ভাবিনি কখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শখের বশে মোটরসাইকেল চালানো শিখেছিলাম। সুযোগ পেলেই ওড়নাটাকে কায়দা করে বেঁধে বেরিয়ে পড়তাম। রাস্তার অনেক লোকই হাঁ হয়ে তাকিয়ে দেখত আমার মোটরসাইকেল চালনা। আমার হাসি পেত। একদিন তেমনি চালাচ্ছিলাম। হঠাৎ এক দঙ্গল দুষ্ট ছেলে আমার দিকে মোটরসাইকেল নিয়ে ধেয়ে আসতে লাগল। আমার জেদ চাপল। আমিও গতি বাড়িয়ে দিলাম। কিন্তু পারলাম না। একটা বদমাশকে পাশ কাটানোর সময় আমার সঙ্গে ধাক্কা লাগিয়ে দিল। আমি টাল সামলাতে না পেরে পড়ে গেলাম। ওরা হাত তালি দিতে লাগল, যেন অনেক বড় একটা ভালো কাজ করেছে। এরপর বীরদর্পে চলে গেল। আমি পড়ে রইলাম মোটরসাইকেলের নিচে। মাথাটা ঘুরছে। সেই সঙ্গে ঘুরছে পৃথিবীটা। কাতর নয়নে আশপাশে তাকালাম। না কেউ আমার দিকে এগিয়ে আসছে না। কিন্তু না, একজন এগিয়ে এল। সেও মোটরসাইকেল আরোহী। এরপর অন্যদের সহযোগিতায় ও আমায় হাসপাতালে নিয়ে এল। মাথাটা তখনো ঘুরছে। পায়ে কোনো শক্তি পাচ্ছি না। একি আমার পায়ে রক্ত? আমি রক্ত দেখতে পারি না। আর শক্ত থাকতে পারলাম না। জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল তখন দেখি অনেকের মাঝে আমার সাহায্যকারী বন্ধুটিও আছে। অনেকক্ষণ পর ওকে কাছে ডেকে জিজ্ঞেস করলাম, কোন ক্লাসে পড়ো? কলেজে। ফার্স্ট ইয়ার? ওমা এত্তটুকুন ছেলে কলেজে পড়ে? জানলাম সেও নতুন চালানো শিখেছে। এরপর আমায় জিজ্ঞেস করল—ওদের আচরণে তুমি কষ্ট পেয়েছ, না? এরপর আমার উত্তরের প্রত্যাশা না করেই বলল, শোন, তোমায় একটা কথা বলি। তুমিও নিশ্চয়ই একদিন মা হবে। সেদিন তুমি তোমার সন্তানকে এমনিভাবে গড়ে তুলো সে যেন বিপরীত লিঙ্গের প্রতি শ্রদ্ধা করতে শেখে, কেমন। এই বলে সে বেরিয়ে গেল। আমি তার কথায় অভিভূত। সত্যিই এমনটি কখনো ভাবিনি তো। ক্লাস নাইনে পড়ার সময়কার কথা এসব। আজ যখন এ লেখা লিখছি তখন আমার সোনামণি আমার পাশে বসেই খেলছে, তার দিকে তাকিয়ে আমার মন হঠাৎ বলে উঠল, হ্যাঁ। তাকে আমি সেভাবেই গড়ব। আর সেই বন্ধুটি? তার কথা কিন্তু আজও ভুলিনি। সে এখন আমার বাচ্চার বাবা।রেহনুমা তারিন, দিনাজপুর