ভারত-ভিয়েতনাম-শ্রীলঙ্কার তিন বন্ধু
একসঙ্গে মধ্যাহ্নভোজে পাওয়া গেল ভিয়েতনামের শিক্ষার্থী গিয়াং থি হুয়াং ট্রান, ভারতের রেণু জনসন ও শ্রীলঙ্কার কৌশালইয়া রুত্তয়ানথিকা আরিইয়াথিলাকাকে। ভিন্ন সংস্কৃতির তিনটি দেশের বন্ধু। গিয়াং গত বছর ‘অ্যাকসেস একাডেমি’ শুরু করেছেন। বাকি দুজন পড়ছেন পলিটিকস, ফিলোসফি অ্যান্ড ইকোনমিকসে (পিপিই)। পিপিই এখানে খুবই আলোচিত। গিয়াং আগে কখনো যা স্বপ্নেও দেখেননি, সেগুলো বাস্তবায়ন করতে আগ্রহী হয়ে উঠেছেন এখন। অনেক লেখাপড়া করতে চান, যাতে তিনি ভিয়েতনামের একজন ভবিষ্যৎ কর্ণধার হতে পারেন এবং দরিদ্র জনগোষ্ঠীর কাছে শিক্ষা পৌঁছে দিতে পারেন। রেনু পড়াশোনার পাশাপাশি ৬টি ক্লাবে নানা সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত। রেণু বিতর্কও করেন। যেহেতু তিনি পড়াতে পছন্দ করেন, তাই বিভিন্ন কমিউনিটি ক্লাবের মধ্য দিয়ে দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করছেন এবং দরিদ্র ও বস্তির শিশুদের শিক্ষাদানে সাহায্য করেন। সপ্তাহে এক দিন বস্তিবাসী শিশুদের পড়াশোনা করান। বাংলাদেশ তাঁর কাছে অসাধারণ লাগে। ভারতীয় হওয়ায় কখনো কখনো কম দামেও পেয়ে যান জিনিসপত্র। ইন্দিরা গান্ধীর দেশের মেয়ে বলে কথা! রেণু ভারতীয় সিভিল সর্ভিসে কাজ করতে চান।শ্রীলঙ্কার কৌশালইয়ার আগ্রহ লেখালেখি নিয়ে। তিনি জাফনার নারীদের অধিকার এবং বাংলাদেশের যৌতুক প্রথা আর এসিড-সন্ত্রাস নিয়ে তিনটি প্রবন্ধ লিখেছেন। নারীদের সাম্প্রতিক বিভিন্ন বিষয় ও চ্যালেঞ্জ নিজের লেখার মধ্য দিয়ে তুলে ধরতে চান। সে জন্যই সাংবাদিকতার ওপর একটি আন্তর্জাতিক কর্মশালায় যোগ দিতে কৌশালইয়া গিয়েছিলেন কানাডায়। লেখালেখিকে ঘিরেই বিষয় ও বিষয়ের সঙ্গে সম্পৃক্ত মানুষের অনেক কাছে যেতে পেরেছেন তিনি। ভবিষ্যতে জাতিসংঘে আন্তর্জাতিক উন্নয়ন প্রকল্পে কাজ করতে চান। সিংহলি হয়েও কৌশালইয়া আরও কাজ করেছেন শ্রীলঙ্কার গৃহযুদ্ধোত্তর শান্তি নির্মাণে প্রত্যন্ত তামিল গ্রামে। গ্রামবাসীর পাশাপাশি এটি তাঁদের অভিভাবকদেরও অনুপ্রাণিত করেছে। এ ধরনের প্রচেষ্টা অবশ্যই ওই জনপদে তামিল ও সিংহলিদের দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করবে বলে মনে করেন তিনি। তিনজনের কাছেই নানা সংস্কৃতি, নানা জাতির মানুষের কাছে চলে আসা এইউডব্লিউ-জীবনকে অনেক ভালো লাগে। সব বিভেদের দেয়াল ভেঙে তাই আজ ওঁদের নানা দেশে অনেক বন্ধু।