
মুখের কথার সঙ্গে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে লিখে ফেলার কিন্তু বেশ মিল। একবার বেরিয়ে গেলে ফিরিয়ে নেওয়ার উপায় নেই। কেউ কেউ বলতে পারেন, মুছে ফেললেই হয়! কিন্তু তার আগেই যে বার্তাটি বন্ধুতালিকায় ছড়িয়ে পড়েছে, যার জানার সে তো জেনে নিয়েছে! ডিজিটাল ফুটপ্রিন্ট যাকে বলে। এটা করো, ওটা কোরো না—শিশুকে যেমন হাজারো করণীয় ও বর্জনীয় কাজের শিক্ষা দেওয়া যায়, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে কথাটা ঠিক খাটে না। ফেসবুকের কথাই ধরি, গড়পড়তা ব্যবহারকারীর বয়স ত্রিশের আশপাশে, নিবন্ধনের সর্বনিম্ন বয়স ১৩। মূলধারার যেকোনো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে একই নিয়ম। এখানে বরং নিজের বুদ্ধিবিবেকের সঠিক চর্চার মাধ্যমে নিজের আচরণ কেমন হবে, তা নিজেকেই ঠিক করতে হবে। তবে কিছু কায়দাকানুন মেনে চললে ভুল হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। ফেসবুক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগের ওয়েবসাইট। তবে সবগুলো ওয়েবসাইটে আদবকেতার রীতিনীতি অনেকটা একই।
এ ব্যাপারে কথা হয় বাংলাদেশি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট বেশতোর (beshto.com) সহপ্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুরের সঙ্গে। তিনি বলেন, ‘কিছু প্রকাশ করার আগে অবশ্যই দ্বিতীয়বার ভেবে দেখা উচিত। আড্ডায় বন্ধুদের সঙ্গে যে ভাষায় কথা বলি, সে ভাষা লেখা ঠিক হবে না। বন্ধুতালিকায় অনেক ধরনের মানুষ থাকে। অনেক সময় অপরিচিত মানুষও থাকে। গোপনীয় কিছু প্রকাশ না করাই উচিত।’
খারাপ ব্যবহার যেমন করা যাবে না, তেমনই আপনাকেও সতর্ক থাকতে হবে বন্ধুতালিকায় কাকে রাখবেন, আর কাকে রাখবেন না। ফেসবুক বা টুইটারের মতো ওয়েবসাইট এখন এতটাই বড় যে কোনো নির্দিষ্ট ব্যক্তির কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের পক্ষে কিছু করার থাকে না। এখানে নিজেকে সংযত থাকতে হবে, নিজেকেই সতর্ক থাকতে হবে। এমন পরামর্শ দিলেন ফাহিম মাশরুর।
বন্ধুতালিকায় কাকে রাখব?
নিবন্ধনের পর প্রথম কাজটা কী? নিজের প্রোফাইল ঠিক করা। তারপর? বন্ধুদের সঙ্গে যুক্ত হওয়া। এই ‘বন্ধু’দের মধ্যে শুধু বন্ধু নয়, আত্মীয় থাকে, সহকর্মী কিংবা প্রতিবেশীও থাকে। বন্ধুতালিকায় কাকে রাখবেন আর কাকে রাখবেন না, তা একান্তই আপনার ব্যাপার। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে কার কার সঙ্গে সামাজিকতা রক্ষা করতে চান, সেটাই গুরুত্বপূর্ণ। কাউকে পছন্দ না হলে বন্ধুতালিকা থেকে বাদ দিয়ে দিন। সেটা সম্ভব না হলে তাদের পোস্টগুলো লুকিয়ে রাখতে পারেন, আনফলো করাটাই এখানে যুক্তিযুক্ত।
রুচির ছাপ থাকতে হবে
ফেসবুক মানেই কিন্তু নতুন কিছু পোস্ট করা। তা না হলে ফাঁকা ফেসবুক দিয়ে করবেনটা কী? তবে স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে। ঘোলাটে কিছু লেখা, অযথাই কাউকে কিছু করতে বলা, বারবার একই পোস্ট দেওয়া কিংবা মাত্রাতিরিক্ত পোস্ট করা ঠিক শোভনীয় নয়। ফেসবুকে ত্রিশোর্ধ্ব কেউ কিশোরের মতো আচরণ করলে যেমন মানায় না, এর উল্টোটাও তেমনই বেমানান।
সবাই যে আপনার গুণগান করবে, এমনটা না-ও হতে পারে। নেতিবাচক মন্তব্য আসতেই পারে। চাইলে এড়িয়ে যেতে পারেন। কেউ আপনাকে উত্তর দেওয়ার জন্য বাধ্য করেনি। তবে উত্তর দেওয়াটা প্রয়োজনীয় মনে করলে একটু সময় নিয়ে ভেবে নিন। আবেগের বশে কিছু লিখলে পরে নিজের কাছেই খারাপ লাগবে। পোস্ট করার আগে নিজের লেখা দ্বিতীয়বার পড়ে নিন। মন্তব্যে যেন আপনার রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ থাকে।
সেরা ছবিটি দিন, সবগুলো না
চারপাশে যা আছে, তার সবকিছুই ফ্রেমবন্দী করতে পারি বলেই সব ছবি ফেসবুকে দেব—ব্যাপারটা এমনটা হওয়া উচিত না। সবচেয়ে ভালো ছবিটি বেছে নিন। অ্যালবামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছবিগুলো শুরুতে রাখুন। মানুষ আপনার দেওয়া ৫০০ ছবি সময় নিয়ে বসে বসে দেখবে এমনটা আশা করা ভুল। প্রোফাইল পিকচার হিসেবে নিজের ছবি দেওয়াই সবচেয়ে ভালো। সবগুলো প্ল্যাটফর্মে একই ছবি দিলে গ্রহণযোগ্যতা বাড়বে।
ট্যাগে অতিরিক্ত সতর্কতা
ছবি পোস্ট করে ছবির মানুষগুলোকে জানিয়ে দেওয়ার সহজ উপায় তাকে ট্যাগ করা। তবে ট্যাগ নিয়ে দুই দিন পরপর কেউ না কেউ বিরক্তি প্রকাশ করছেনই। তাই একটু সতর্ক থাকা উচিত। কাউকে প্রথমবারের মতো ট্যাগ করার আগে তার অনুমতি চেয়ে নিন। অথবা নিজেকে সেই বন্ধুর জায়গায় রেখে ভেবে দেখুন, আপনি হলে এই ছবিটি ফেসবুকে দিতে পছন্দ করতেন কি না। কেউ হয়তো আপনার ছবি ফেসবুকে দিয়ে আপনাকে ট্যাগ করেছে, যেটা আপনার পছন্দ হচ্ছে না। সে ক্ষেত্রে প্রথমে ট্যাগ মুছে সেই বন্ধুটিকে বলুন সে যেন ছবিটি সরিয়ে ফেলে। এ ছাড়া প্রাইভেসি সেটিংস ঠিক করে নিন, যেন আপনার প্রোফাইলে দেখানোর আগে আপনি তা দেখে নিতে পারেন।
ঝামেলা এড়াতে প্রাইভেসি সেটিংস
ফেসবুক, টুইটারের মতো ওয়েবসাইটগুলো মুক্ত জায়গা। শত সতর্কতার পরেও সবকিছু নিরাপদ থাকবে এমনটা ভাবার কোনো কারণ নেই। প্রাইভেসি সেটিংস কিছু ক্ষেত্রে বেশ কাজে দেয়। আপনি যেমন ঠিক করে দিতে পারবেন আপনার টাইমলাইনে কার কার পোস্ট দেখাবে, তেমনই কে কে আপনার পোস্টগুলো দেখতে পাবে, তা-ও নির্দিষ্ট করে দিতে পারেন। প্রাইভেসি সেটিংসে এর সবকিছুই পাবেন।
কিছু প্রকাশ করার আগে মাথায় রাখুন—
* নির্দিষ্ট কেউ নাকি সবাই—স্ট্যাটাসটি কাকে বা কাদের জন্য দিচ্ছি?
* আমি ছাড়া এই বিষয়ে আর কেউ আগ্রহী? আত্মকেন্দ্রিক হয়ে নিজের কথা লিখে গেলে অন্যরা বিরক্ত হতে পারেন।
* লেখার বিষয়বস্তু কাউকে বিব্রত করবে কি না?
* সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের জন্য এটা উপযুক্ত?
* আজ কয়বার পোস্ট করেছি? তিনের বেশি হলে তা অন্যদের বিরক্তির কারণ হতে পারে।
* বানানে ভুল নেই তো? ভুল বানানের লেখা গুরুত্ব হারায়।
* আমার লেখার বিষয়বস্তু কি সবাই বুঝবে? লেখাটা কি ঘোলাটে হয়ে যাচ্ছে?
* নিজের আবেগকে বেশি প্রাধান্য দিচ্ছি না তো?
* শব্দের সংক্ষিপ্ত রূপ যতটা কম করা সম্ভব, ততটাই ভালো।
* আমি কি এটা আদৌ প্রকাশ করতে চাই? ভেবে দেখুন। কিছু পোস্ট করতে হয় বলেই করছি, এমনটা যেন না হয়।