ভারত জয়ের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত সফরে তাজমহলের সামনে ইউএসটিসির ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা
ভারত সফরে তাজমহলের সামনে ইউএসটিসির ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা

ভারতের কলকাতা থেকে শিমলা। প্রায় এ মাথা থেকে ও মাথা। মাঝে জয়পুর, আগ্রা, দিল্লির মতো বহু দর্শনীয় স্থান। প্রায় ১৮ দিনের লম্বা সফরে ভারত চষে বেড়ালেন ইউএসটিসি ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা।
ফার্মেসি বিভাগের ২০তম ব্যাচের ২৮ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক এই শিক্ষা সফরে অংশ নেন। ১০ এপ্রিল ভারতের পথে রওনা দিয়ে দেশে ফেরেন তাঁরা ২৮ এপ্রিল।
চট্টগ্রাম থেকে ১০ এপ্রিল রাতে যাত্রা শুরু করে দলটি প্রথমে পৌঁছায় কলকাতায়। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল ও সায়েন্স সিটি দেখে মুগ্ধ সবাই। বাড়ির কাছের কলকাতা দেখেই সবাই বেরিয়ে পড়েন আগ্রার উদ্দেশে। তাজমহলের সৌন্দর্য সবাইকে ঘোরের মধ্যে ফেললেও বিস্ময় জাগিয়েছিল সম্রাট শাহজাহানের বাসভবন আগ্রা ফোর্টের স্থাপত্যশৈলী।
আগ্রা থেকে ফতেপুর সিক্রি হয়ে এর পরের গন্তব্য ছিল জয়পুর। জয়পুরের আম্বর প্যালেস, জলমহল, যন্তর-মন্তর, হাওয়া মহল, মানসিংয়ের রাজমহল, সিটি প্যালেস এসব জায়গা এখনো চোখে লেগে আছে সবার। জয়পুরের পর আজমীর শরিফ দেখে শিমলার উদ্দেশে রওনা দেন সবাই।
শিমলার মল রোডের সৌন্দর্য যেমন অভিভূত করেছে সবাইকে তেমনি শিমলার কুফরিতে ঘোড়ায় চেপে নয় হাজার ৫০০ ফুট ওপরে ওঠার অভিজ্ঞতাটিও তাঁদের কাছে ছিল স্বপ্নের মতো। রাতের শিমলা রূপকথার গল্পের মতো সুন্দর বলে জানালেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী শিমুল দাশ। শিমলা থেকে তাঁরা চলে যান মানালিতে। মানালি শিমলার চেয়েও সুন্দর বলে জানালেন মৌটুসী ভৌমিক। মানালিতে যাওয়ার পথে কুল্লুতে নেমে বিয়াস নদীর বরফগলা পানিতে নৌকা ভ্রমণ এখনো মনে গেঁথে আছে সবার। সরওয়ার রাজিন জানালেন, মানালি যেন শিল্পীর রং-তুলিতে আঁকা একটি ছবি। রাস্তার পাশেই নদী আর নদীর কোল ঘেঁষে রয়েছে বরফে ঢাকা পাহাড়।
মানালির পর দিল্লির পানে ছুটে চলা। সেখানে ইন্ডিয়া গেট, রাজঘাটের মহাত্মা গান্ধীসহ অনেক নেতার সমাধি, লোটাস টেম্পল, রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, সোনিয়া গান্ধীর বাসভবন ও ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম দেখে মুগ্ধ সবাই।
দিল্লি থেকে কলকাতায় ফেরার সময় বিলাসবহুল দুরন্ত এক্সপ্রেসে ট্রেনে ভ্রমণও ছিল বেশ আনন্দপূর্ণ। তৃণা চক্রবর্তী জানালেন, মনেই হয়নি ২২ ঘণ্টা ট্রেনে কেটেছে। কলকাতা এসে সাঙ্গ হলো তাঁদের ভারত ভ্রমণের পালা। একরাশ সুখের স্মৃতি নিয়ে ভারত জয় করে ২৮ এপ্রিল ক্যাম্পাসে ফিরে এলেন সবাই।