দিকে একটুও নজর দেবেন না, এটা ভালো নাকি দুই চাকার বাহন সাইকেল সঙ্গী করে প্রয়োজনীয় গন্তব্যে যাবেন, অর্থ বাঁচাবেন, জ্যাম থেকে মুক্তি পাওয়ায় সময় বাঁচাবেন আর সেই সঙ্গে পরিবেশ বাঁচাবেন—কোনটা বেশি ভালো, আপনারাই বলুন?’ খন্দকার আহমেদ সাইদ এনএসইউ আয়োজিত পরিবেশসচেতনতা মেলায় এভাবেই সবাইকে সাইকেল ব্যবহারে উৎসাহ দিচ্ছিলেন। সাইদ ‘বাংলাদেশ সাইকেল টুরিস্টস’ নামের একটি সংগঠন চালান। এই সংগঠনের হয়ে সাইকেলে চড়ে সাইদ পাড়ি দিয়েছেন পুরো দেশ! দেশের সব জেলায়ই গেছেন তিনি সাইকেলে চড়ে। সাইকেলে চড়লে যে একই সঙ্গে শরীরের ব্যায়াম হয়, টাকা ও সময় বাঁচে এবং পরিবেশের উপকার হয়—এই সাধারণ কিন্তু অতি প্রয়োজনীয় কথাগুলো তাই সবাই সাইদের স্টলের সামনে দাঁড়িয়ে বেশ মনোযোগ দিয়ে শুনছিলেন।এ রকম আরও অনেক আয়োজন নিয়ে পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘আর্থ ক্লাব’ আয়োজিত দিনব্যাপী এই মেলায় অংশ নিয়েছিল কয়েকটি বিশ্ববিদ্যালয়, ঢাকা সিটি করপোরেশন ও দেশি-বিদেশি বেসরকারি উন্নয়ন সংস্থা। এসব স্টলে আসা দর্শনার্থীদের সঙ্গে যাঁরা কথা বলেছেন, পরিবেশ সম্পর্কে যাঁরা সচেতন করেছেন, তাঁদের অধিকাংশই ছিলেন শিক্ষার্থী।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংগঠন হলো ‘ইয়ুথ ফর গ্রিন বাংলাদেশ’। সংগঠনের পাবলিক রিলেশন সেক্রেটারি মারুফা ইসহাক জানালেন, রান্নাঘরের বর্জ্য থেকে কীভাবে কয়েকটি ধাপ অনুসরণ করে সাশ্রয়ী টয়লেট ক্লিনার বানানো যায়, পানি ও চাপের সাহায্যে আবর্জনা থেকে কীভাবে জ্বালানি বানানো যায়। ইউল্যাবের সাসটেইনেবল ডেভেলপমেন্ট ক্লাবের সদস্যরা পানি সংরক্ষণের উপায় বাতলে দিচ্ছিলেন দর্শনার্থীদের। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট ক্লাবের সদস্যরা পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্ব জানাচ্ছিলেন সবাইকে।ঢাকা সিটি করপোরেশন আবর্জনা সঠিক স্থানে ফেলে শহর সুন্দর রাখার পরামর্শ দিচ্ছিল সবাইকে। বিশুদ্ধ পানি ব্যবহার করে রোগবালাই থেকে কীভাবে দূরে থাকা যায়, তা জানাচ্ছিল মেলায় আসা দর্শনাথীদের। আবার তাদের পরিবেশ শিক্ষা কার্যক্রম কীভাবে পরিচালিত হয়, তা-ও দেখাচ্ছিল।গ্রিন বেল্ট ট্রাস্ট ভূমিকম্প থেকে সুরক্ষিত থাকার বিষয়গুলো জানাচ্ছিল সবাইকে। গ্রিন এনার্জি লিমিটেড মেলায় নিয়ে এসেছিল পরিবেশবান্ধব সৌরশক্তিচালিত বাতি। আবার কারুপল্লী, গোল্ডেন জুট কোম্পানিসহ অনেক সংগঠন নিয়ে এসেছিল পরিবেশবান্ধব পাটের তৈরি বিভিন্ন পণ্য। এসব স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো। নর্থ সাউথের সাদমান সাকিব ল্যাপটপ রাখার পাটের ব্যাগ কিনে জানালেন, এটার দাম ল্যাপটপ রাখার অন্য ধরনের ব্যাগের চেয়ে অনেক কম, দেখতেও আধুনিক। সবচেয়ে বড় ব্যাপার হলো, এটা পরিবেশবান্ধব।জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি) এবং কোইকার (কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি) স্টলে ছিল চোখে পড়ার মতো ভিড়। জাপানিজ ও কোরিয়ান শিক্ষার্থীরা এই স্টল দুটির দায়িত্বে ছিলেন। পরিবেশ-সম্পর্কিত নানা প্রশ্নের জবাব দিয়েছেন তাঁরা। জাপান ও কোরিয়ায় কীভাবে পরিবেশ সুন্দর রাখার জন্য কাজ করা হয়, তা মেলায় আসা দর্শনার্থীদের সঙ্গে শেয়ার করেছেন তাঁরা।মেলার উদ্বোধন করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হাফিজ জি এ সিদ্দিকি, চেয়্যারম্যান আজিম উদ্দিন আহমেদ, জাপান ও কোরিয়ার রাষ্ট্রদূতসহ জাইকা ও কোইকার প্রতিনিধিরা শুভেচ্ছা বক্তব্য দেন। মেলার শেষ অংশে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরিবেশবান্ধব উপকরণের তৈরি পোশাকে বাংলাদেশ, জাপান ও কোরিয়ার শিক্ষার্থীদের সম্মিলিত ইকো-ফ্যাশন শো। নর্থ সাউথ আর্থ ক্লাবের প্রচার সম্পাদক সৌহূদ বলেন, ‘এ ধরনের আয়োজন আমরা নিয়মিত করে যেতে চাই। পরিবেশরক্ষার বিষয়ে সবার আগে উদ্যোগী হতে হবে তরুণদেরই।’