ভারত-প্রত্যাগত শারণার্থীদের মানববন্ধন
স্বেচ্ছায় ভারত-প্রত্যাগত শরণার্থীদের মানববন্ধন ও সমাবেশে ১ ডিসেম্বর দীঘিনালার বড়াদম উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। শরণার্থী কল্যাণ সমিতির আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষক দীপুলাক্ষ চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্ম্মবীর চাকমা। বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নবকমল চাকমা, দীঘিনালা কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শতরুপা চাকমা, সমিতির সাধারণ সম্পাদক সুপ্রিয় চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, তৎকালীন সময়ে ভারতের বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া দীঘিনালার তিন হাজার ৮২৫, খাগড়াছড়ি সদরের এক হাজার ২০০, পানছড়ির সাত হাজার ১৩৮, মাটিরাঙার ৮১৫, রামগড়ের ৯০৫ ও রাঙামাটির বাঘাইছড়ির ৩২৭ পরিবারসহ মোট ১৪ হাজার ২৯১ পরিবার স্বেচ্ছায় ভারত থেকে প্রত্যাবর্তন করে। শরণার্থী পরিবারগুলোকে প্রত্যাবর্তন করার ছয় মাস পর্যন্ত রেশনসুবিধা দিলেও পরবর্তী সময়ে তা বন্ধ করে করে দেওয়া হয়। বক্তারা অবিলম্বে রেশনসুবিধা দেওয়াসহ স্বেচ্ছায় ভারত-প্রত্যাগত শরণার্থীদের পুনর্বাসনের দাবি জানান। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়।