ভারত-ইতালি টানাপোড়েন
ঘটনার শুরু ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি। এদিন ইতালির তেলবাহী একটি ট্যাংকারে মোতায়েন মেরিন সেনাদের গুলিতে প্রাণ হারান ভারতীয় দুই জেলে। ঘটনাস্থল দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের উপকূল। ঘটনার পর দুই মেরিন সেনাকে আটক করে ভারতের পুলিশ। ইতালীয়রা দাবি করেন, সন্দেহজনক আচরণের জন্য জলদস্যু মনে করে ওই জেলেদের ওপর গুলি করা হয়েছিল। প্রসঙ্গত, ঘটনাটি এমন সময় ঘটে, যখন ভারত মহাসাগর ও আরব সাগরে সোমালি জলদস্যুদের ব্যাপক উৎপাত চলছিল। সময়ের পরিক্রমায় ওই দুই ইতালীয় সেনার কারণে এখন ভারত-ইতালি কূটনৈতিক সম্পর্কই ঝুঁকির মুখে পড়েছে।বড়দিন ও নির্বাচন উপলক্ষে গত ডিসেম্বরে ইতালি যাওয়া বিচারাধীন দুই সেনা ভারতে ফিরবেন না—এ কথা জানার পর ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিং পার্লামেন্টে ইতালির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাঁদের ফেরত না পাঠানোর পরিণতি মোটেও ভালো হবে না। ভারতের প্রধানমন্ত্রীর এ বক্তব্যের এক দিন পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, তাঁরা ইতালির সঙ্গে সম্পর্কের সবদিক পর্যালোচনা করে দেখছেন।ঘটনার ব্যাপারে ভারতের বক্তব্য হচ্ছে, ওই জেলেরা সম্পূর্ণ নিরস্ত্র ছিলেন। কাজেই তাঁদের দেখে ইতালির জাহাজটির লোকজনের আতঙ্কিত হওয়ার যৌক্তিকতা নেই।যা-ই হোক, ঘটনাটি নিয়ে তখনই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লির ইতালীয় রাষ্ট্রদূতকে তলব করে ঘটনার বিষয়ে কৈফিয়ত চায়। পুলিশ ট্যাংকারটির ক্যাপ্টেনসহ মোট ছয়জনকে জিজ্ঞাসাবাদ করে। গুলিবর্ষণ করা ইতালীয় দুই সেনাকে পরে কেরালার কোচি শহরের একটি আদালতে হাজির করা হয়। তবে হত্যাকাণ্ডের ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে উল্লেখ করে ইতালি দাবি করে, ওই দুই ইতালীয়র বিচার করার কোনো এখতিয়ার ভারতের নেই। ভারত প্রথমে না মানলেও পরে স্বীকার করে নেয়, হত্যাকাণ্ডটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে এবং ইতালীয় ট্যাংকার ও ওই দুই নিরাপত্তাকর্মীকে আটকের এখতিয়ার কেরালার পুলিশের ছিল না। তবে কেরালা রাজ্যের কর্মকর্তারা তাঁদের ভারতীয় আইনে বিচার করার সিদ্ধান্তে অনড় থাকেন। ভারতের বিরক্তির একটি কারণ হচ্ছে, নয়াদিল্লিতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত দানিয়েল মানচিনি আদালতকে ব্যক্তিগতভাবে নিশ্চয়তা দিয়েছিলেন, ওই দুই ইতালীয় ২২ মার্চের মধ্যে ভারতে ফিরে আসবেন। তাঁরা ভারতে ফিরবেন না—রোমের এ ঘোষণার পর কয়েকটি ঘটনা ঘটেছে। রোমে নিযুক্ত রাষ্ট্রদূত বসন্ত কুমারকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দেয় ভারত। একই দিন ভারতের সুপ্রিম কোর্ট ইতালির রাষ্ট্রদূতকে পরবর্তী চার দিনের মধ্যে ভারত ত্যাগ না করার নির্দেশ দেন। পাশাপাশি ওই দুই ইতালীয় কেন ফিরে আসেননি, তাও রাষ্ট্রদূতের কছে জানতে চাওয়া হয়।আদালতের এই নির্দেশের প্রতিক্রিয়ায় মানচিনি বলেন, দুই ইতালীয়কে নিয়ে জটিলতার অবসান না হওয়া পর্যন্ত বা তাঁকে ভারতে অবাঞ্ছিত ঘোষণা না করা পর্যন্ত তিনি দেশটি ছেড়ে যাবেন না।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অবশ্য বলেন, ইতালির রাষ্ট্রদূতের ওপর নয়াদিল্লি এমন কোনো বিধিনিষেধ আরোপ করতে পারে না, যা ভিয়েনা কনভেনশনের সঙ্গে অসংগতিপূর্ণ। ওই কনভেনশনের আওতায় তিনি কূটনৈতিক সুরক্ষা পাওয়ার যোগ্য। কোনো রাষ্ট্রদূতের চলাফেরার ওপর নিয়ন্ত্রণ আরোপের অধিকার নয়াদিল্লির নেই।ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে এ পর্যন্ত যে আচরণ করা হয়েছে, তা ভিয়েনা কনভেনশনের আওতায় কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ভারত দাবি করছে, দুই ইতালীয় সেনার ফিরে আসার নিশ্চয়তা দেওয়ার মাধ্যমে মানচিনি স্বতঃপ্রণোদিত হয়েই ভারতের বিচারব্যবস্থার মধ্যে নিজেকে সংশ্লিষ্ট করিয়েছেন।ভারত যা-ই বলকু, এ ঘটনার পর ইতালির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্য সদস্য দেশগুলোর সঙ্গেও দেশটির কূটনৈতিক সম্পর্কে তিক্ততা সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে কেউ কেউ মনে করছেন। হারুন-অর-রশীদ