ভার তুলে বিলেতসেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

শ্রাবণী আক্তারের মুখে পদক জয়ের হাসি।  ছবি: সংগৃহীত
শ্রাবণী আক্তারের মুখে পদক জয়ের হাসি। ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত শ্রাবণী আক্তার বসবাস করেন যুক্তরাজ্যে। শ্রাবণীর ভারোত্তোলনের শুরু স্কুলশিক্ষকের আগ্রহে। এরপর একে একে নিজের যোগ্যতার প্রমাণ দিতে থাকলেন ভারোত্তোলনের বিভিন্ন প্রতিযোগিতায়। এবার তো বাজিমাত, যুক্তরাজ্যের জাতীয় যুব ক্রীড়া প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৭ বিভাগে সেরা হলেন কলেজপড়ুয়া শ্রাবণী। 

কে ভেবেছিল একদিন ভারোত্তোলনই হবে তাঁর ধ্যানজ্ঞান। অবিরাম অনুশীলনে সময় কাটবে ব্যায়ামাগারে। আবার প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে তিনিই কিনা সবাইকে চমকে দেবেন জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে। এসব তো তিনি স্বপ্নেও ভাবেননি। কিন্তু বাস্তব মাঝেমধ্যে স্বপ্নকেও ছাড়িয়ে যায়। এই যেমন গেল বাংলাদেশি বংশোদ্ভূত  যুক্তরাজ্যের শ্রাবণী আক্তারের বেলায়।

শ্রাবণী আক্তার
শ্রাবণী আক্তার

যুক্তরাজ্যের জাতীয় যুব ক্রীড়া প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৭ বিভাগে ভারোত্তোলনে দেশসেরা হয়েছেন শ্রাবণী আক্তার। অথচ তাঁর ভারোত্তোলনে হাতেখড়ি একেবারে অপ্রত্যাশিত, স্কুলের এক শরীরচর্চা শিক্ষকের আগ্রহে। এখন শ্রাবণীর কৃতিত্ব বিলেতে বাংলাদেশিদের সাফল্যের ইতিহাসের নতুন অধ্যায়। নতুনদের গর্ব করার মতো অনুপ্রেরণার গল্প। সে গল্প শুনতেই ২৬ ফেব্রুয়ারি কথা হয় শ্রাবণী আক্তারের সঙ্গে। আলাপে উঠে এল তাঁর এগিয়ে চলার অন্তরালের কথা। শ্রাবণীর বাবা বাহাউদ্দিনও রসদ জোগালেন সে আলাপে।

চমকে দেওয়া বিজয়

লন্ডন থেকে লুটন শহরের দূরত্ব প্রায় ২০০ মাইল। সেদিন এ পথেই শ্রাবণীকে নিয়ে পা বাড়িয়েছিলেন বাবা বাহাউদ্দিন। এ শহরেই বসেছিল যুক্তরাজ্যের যুবাদের নিয়ে ‘ব্রিটিশ ইয়ুথ চ্যাম্পিয়নশিপ-২০১৮’ নামের ক্রীড়া আসর। লন্ডন থেকে মেয়েকে নিয়ে যাওয়ার পথে বাবার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল, ‘ও পারবে তো?’

দিনটা ৩ ফেব্রুয়ারি। শহরের সুবিশাল মিলনায়তন ‘ভেন্যু ৩৬০’-তে আয়োজন। ভারোত্তোলন পর্ব শুরু হতেই বাবার স্নায়ুচাপ আরও বাড়ল। কারণ, বাকি প্রতিদ্বন্দ্বীরা বেশভূষায় বেশ সাহসী।

শ্রাবণী বলছিলেন, ‘সব মিলে ছয় পর্বের পাঁচটাতেই আমি শীর্ষে ছিলাম। চূড়ান্ত পর্বে মোট প্রতিযোগী ছিলাম তিনজন। আমি সর্বোচ্চ ৬৬ কেজি ভার উত্তোলন করেছিলাম।’ ঘোষণা করা হলো, শ্রবণী আক্তার চ্যাম্পিয়ন। বাবা বাহাউদ্দিনের চোখ তখন অশ্রুসিক্ত। তিনি বললেন, ‘শ্রাবণীর চ্যাম্পিয়ন হওয়া দেখে আমি তখন অভিভূত। বাকিরাও অবাক।’

লুটন শহরের চূড়ান্ত পর্বে যাওয়ার আগে শ্রাবণী আক্তারকে লন্ডন যুব প্রতিযোগিতা (লন্ডন ইয়ুথ গেমস) পাড়ি দিতে হয়। গত বছরের জুনে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় তৃতীয় হয়ে তিনি জাতীয় প্রতিযোগিতার টিকিট পেয়েছিলেন। যাঁরা দুই ধরনের ভারোত্তোলনে কমপক্ষে ৯৫ কেজি উত্তোলন করতে পেরেছেন, তাঁরাই জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

ওকলেইন ওয়েটলিফটিং ক্লাবের ভারোত্তোলকদের সঙ্গে শ্রাবণী আক্তার
ওকলেইন ওয়েটলিফটিং ক্লাবের ভারোত্তোলকদের সঙ্গে শ্রাবণী আক্তার

দৃষ্টি এবার মহাদেশ জয়ের

জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে উজ্জীবিত শ্রাবণী। এখন তিনি ইউরোপ মহাদেশীয় ক্রীড়া প্রতিযোগিতায় যুক্তরাজ্যের হয়ে অংশ নিতে চান। দুই ধরনের মোট ১৪০ কেজি ভারোত্তোলন করতে পারলেই কেবল তিনি ইউরোপ পর্বের জন্য জাতীয় দলে সুযোগ পাবেন।

জাতীয় শিরোপা জিতে তুমুল আত্মবিশ্বাসী শ্রাবণী বললেন, ‘আমি সেই লক্ষ্য নিয়েই নিজেকে প্রস্তুত করছি। শরীরচর্চায় আরও বেশি বেশি সময় দিচ্ছি। স্বাস্থ্যকর ও পরিমিত খাবারেও নিজেকে মানিয়ে নিচ্ছি। ঘুম আর ঘোরাফেরাও চলছে নিয়ম মেনে।’ ইউরোপীয় প্রতিযোগিতার জন্য জাতীয় দলে জায়গা করে নিতে পারলে যুক্তরাজ্যের অলিম্পিক স্কোয়াডের দিকে নজর দেবেন শ্রাবণী।

অনুশীলনে শ্রাবণী
অনুশীলনে শ্রাবণী

ভারোত্তোলনের শুরু

স্কুলের শরীরচর্চার ক্লাস মোটেই ভালো লাগত না শ্রাবণীর। কিন্তু একদিন শরীরচর্চা শিক্ষকই তাঁকে ধরিয়ে দিলেন ভারোত্তোলনের মতো কঠিন কাজটি। শুরুতে খুব উৎসাহ না পেলেও ধীরে ধীরে হাত পাকতে থাকল শ্রাবণীর। উৎসাহ দিলেন শিক্ষক। ১৫ বছর হতেই তাঁর আগ্রহ বেড়ে গেল। ভর্তি হলেন বাড়ির কাছের বেথনাল গ্রিন এলাকার ওকলেইন ওয়েটলিফটিং ক্লাবে। সেখানে কোচ রিচ কাইটের অধীনে চলল প্রশিক্ষণ।

এখন তো প্রশিক্ষণ বাদ দেওয়ার কথা ভাবতেই পারেন না। তাঁর মতে, নিয়মিত শরীরচর্চা আর ভারোত্তোলন নতুন করে নিজেকে আবিষ্কার করতে শিখিয়েছে। আগে তাঁর অলস জীবন ছিল। পিঠে ব্যথা ছিল। ছিল আত্মবিশ্বাসের ঘাটতি। কিন্তু এখন জীবন অন্য রকম। নিজেকে সুস্থ ও আত্মবিশ্বাসী মনে হয় শ্রাবণী আক্তারের।

লন্ডন ইয়ুথ গেমসেও পেয়েছেন পদক
লন্ডন ইয়ুথ গেমসেও পেয়েছেন পদক

পড়াশোনাতেও সেরা

লন্ডনের বাঙালি পাড়াখ্যাত বাংলা টাউনেই এই ভারোত্তলকের জন্ম ও বেড়ে ওঠা। বাহাউদ্দিন ও সাঈদা নাদিরা আক্তারের ছয় সন্তানের মধ্যে তৃতীয় তিনি। ব্রিক লেনে এই পরিবারের বসবাস। বাংলাদেশে তাঁদের আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরের লাউতলা গ্রামে।

শ্রাবণী পড়াশোনায় বেশ ভালো। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার মরপেথ স্কুল থেকে গত বছর জিসিএসই (এসএসসি সমমান) সম্পন্ন করেছেন। ৫টি বিষয়ে ‘এ স্টার’ এবং ৭টিতে ‘এ’ পেয়েছেন। এখন একই প্রতিষ্ঠানে গণিত, রসায়ন ও জীববিদ্যা নিয়ে ‘এ লেভেল’ করছেন।

বাংলাদেশি পরিবারের এই কিশোরী কন্যা বললেন, ‘কে কী করবে, এটা নিশ্চয়ই তার নিজের ব্যাপার। তবে নিজের পারিবারিক ঐতিহ্য ও মূল্যবোধ মেনে চলা জরুরি। বাবা-মাকে সন্তুষ্ট রেখে সিদ্ধান্ত নিতে হবে।’

তাঁর অর্জনে মা-বাবার অবদান সবচেয়ে বেশি বলে জানালেন শ্রাবণী। ভার হাতে নেওয়ার আগ পর্যন্ত বুঝতে পারেনি এ কাজে তিনি পারদর্শী। এখন বিশ্বাস করেন, সবার মধ্যে কোনো না কোনো প্রতিভা লুকিয়ে আছে। চেষ্টা না করলে তা কখনো আবিষ্কার হবে না। অজানাই থেকে যাবে।

নিজের বাংলাদেশি পরিচয়ে গর্ববোধ করেন শ্রাবণী। বললেন, ‘বাংলাদেশের দরিদ্র শিশুদের জন্য কিছু করতে চাই আমি। চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ হলে কাজটি আমার জন্য সহজ হবে।’